আপনি পড়ছেন

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও চরম আবহাওয়ার মারাত্মক ঝুঁকি মোকাবিলায় ৫০ কোটি ডলারের একটি আঞ্চলিক জলবায়ু সহনশীলতা তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলো। বৈশ্বিক উষ্ণায়নের সরাসরি ঝুঁকিতে থাকা এই দেশগুলোর সুরক্ষায় আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন প্রাপ্তি সহজ করার জোর দাবি উঠেছে। মঙ্গলবার তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এর ফাঁকে এ তথ্য তুলে ধরা হয়।

সমুদ্রের গ্রাস ঠেকাতে ৫০ কোটি ডলারের তহবিল চায় দ্বীপরাষ্ট্রগুলো
জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উপকূলবর্তী দ্বীপগুলোর অস্তিত্ব সংকটে পড়েছে

সম্মেলনে আনাদোলু এজেন্সিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে জলবায়ু অর্থায়ন প্রাপ্তি বিষয়ক কপ৩১-এর দূত এবং পাপুয়া নিউ গিনির পরিবেশ বিষয়ক বিশেষ দূত রুল ইয়ামুনা এ তহবিলের গুরুত্ব ব্যাখ্যা করেন। তিনি জানান, প্যাসিফিক রেজিলিয়েন্স ফ্যাসিলিটি বা পিআরএফের মূলধন বৃদ্ধি করাই এই সম্মেলনে তাদের প্রধান অগ্রাধিকার।

তহবিলের লক্ষ্যমাত্রা সম্পর্কে ইয়ামুনা বলেন, ‘পিআরএফের জন্য আমাদের লক্ষ্য ৫০ কোটি ডলার।’ তিনি উল্লেখ করেন, এই অর্থ গোটা অঞ্চলের সামগ্রিক জলবায়ু চাহিদার তুলনায় যথেষ্ট নয়। তবে স্থানীয় পর্যায়ে পরিচালিত ছোট ছোট উদ্যোগ ও প্রকল্প বাস্তবায়নের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সূচনা।

চলতি সপ্তাহের শেষভাগে একটি অনুদান প্রতিশ্রুতি অনুষ্ঠান আয়োজনের আশা প্রকাশ করেন তিনি। এর আগে ফিজিতে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক বৈঠক থেকে তহবিলের জন্য অতিরিক্ত ছয়টি দেশের প্রতিশ্রুতি পাওয়া গিয়েছিল।

জলবায়ু সংকটের অগ্রভাগে থাকা সত্ত্বেও তহবিল প্রাপ্তিতে চরম বৈষম্যের অভিযোগ করেন ইয়ামুনা। তিনি বলেন, ‘যেসব দেশ সংকটের একেবারে সম্মুখভাগে রয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর সুরক্ষায় আন্তর্জাতিক বরাদ্দ সরাসরি তাদের কাছে পৌঁছাচ্ছে না।’

ছোট দ্বীপরাষ্ট্রগুলোর জন্য আন্তর্জাতিক তহবিলের অর্থ পাওয়ার ক্ষেত্রে প্রধান বাধাগুলোর কথাও তুলে ধরেন তিনি। তিনি জানান, আন্তর্জাতিক অর্থায়নের শর্ত পূরণ করে প্রকল্প প্রস্তাব তৈরির মতো কারিগরি দক্ষতার তীব্র সংকট রয়েছে এই অর্থনীতিগুলোতে। এমনকি কিছু দেশের সরকারি দপ্তরে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলানোর জন্য মাত্র এক বা দুজন কর্মকর্তা রয়েছেন।

জলবায়ু তহবিলের অর্থ সরাসরি ব্যবহারের জন্য প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মাত্র কয়েকটি স্থানীয় প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক স্বীকৃতি রয়েছে। ফলে দেশগুলোকে প্রস্তাব তৈরি ও তা জমা দেওয়ার জন্য জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (ইউএনইপি) কিংবা বিশ্বব্যাংকের মতো আন্তর্জাতিক সংস্থার ওপর পুরোপুরি নির্ভর করতে হয়।

তহবিল ছাড়ের জটিলতা নিয়ে অসন্তোষ প্রকাশ করে ইয়ামুনা জানান, অর্থায়নের পূর্ণাঙ্গ প্রস্তাব তৈরি করতে ১২ থেকে ২৪ মাস পর্যন্ত সময় লেগে যায়। গ্রিন ক্লাইমেট ফান্ডের নয় থেকে বারো মাসের নির্দিষ্ট সময়সীমাও বাস্তবে কার্যকর করা কঠিন। অর্থায়ন প্রক্রিয়া সহজ করতে এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কাছে দ্রুত সহায়তা পৌঁছে দিতে অবিলম্বে সংস্কার প্রয়োজন।

দেরিতে তহবিল পাওয়ার কারণে দ্বীপ অঞ্চলের মানুষ মারাত্মক ক্ষতির মুখে পড়ছে উল্লেখ করে ইয়ামুনা বলেন, ‘জলবায়ু পরিবর্তন কোনো ভাবগত বিষয় নয়, কিংবা এটি আগামী ৫ বা ১০ বছর পর ঘটবে এমনও নয়। সংকট এখনই শুরু হয়ে গেছে।’ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, কৃষিজমি তলিয়ে যাওয়া এবং লাগাতার বৈরী আবহাওয়ার কারণে বহু জনপদ এখন চরম হুমকির মুখে।

নিচু প্রবালপ্রাচীর এলাকার বহু মানুষ বাধ্য হয়ে স্থানান্তর ও পুনর্বাসনের পথ খুঁজছেন। তিনি বলেন, ‘অনেকেই নিজেদের ভিটেমাটি ছাড়তে চান না, কিন্তু তাদের জায়গা নিচু হওয়ায় জমি ইতিমধ্যে পানির নিচে তলিয়ে গেছে। ফলে তাদের সামনে আর কোনো উপায় নেই।’ ক্ষতিগ্রস্তদের রক্ষায় অর্থায়ন ও প্রযুক্তি স্থানান্তরের ওপর জোর দিয়ে তিনি টুভালুর ভূমি পুনরুদ্ধারের উদাহরণ দেন।

সহনশীলতা তহবিলের বাইরে ফিজি ও টুভালুর বৈঠকের ভিত্তিতে তৈরি ‘অ্যাক্সেস টু ফাইন্যান্স স্টেটমেন্ট অ্যান্ড অ্যাকশন প্ল্যান’ কার্যকরের দাবি জানান ইয়ামুনা। অস্ট্রেলিয়ার জলবায়ু পরিবর্তন ও জ্বালানিমন্ত্রী ক্রিস বাওয়েনের ঘোষিত এই উদ্যোগের মাধ্যমে অর্থপ্রাপ্তির দীর্ঘদিনের বাধাগুলো দূর করার লক্ষ্য নেওয়া হয়েছে।

চলতি সপ্তাহে এ সংক্রান্ত আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের প্রত্যাশা জানিয়ে ইয়ামুনা বলেন, ‘অর্থায়ন প্রক্রিয়াকে সহজ, সুলভ ও কার্যকর করার প্রয়োজনীয় সংস্কারের দিকে আমরা তাকিয়ে আছি।’

সম্মেলনে তুরস্ক, অস্ট্রেলিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের যৌথ অংশীদারিত্বকে তিনি স্বাগত জানান। একই সঙ্গে তুরস্কের পরিবেশ, নগর ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মুরাত কুরুম এবং অস্ট্রেলিয়ার মন্ত্রী ক্রিস বাওয়েনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এ প্রসঙ্গে ইয়ামুনা বলেন, ‘প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতিনিধি হিসেবে আমাদের সমস্যাগুলো বিশ্বমঞ্চে তুলে ধরতে তুরস্ক ও অস্ট্রেলিয়ার মতো সহযোগীদের পাশে পাওয়া অত্যন্ত গর্বের বিষয়।’

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.