আপনি পড়ছেন

বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে যাচাই-বাছাই শেষে ৬ হাজার ৪৭৬ জন বীর মুক্তিযোদ্ধার গেজেট বাতিল করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। বুধবার জাতীয় সংসদ অধিবেশনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মশিউর রহমান খানের প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আযম খান এই তথ্য জানান। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে ওই প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ পড়েছেন সাড়ে ৬ হাজার, সংসদে জানালেন মন্ত্রী
আহমেদ আযম খান

মুক্তিযুদ্ধমন্ত্রী উল্লেখ করেন, দেশে বর্তমানে ভাতাভোগী বীর মুক্তিযোদ্ধার মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৬ হাজার ৫৩৬ জনে। তালিকায় স্বচ্ছতা নিশ্চিত করতে এবং ভুয়া মুক্তিযোদ্ধা বাদ দিতে অভিযোগ পর্যালোচনার পর এসব গেজেট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ইকরামুল বারী টিপুর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন এবং বীর মুক্তিযোদ্ধাদের নির্ভুল তথ্যভাণ্ডার নিশ্চিত করার কাজ অগ্রাধিকার ভিত্তিতে চলছে। এ ছাড়া রাজাকার, আলবদর, আলশামসসহ মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের তালিকা তৈরির বিষয়টি সরকার পরবর্তী সময়ে বিবেচনা করবে।

তালিকা নির্ভুল করার প্রক্রিয়া নিয়ে কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মোজাহিদ ও সংসদ সদস্য মারদিয়া মমতাজের পৃথক প্রশ্নের উত্তরে আহমেদ আযম খান জানান, একটি গ্রহণযোগ্য পদ্ধতি নির্ধারণে সুশীল সমাজ, শিক্ষাবিদ, গবেষক, সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে ইতোমধ্যে একাধিক গোলটেবিল বৈঠক সম্পন্ন হয়েছে। ভবিষ্যতে আরও সভার মাধ্যমে অংশীজনদের সুপারিশ নিয়ে শহীদ ও মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা তৈরির কার্যকর কৌশল নির্ধারণ করা হবে। এর ফলে একটি বস্তুনিষ্ঠ ও গবেষণাভিত্তিক তালিকা প্রস্তুত হবে বলে মন্ত্রণালয় প্রত্যাশা করে।

এদিকে সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম খানের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের দ্বিতীয় পর্যায় শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে নতুন একটি প্রকল্প প্রস্তাব পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। প্রস্তাবটি অনুমোদন পেলে আরও ২৫ হাজার বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার আবাসন সুবিধা পাবে।

মন্ত্রী আরও জানান, পূর্ববর্তী প্রকল্পে জমির মালিকানা সংক্রান্ত জটিলতার কারণে অনেক যোগ্য ব্যক্তি সুযোগ থেকে বঞ্চিত হয়েছিলেন। সেই অভিজ্ঞতা থেকে এবার নিজস্ব জমি থাকা প্রকৃত মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই করে তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী বছর থেকেই দ্বিতীয় পর্যায়ের কাজ মাঠে গড়াবে।

চিকিৎসাসেবার বিষয়ে সংসদে জানানো হয়, নির্ধারিত নীতিমালা অনুযায়ী বীর মুক্তিযোদ্ধা ও তাদের সহযোগীরা উপজেলা পর্যায়ের হাসপাতালে বছরে সর্বোচ্চ ১০ হাজার, জেলা পর্যায়ে ২০ হাজার এবং বিভাগীয় পর্যায়ে ৩০ হাজার টাকা পর্যন্ত অনুদান পাচ্ছেন। বিশেষায়িত হাসপাতালে সাধারণ রোগের চিকিৎসার জন্য বছরে সর্বোচ্চ এক লাখ এবং জটিল ব্যাধির ক্ষেত্রে পাঁচ লাখ টাকা পর্যন্ত সরকারি সহায়তা দেওয়া হচ্ছে। বীর মুক্তিযোদ্ধাদের স্বামী বা স্ত্রীর চিকিৎসার ক্ষেত্রেও উপজেলা, জেলা ও বিভাগীয় হাসপাতালে একই হারে এবং বিশেষায়িত হাসপাতালে সাধারণ রোগে সর্বোচ্চ ৫০ হাজার ও জটিল রোগে দুই লাখ টাকা পর্যন্ত অর্থসহায়তা মিলছে। এই সামাজিক নিরাপত্তা সুবিধার পরিধি আরও বাড়ানোর বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে।

কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মাজহারুল ইসলামের প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে তা তুলে ধরতে রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর ও গ্রন্থাগার নির্মাণ করা হয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন ঐতিহাসিক স্থান সংরক্ষণ ও স্মৃতি জাদুঘর নির্মাণ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় পর্যায়ে মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার কাজ চলছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.