আপনি পড়ছেন

জাতীয় হিসাবের নির্ভরযোগ্যতা ও অর্থনৈতিক খাতের প্রকৃত চিত্র তুলে ধরতে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ভিত্তি বছর পরিবর্তনের লক্ষ্যে প্রাথমিক জরিপ শুরু করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। প্রায় এক দশক পর ২০১৪-১৫ অর্থবছরের পরিবর্তে ২০২৫-২৬ অর্থবছরকে নতুন ভিত্তি বছর (বেজ ইয়ার) হিসেবে নির্ধারণের কার্যক্রম নেওয়া হয়েছে।

২০২৫-২৬ অর্থবছরকে ভিত্তি বছর ধরে জিডিপি হিসাব করবে সরকার
জিডিপি। প্রতীকী ছবি

বুধবার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় পরিসংখ্যান উপদেষ্টা পরিষদের (এনএসিএস) ২০২৬-২৭ অর্থবছরের প্রথম সভায় এই পদক্ষেপের কথা জানানো হয়। সভায় উল্লেখ করা হয়, জাতীয় হিসাবের স্বচ্ছতা নিশ্চিত করতে জিডিপির একটি ফরেনসিক অডিট সম্পন্ন করে বিশেষজ্ঞ কমিটি খসড়া প্রতিবেদন জমা দিয়েছে এবং সেই অনুযায়ী প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় পরিসংখ্যান ব্যবস্থার আধুনিকায়ন পর্যালোচনা করা হয়।

বিবিএস কর্মকর্তারা জানান, নতুন ভিত্তি বছর চূড়ান্ত হলে প্রাক্কলনে হালনাগাদ তথ্য ব্যবহারের সুযোগ তৈরি হবে, যা সামগ্রিক অর্থনীতির আকার নিরূপণে ভূমিকা রাখবে। পাশাপাশি পরিসংখ্যান সংক্রান্ত আইনি কাঠামোকে আন্তর্জাতিক মানে নিতে 'পরিসংখ্যান আইন-২০১৩' সংশোধনের প্রস্তাব তৈরি করা হচ্ছে। বিশেষজ্ঞ কমিটির সুপারিশে এতে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল সিস্টেম (এনএসএস), ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস, প্রশাসনিক উপাত্ত, বিগ ডেটা এবং জাতিসংঘের আনুষ্ঠানিক স্ট্যাটিস্টিকসের মৌলিক নীতিমালা (এফপিওএস) যুক্ত করার কথা বলা হয়েছে।

সভায় জাতীয় পরিসংখ্যান উন্নয়ন কৌশলপত্র (এনএসডিএস) ২০২৬-৩০ প্রণয়নের অগ্রগতির তথ্য তুলে ধরা হয়। সরকারের পাঁচ বছর মেয়াদি কৌশলগত সংস্কার ও উন্নয়ন কাঠামো (জুলাই ২০২৬-জুন ২০৩১), নির্বাচনী ইশতেহার এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) সঙ্গে সামঞ্জস্য রেখে কৌশলপত্রটি প্রস্তুত করা হচ্ছে। এছাড়া মাঠপর্যায়ে ট্যাব ও কম্পিউটারের মাধ্যমে 'সিএপিআই' পদ্ধতিতে তথ্য নেওয়া হচ্ছে, যা নেটওয়ার্ক অপারেশনস সেন্টারের (এনওসি) ড্যাশবোর্ড দিয়ে সরাসরি পর্যবেক্ষণ করা হয়।

সব ধরনের শুমারি ও জরিপের তথ্য কেন্দ্রীয়ভাবে সংরক্ষণে ইন্টিগ্রেটেড স্ট্যাটিস্টিক্যাল ডেটা ওয়্যারহাউস (আইএসডিডব্লিউ) স্থাপনের মাস্টার প্ল্যান চূড়ান্ত করা হয়েছে। গবেষকদের সুবিধার জন্য বিবিএসে চালু করা হয়েছে মাইক্রোডেটা অ্যানালাইসিস ল্যাব (এমএএল) এবং 'ডেটা ও মাইক্রোডেটা প্রকাশ ও প্রবেশাধিকার নীতিমালা-২০২৬'-এর খসড়া সম্পন্ন হয়েছে।

ভোক্তা মূল্যসূচকের (সিপিআই) নির্ভুলতা নিশ্চিত করতে স্যাম্পল সাইজ ও বাজার পর্যালোচনায় একটি কারিগরি কমিটি কাজ করছে, যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাড়াও বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ (বিআইডিএস) ও সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) বিশেষজ্ঞরা রয়েছেন। এর অংশ হিসেবে চালের বাজারমূল্য পর্যবেক্ষণে খাদ্য অধিদপ্তরের সঙ্গে যৌথ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর বাইরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-২০২৬, যাত্রীবাহী নৌযান শুমারি-২০২৬ এবং পর্যটন খাতের অবদান সংক্রান্ত জরিপের মাঠপর্যায়ের কাজ চলমান রয়েছে।

জনশুমারি, খানা আয়-ব্যয় জরিপ (এইচআইইএস), শ্রমশক্তি জরিপ (এলএফএস) এবং নমুনা ভাইটাল স্ট্যাটিস্টিকস রেজিস্ট্রেশন সিস্টেম (এসভিআরএস)-এর মতো নিয়মিত পরিসংখ্যানিক কাজের ধারাবাহিকতা বজায় রাখতে স্থায়ী রাজস্ব বরাদ্দ দেওয়ার ওপর সভায় জোর দেওয়া হয়। একই সঙ্গে পরিসংখ্যানের মান ও স্বচ্ছতা নিশ্চিত করতে বিবিএস সংস্কার টাস্কফোর্সের সুপারিশ বাস্তবায়ন এবং সংস্থাটির প্রশাসনিক ও জনবল কাঠামো শক্তিশালী করার সিদ্ধান্ত হয়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.