ইসলামী ব্যাংকের অনুমোদিত মূলধন বাড়ছে পাঁচ গুণ
খেলাপি ঋণের কারণে তৈরি হওয়া মূলধন ঘাটতি মেটাতে অনুমোদিত মূলধন পাঁচ গুণ বাড়ানোর অনুমোদন পেয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ। ব্যাংকটির অনুমোদিত মূলধন ২ হাজার কোটি টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার কোটি টাকা করার বিষয়ে অনাপত্তি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ৪ নভেম্বর ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এই প্রস্তাবটি অনুমোদন পায়।

বর্তমানে ব্যাংকটির পরিশোধিত মূলধনের পরিমাণ ১ হাজার ৬০৯ কোটি টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দেওয়া এক তথ্যে ব্যাংকটি জানায়, মূলধন বৃদ্ধির এই সিদ্ধান্ত বাস্তবায়নে সংঘস্মারক ও সংঘবিধিতে প্রয়োজনীয় সংশোধনী আনতে হবে। এ ছাড়া শেয়ারধারীদের অনুমোদনের জন্য একটি বিশেষ সাধারণ সভা (ইজিএম) এবং সংশ্লিষ্ট অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার চূড়ান্ত অনুমোদনের প্রয়োজন হবে।
ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কামাল উদ্দিন জসিম জানান, খেলাপি ঋণ বেড়ে যাওয়ায় যে মূলধন ঘাটতি তৈরি হয়েছে, তা কাটাতে এই পদক্ষেপ সহায়তা করবে। এর ফলে ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ আর্থিক সূচকও শক্তিশালী হবে। বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, কেন্দ্রীয় ব্যাংক অনাপত্তিপত্র দিলেও যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর (আরজেএসসি) এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চূড়ান্ত অনুমোদনের বাধ্যবাধকতা রয়েছে।
নিয়ম অনুযায়ী, প্রস্তাবিত ১০ হাজার কোটি টাকার অনুমোদিত মূলধনের বিপরীতে ব্যাংকটির অন্তত ৫ হাজার কোটি টাকার প্রতিশ্রুত মূলধন (সাবস্ক্রাইবড ক্যাপিটাল) এবং ২ হাজার ৫০০ কোটি টাকার পরিশোধিত মূলধন থাকতে হবে। তবে শেয়ারবাজারের বর্তমান দুর্বল পরিস্থিতিতে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) বা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে তহবিল সংগ্রহ করা বাস্তবসম্মত নয় বলে মনে করছেন ওই কর্মকর্তা। তার মতে, সরকার সরাসরি ব্যাংকে মূলধন জোগান দিতে পারে অথবা ব্যাংকটি রাইট শেয়ার ইস্যু করতে পারে।
ব্যাংকটির একজন কর্মকর্তা জানান, ইসলামী ব্যাংকের ১ হাজার ৬০০ কোটি টাকার পরিশোধিত মূলধনের প্রায় ৮২ শতাংশ সরাসরি ও বেনামে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে রয়েছে, যা আদালতের আদেশে স্থগিত আছে। পরিশোধিত মূলধন বাড়ানো হলে ব্যাংকটিতে তাদের শেয়ারের অংশ কমে যাবে। তবে নতুন শেয়ার বিক্রির ক্ষেত্রে বেনামি মালিকানা ঠেকাতে কঠোর নজরদারি প্রয়োজন। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) তদন্তে দেখা গেছে, ২০১৬-১৭ সালে ২২টি ভুয়া ও সন্দেহভাজন প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যাংকটির ৭২ শতাংশ শেয়ার কবজায় নিয়েছিল এস আলম গ্রুপ।
২০১৭ থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত ব্যাংকটি নিয়ন্ত্রণে রেখে বিভিন্ন কাগুজে প্রতিষ্ঠানের মাধ্যমে এস আলম গ্রুপ প্রায় ৮৮ হাজার কোটি টাকা সরিয়ে নেয়, যা পরবর্তী সময়ে খেলাপি ঋণে পরিণত হয়। এর প্রভাবে চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রথম নয় মাসে ব্যাংকটির কর-পরবর্তী নিট লোকসান দাঁড়িয়েছে ৩ হাজার ৩০৩ কোটি টাকায়। অথচ গত বছরের একই সময়ে ব্যাংকটি প্রায় ৭৯ কোটি টাকা মুনাফা করেছিল। কেবল অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) লোকসান হয়েছে ১ হাজার ৯৭৬ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর শেষে ইসলামী ব্যাংকের মোট ঋণের পরিমাণ দাঁড়ায় ১ লাখ ৮১ হাজার ৮৬০ কোটি টাকা। এর মধ্যে ১ লাখ ৬ হাজার কোটি টাকাই খেলাপি হয়ে গেছে, যা মোট বিতরণ করা ঋণের অর্ধেকেরও বেশি। বিপুল পরিমাণের এই খেলাপি ঋণের বিপরীতে ব্যাংকটিতে বর্তমানে ৮৫ হাজার ৮৮৬ কোটি টাকার প্রভিশন ঘাটতি রয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.