আপনি পড়ছেন

ঢাকা-গাজীপুর বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের অবকাঠামো নির্মাণ প্রায় শেষ করে নির্ধারিত বাস লেন বিলুপ্ত করার সরকারি সিদ্ধান্তকে আধুনিক গণপরিবহন থেকে পশ্চাদপসরণ ও টেকসই নগর–পরিকল্পনার পরিপন্থী বলে আখ্যা দিয়েছেন বিশেষজ্ঞরা। প্রায় ২ হাজার ৮০০ কোটি টাকা ব্যয়ে ৯৭ শতাংশ অবকাঠামো তৈরির পর বাস না কিনে সড়কটিকে সাধারণ হাইওয়েতে রূপান্তরের এই পদক্ষেপকে তারা যুক্তিহীন ও আত্মঘাতী হিসেবে চিহ্নিত করেছেন।

বিআরটি প্রকল্প বাতিলের সিদ্ধান্তকে ‘আত্মঘাতী’ বলছেন বিশেষজ্ঞরা
বিআরটি প্রকল্পের টঙ্গী আবদুল্লাহপুর চৌরাস্তা

গত ১৮ অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে বিআরটি লেন বাদ দিয়ে পুরো সড়কটিকে ৩+৩ লেনের সাধারণ মহাসড়কে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়। এর প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি), বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট, ওয়ার্কস ফর আ বেটার বাংলাদেশ ট্রাস্ট এবং গাজীপুর ঐতিহ্য ও উন্নয়ন।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, আধুনিক নগর–পরিকল্পনায় ব্যক্তিগত গাড়ির বদলে দ্রুতগতির নির্ধারিত বাস লেনকে প্রাধান্য দেওয়া হয়। সেই ব্যবস্থা ভেঙে প্রচলিত সড়কে ফিরে যাওয়া দীর্ঘমেয়াদে যানজট বাড়িয়ে তুলবে। প্রকল্পে কোনো অনিয়ম বা কারিগরি ত্রুটি থাকলে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনা প্রয়োজন, কিন্তু ব্যবস্থার ওপর দায় চাপিয়ে পুরো প্রকল্প বাতিল করা কোনো সমাধান নয়।

বিআইপির সভাপতি নগর–পরিকল্পনাবিদ মুহাম্মদ আরিফুল ইসলাম বলেন, প্রায় পুরো অবকাঠামো শেষ করার পর সেবা চালু না করেই বিআরটি বাদ দেওয়ার সিদ্ধান্তটি প্রশ্নবিদ্ধ। সরকারের উচিত সিদ্ধান্ত নেওয়ার আগে আর্থিক ও পরিচালনগত ক্ষতি, যাত্রীদের সময় সাশ্রয় এবং পরিবেশগত সুবিধার নিরপেক্ষ মূল্যায়ন করা। কোনো কারিগরি ভুল বা অনিয়ম থাকলে আন্তর্জাতিক মানদণ্ডে তৃতীয় পক্ষের মাধ্যমে তদন্ত করে বিআরটি লেন বহাল রেখেই করিডরটি চালু করা দরকার।

পরিবহন বিশেষজ্ঞ প্রকৌশলী মাহবুবুল বারী সাধারণ সড়কব্যবস্থায় ফেরার প্রক্রিয়াকে সরাসরি আত্মঘাতী আখ্যা দিয়ে বলেন, বুয়েটসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সমীক্ষায় প্রকল্পটি আর্থিক ও কারিগরিভাবে সম্ভাবনাময় হিসেবে প্রমাণিত হয়েছে। এই করিডরের সঙ্গে আরও ছয়টি বাস রুট সমন্বয়ের পরিকল্পনা ছিল। মূল বিআরটি বাতিল হলে সেই নেটওয়ার্কের ভবিষ্যৎও অনিশ্চয়তায় পড়বে। অন্যদিকে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক অধ্যাপক মাসুদুর রশিদ উল্লেখ করেন, সম্ভাব্যতা যাচাইয়ের পর আবার নতুন সমীক্ষার অজুহাতে প্রকল্প বাতিল যৌক্তিক নয়। নকশাগত কোনো ত্রুটি থাকলে কারিগরি সমাধানের মাধ্যমেই এটিকে কার্যকর নগর অবকাঠামোয় রূপ দেওয়া সম্ভব।

গাজীপুর ঐতিহ্য ও উন্নয়নের সভাপতি প্রকৌশলী শামসুল হক দীর্ঘসূত্রতা তুলে ধরে জানান, ২০১২ সালে শুরু হওয়া এই প্রকল্প ১৪ বছরেও শেষ করা যায়নি, যেখানে পাকিস্তানের পেশোয়ারে ২৮ কিলোমিটার বিআরটি মাত্র দুই বছরে সম্পন্ন হয়েছে। তিনি বলেন, এতদিন ভোগান্তি সওয়ার পর এখন বাস লেন বাতিল হলে করিডরের ২৫টি স্টেশনের বিশেষ পারাপার সুবিধা বন্ধ হয়ে যাবে, যার ফলে নারী ও প্রতিবন্ধী ব্যক্তিদের যাতায়াতে সমস্যা সৃষ্টি হবে। যারা নিজেরা গণপরিবহন ব্যবহার করেন না, তারা এমন সিদ্ধান্ত নিচ্ছেন বলে তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানের সঞ্চালক বিআইপির সাধারণ সম্পাদক অধ্যাপক মুসলেহ উদ্দিন হাসান জানান, বিআরটি ব্যবস্থা ছাড়া কেবল বাস ফ্র্যাঞ্চাইজি দিয়ে পরিবহন সমস্যার সমাধান সম্ভব নয়। এ বিষয়ে তারা সরাসরি সরকারপ্রধানের সঙ্গে আলোচনার সুযোগ চান। আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতা রুহিন হোসেন প্রিন্স মেগা প্রকল্পের ভবিষ্যৎ সম্পর্কে সাধারণ মানুষকে তথ্য না দেওয়ার সমালোচনা করেন। তিনি অনিয়মের তদন্ত করে নিরপেক্ষ বিশেষজ্ঞদের মাধ্যমে শ্বেতপত্র প্রকাশের দাবি তোলেন।

সংবাদ সম্মেলন থেকে সরকারের নেওয়া সিদ্ধান্ত পুনর্বিবেচনা, অনিয়মের বিরুদ্ধে স্বাধীন তদন্ত কমিশন গঠন ও শ্বেতপত্র প্রকাশ, বিমানবন্দর–গাজীপুর করিডরকে 'আরবান আরটারি' ঘোষণা এবং দেশজুড়ে বিআরটি নেটওয়ার্ক সম্প্রসারণসহ আট দফা দাবি তুলে ধরা হয়।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.