ছয় বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৪৫ হাজার মানুষের
চালকদের শারীরিক ও মানসিক ক্লান্তি, অনিয়ন্ত্রিত কর্মঘণ্টা এবং অতিরিক্ত গতির কারণে দেশের সড়ক যোগাযোগে প্রাণহানি বাড়ছে। ২০২০ থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত ছয় বছরে সড়ক দুর্ঘটনায় ৪৫ হাজার ২৫২ জন নিহত হয়েছেন। ৯টি জাতীয় দৈনিক, ১৭টি অনলাইন নিউজ পোর্টাল, ইলেকট্রনিক গণমাধ্যম ও নিজস্ব তথ্যের সমন্বয়ে তৈরি প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে রোড সেফটি ফাউন্ডেশন (আরএসএফ)।

সংস্থাটির পর্যবেক্ষণে বলা হয়, অধিকাংশ দূরপাল্লার বাস ও পণ্যবাহী যানবাহনের চালক সুনির্দিষ্ট কর্মঘণ্টা এবং পর্যাপ্ত পারিশ্রমিক ছাড়া একটানা দায়িত্ব পালন করেন। পর্যাপ্ত বিশ্রামের অভাবে চালকেরা শারীরিকভাবে অবসন্ন হয়ে পড়েন, যা পরবর্তীতে সড়কে বেপরোয়া গতিতে গাড়ি চালানো এবং নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। এর সঙ্গে যুক্ত হয়েছে মেয়াদোত্তীর্ণ ও ত্রুটিপূর্ণ যানবাহন, মহাসড়কে ধীরগতির যান চলাচল, দুর্বল সড়ক অবকাঠামো এবং ট্রাফিক আইন না মানার প্রবণতা। একই সঙ্গে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রাতিষ্ঠানিক সক্ষমতার ঘাটতি এবং গণপরিবহন খাতে চাঁদাবাজিও সড়ক শৃঙ্খলার অন্যতম অন্তরায় হিসেবে প্রতিবেদনে চিহ্নিত করা হয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত দেশে ৩৮ হাজার ৩৫৭টি সড়ক দুর্ঘটনায় ৪০ হাজার ৬০৫ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ৬৭ হাজার ৩৬৪ জন। এর বাইরে ২০২৬ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসে ৫ হাজার ৯৩টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ৪ হাজার ৬৪৭ জন। বছরভিত্তিক হিসাবে দেখা যায়, ২০২০ সালে ৪ হাজার ৭৩৫টি দুর্ঘটনায় ৫ হাজার ৪৩১ জন নিহত ও ৭ হাজার ৩৭৯ জন আহত হন। ২০২১ সালে ৫ হাজার ৩৭১টি দুর্ঘটনায় ৬ হাজার ২৮৪ জন নিহত এবং ৭ হাজার ৪৬৮ জন আহত হন। ২০২২ সালে দুর্ঘটনা বেড়ে দাঁড়ায় ৬ হাজার ৮২৯টিতে, যেখানে প্রাণ হারান ৭ হাজার ৭১৩ জন এবং আহত হন ১২ হাজার ৬১৫ জন।
২০২৩ সালে ৬ হাজার ৯১১টি দুর্ঘটনায় ৬ হাজার ৫২৪ জন নিহত ও ১১ হাজার ৪০৭ জন আহত হন। ২০২৪ সালে সংঘটিত ৬ হাজার ৯২৭টি দুর্ঘটনায় ৭ হাজার ২৯৪ জনের মৃত্যু ঘটে এবং আহত হন ১২ হাজার ১৯ জন। ২০২৫ সালে দুর্ঘটনার সংখ্যা ছিল সর্বোচ্চ; সে বছর ৭ হাজার ৫৮৪টি দুর্ঘটনায় ৭ হাজার ৩৫৯ জন প্রাণ হারান এবং ১৬ হাজার ৪৭৬ জন আহত হন। আর ২০২৬ সালের প্রথম ১০ মাসের মধ্যে মে মাস ছিল সবচেয়ে প্রাণঘাতী। ওই এক মাসেই ৬১৪টি দুর্ঘটনায় ৫৯৮ জনের মৃত্যু হয়। এ ছাড়া মার্চে ৫৭৬টি দুর্ঘটনায় ৫৩২ জন এবং জানুয়ারিতে ৫৫৯টি দুর্ঘটনায় ৪৮৭ জন নিহত হন।
আরএসএফের পৃথক এক পরিবারভিত্তিক বিশ্লেষণে উঠে এসেছে, গত ৬ বছর ১০ মাসে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০টি পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে। এর মধ্যে অটোরিকশা দুর্ঘটনায় স্বজন হারানোর ঘটনা সবচেয়ে বেশি। ৫২৫টি অটোরিকশা দুর্ঘটনায় একই পরিবারের ১ হাজার ৭২৮ জন সদস্য মারা গেছেন। এর মধ্যে ২১১টি ঘটনায় পরিবারের দুজন, ১১৮টি ঘটনায় তিনজন, ৯২টি ঘটনায় চারজন, ৫৩টি ঘটনায় পাঁচজন, ৩৮টি ঘটনায় ছয়জন এবং ১৩টি ঘটনায় সাতজন করে সদস্য নিহত হন।
মোটরসাইকেল দুর্ঘটনায় নিহতের পরিসংখ্যানে দেখা যায়, ১৯৩টি ঘটনায় স্বামী-স্ত্রীসহ ৩৮৬ জন এবং ১৫৯টি ঘটনায় বাবা-সন্তানসহ ৩১৮ জন প্রাণ হারিয়েছেন। এ ছাড়া ১৮৬টি মাইক্রোবাস দুর্ঘটনায় একই পরিবারের একাধিক সদস্যসহ মোট ৭০৮ জন নিহত হন। এর মধ্যে চারটি ঘটনায় ১১ জন করে এবং একটি ঘটনায় একই পরিবারের ১৪ জন সদস্যের মৃত্যু হয়। প্রাইভেট কারের ১০৮টি দুর্ঘটনায় ৩৫২ জন, ৪৫টি অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় ১৬২ জন, ৩২টি বাস দুর্ঘটনায় ৮৫ জন এবং পিকআপ ভ্যান উল্টে একই পরিবারের চার সদস্য নিহত হয়েছেন।
পরিস্থিতি পর্যালোচনায় আরএসএফের নির্বাহী পরিচালক সাইদুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে এবং একই সঙ্গে পুরো পরিবার নিশ্চিহ্ন হওয়ার ঘটনাও বাড়ছে। অতিরিক্ত গতিতে নিয়ন্ত্রণ হারানোর ফলেই অধিকাংশ দুর্ঘটনা ঘটছে বলে তিনি উল্লেখ করেন।
সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে চালকদের প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ, নির্দিষ্ট কর্মঘণ্টা নির্ধারণ, প্রযুক্তিনির্ভর ট্রাফিক নজরদারি জোরদার এবং সড়ক পরিবহন আইন-২০১৮-এর কঠোর বাস্তবায়নের সুপারিশ করেছে আরএসএফ। সংস্থাটি মহাসড়কে রোড ডিভাইডার স্থাপন, ধীরগতির যানবাহনের জন্য আলাদা সার্ভিস লেন নির্মাণ, রেল ও নৌপথের আধুনিকায়ন এবং চাঁদাবাজি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর জোর দিয়েছে।
এদিকে সড়ক দুর্ঘটনা রোধে সরকার ২০২৭ সালের মধ্যে একটি সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জাতিসংঘে দেওয়া বক্তব্যে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। প্রণীতব্য সড়ক নিরাপত্তা আইন-২০২৬-এর খসড়ায় আহত ব্যক্তিদের জন্য তাৎক্ষণিক জরুরি চিকিৎসা নিশ্চিতকরণ, উদ্ধারকারীদের আইনি সুরক্ষা প্রদান, ট্রাফিক আইন অমান্যের জন্য ডিমেরিট পয়েন্ট চালু এবং বারবার অপরাধকারীদের জন্য দ্বিগুণ শাস্তির বিধান যুক্ত করা হয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.