আপনি পড়ছেন

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় ব্যবধানে জয়ের পর ডেমোক্র্যাটিক পার্টির অভ্যন্তরে নতুন নেতৃত্বের দাবি জোরদার হয়ে উঠেছে। আগামী জানুয়ারি মাসে দলটির বর্তমান কংগ্রেস নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের প্রস্তুতি নিলেও এই বিতর্ক দলের ভবিষ্যৎ গতিপথ নিয়ে নতুন প্রশ্ন তুলেছে। ১২০তম কংগ্রেসের নিয়ন্ত্রণ গ্রহণ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি মোকাবিলায় দলটিকে কারা নেতৃত্ব দেবেন, তা নিয়েই এখন হাউস ও সিনেটে মূল সিদ্ধান্ত নিতে হবে।

মধ্যবর্তী নির্বাচনে জয়ের পর ডেমোক্র্যাটদের নেতৃত্বে বিতর্ক
ওয়াশিংটন ডিসিতে নীল আকাশের নিচে মার্কিন ক্যাপিটল ভবনের সামনের চত্বরে সাধারণ পথচারী ও সাইকেল আরোহী

প্রথাগত ধারণানুযায়ী, প্রতিনিধি পরিষদের মাইনরিটি লিডার হাকিম জেফরিস এবং সিনেটের মাইনরিটি লিডার চাক শুমার নিজ নিজ কক্ষের নেতৃত্বে থাকবেন বলে মনে করা হচ্ছিল। তবে তারা দুজনই প্রগতিশীল কর্মী ও আইনপ্রণেতাদের প্রতিরোধের মুখে পড়েছেন। দলের একটি অংশ নেতৃত্বে প্রজন্মগত পরিবর্তন এবং ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আরও কঠোর অবস্থানের দাবি জানাচ্ছেন। ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফেরার পর এই প্রথম ডেমোক্র্যাটরা কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে।

রাজনৈতিক বিশ্লেষক এবং ‘ফ্রি লাঞ্চ: হাউ দ্য ওয়েলদিয়েস্ট আমেরিকানস এনরিচ দেমসেলভস অ্যাট গভর্নমেন্ট এক্সপেন্স (অ্যান্ড স্টিক ইউ উইথ দ্য বিল)’ বইয়ের লেখক ডেভিড কে জনস্টন জানান, নির্বাচনে ডেমোক্র্যাটিক সোশ্যালিস্টস অব আমেরিকা (ডিএসএ) সংশ্লিষ্ট প্রার্থীরা বিজয়ী হলেও প্রগতিশীলরা মধ্যপন্থি নেতাদের সরাসরি আটকে দেওয়ার পথে হাঁটবেন না। নিউ ইয়র্কের প্রগতিশীল কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও-করতেজ প্রতিনিধি পরিষদের স্পিকার পদের জন্য হাকিম জেফরিসকে ভোট দেবেন বলে জানিয়েছেন। জনস্টন বলেন, ‘আমার মনে হয় এই মুহূর্তে ডেমোক্র্যাটদের সবচেয়ে কম দরকার নেতৃত্বের লড়াই। আমেরিকায় যেসব ভুল হয়েছে, তা সংশোধনে তাদের এখন কাজে নামা প্রয়োজন।’

সিনেটে প্রায় এক দশক ধরে ডেমোক্র্যাটিক ককাসের শীর্ষে রয়েছেন চাক শুমার। তরুণ ভোটার ও প্রগতিশীল চিন্তাধারায় প্রভাবিত একটি দলের শীর্ষে ৭৫ বছর বয়সী শুমারের অবস্থান নেতৃত্বের পরিবর্তনের দাবিকে আরও জোরালো করেছে। মঙ্গলবার স্বতন্ত্র সিনেটর বার্নি স্যান্ডার্স ঘোষণা দেন, তিনি ডেমোক্র্যাটিক নেতা হিসেবে শুমারের পুনর্নির্বাচনকে সমর্থন করবেন না। এতে শুমারের ওপর চাপ আরও বাড়ে। পাশাপাশি মিশিগানের সিনেটর এলিসা স্লটকিন যে কাউকে সমর্থনের আগে স্পষ্ট প্রশাসনিক রূপরেখা দাবি করেছেন। অন্যদিকে মেরিল্যান্ডের সিনেটর ক্রিস ভ্যান হলেন সিনেট নেতৃত্বের জন্য প্রতিদ্বন্দ্বিতা করার কথা বিবেচনা করছেন, যদিও তিনি আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা করেননি। নবনির্বাচিত মিশিগান সিনেটর আব্দুল এল-সায়েদ প্রকাশ্যে ভ্যান হলেনকে সমর্থন দিয়েছেন।

অবশ্য শুমার নিজের অবস্থান ধরে রাখার বিষয়ে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন এবং অভিজ্ঞ ডেমোক্র্যাট সিনেটরদের সমর্থনও ধরে রেখেছেন। জনস্টন শুমারের ভূমিকার ব্যাখ্যা দিয়ে বলেন, বিভিন্ন পক্ষের মধ্যে সমন্বয় সাধনে শুমার কার্যকর ভূমিকা রেখেছেন। বিরোধী নেতা হিসেবে তিনি সফল ছিলেন এবং সংখ্যাগরিষ্ঠ নেতা হিসেবেও তিনি আইন পাস বা আটকে দেওয়ার জন্য ভোট নিশ্চিত করতে পারদর্শী হবেন। তবে সংখ্যাগরিষ্ঠ সমর্থন নিয়ে কোনো প্রতিদ্বন্দ্বী না এলেও নভেম্বরের নির্বাচনে তরুণদের সক্রিয়তা একসময় নেতৃত্বে পরিবর্তন আনবে বলে মনে করেন জনস্টন। তিনি বলেন, শুমার এমন এক প্রজন্মের প্রতিনিধি, যার পর তরুণ নেতৃত্বের আসা প্রয়োজন। তবে ডেমোক্র্যাট সিনেটরদের মধ্য থেকে বিকল্প কেউ স্পষ্ট হয়ে ওঠার পরেই কেবল এই পরিবর্তন ঘটবে।

প্রগতিশীলদের ইসরায়েল নীতি ও রিপাবলিকান এজেন্ডা বিরোধী প্রচারণার রাজনৈতিক আবহে শুমারের আপসকামিতা তাকে কিছুটা ঝুঁকিতে ফেলেছে। রাজনৈতিক কৌশলবিদ জেমস বাটলার জানান, নিউ ইয়র্কে ডিএসএর প্রভাব বাড়ায় শুমার সেখানে বেশি চাপে রয়েছেন। বাটলারের মতে, বয়স, ইসরায়েল সংক্রান্ত অবস্থান এবং ডিএসএর উত্থান শুমারের অবস্থান নড়বড়ে করেছে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, সিনেট সংখ্যাগরিষ্ঠ নেতা হিসেবে শুমারের টিকে থাকা কঠিন হতে পারে, তবে জেফরিসের সম্ভাবনা তুলনামূলকভাবে ভালো। একই সঙ্গে বাটলার উল্লেখ করেন, এবারের নির্বাচনে শুধু প্রগতিশীল নয়, দেশজুড়ে মধ্যপন্থিদেরও বড় জয় হয়েছে।

বাটলার আরও জানান, ইসরায়েল এবং ইরানের সঙ্গে মার্কিন যুদ্ধ নিয়ে মতবিরোধ নেতৃত্বের বিতর্কে বড় প্রভাব ফেলবে। প্রগতিশীলদের চোখে বর্তমান দুই নেতাই পুরনো ব্যবস্থার অংশ, যা থেকে তরুণ প্রজন্ম সরে আসতে চায়। তরুণ ভোটাররা যুদ্ধবিরোধিতার পাশাপাশি এআইপিএসি-সহ ইসরায়েলপন্থি বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সঙ্গে প্রার্থীদের সম্পর্কের সমালোচনা করছেন। প্রগতিশীল পক্ষ থেকে ইরান যুদ্ধ বন্ধ, কংগ্রেসে কঠোর নজরদারি এবং ইসরায়েলে মার্কিন সামরিক সহায়তায় পরিবর্তনের দাবি উঠেছে। বৃহস্পতিবার জেফরিস গাজা ও অধিকৃত পশ্চিম তীরে বড় পরিবর্তনের দাবি জানান এবং সামরিক সহায়তার মার্কিন-ইসরায়েল সমঝোতা স্মারকে পরিবর্তনের আহ্বান জানান। পাশাপাশি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ও ইরান যুদ্ধের অতিরিক্ত তহবিলের বিরোধিতার কথা পুনর্ব্যক্ত করেন তিনি।

প্রতিনিধি পরিষদে স্পিকার হতে গিয়েও বিরোধিতার মুখে পড়েছেন জেফরিস। তার বিরুদ্ধে অনলাইনে একটি আবেদনে লাখ লাখ মানুষ স্বাক্ষর করেছেন এবং আইনপ্রণেতাদের দপ্তরেও বিরোধিতার ফোন আসছে। ওহাইওর নবনির্বাচিত প্রতিনিধি ডন লিওনার্ডসহ কয়েকজন সদস্য জেফরিসের ইসরায়েল নীতি পরিবর্তনের শর্ত দিয়েছেন। তবে আলেকজান্দ্রিয়া ওকাসিও-করতেজ, গ্রেগ কাসার, প্রমিলা জয়পাল ও রো খান্নার মতো শীর্ষ প্রগতিশীলদের সমর্থন এখনও জেফরিসের পক্ষে রয়েছে। আনুষ্ঠানিকভাবে কেউ তার বিরুদ্ধে দাঁড়াননি। বাটলারের মতে, প্রথম কৃষ্ণাঙ্গ হাউস স্পিকার হওয়ার সম্ভাবনা থাকায় জেফরিসের বিরুদ্ধে অনেকেই হয়তো সরাসরি চ্যালেঞ্জ করবেন না। আগামী সপ্তাহের দলীয় ভোট এবং জানুয়ারিতে পূর্ণাঙ্গ হাউসের নির্বাচনের বিষয়ে জেফরিস নিজে আস্থা প্রকাশ করেছেন। বিশ্লেষকদের মতে, ন্যান্সি পেলোসির মতো দলের মধ্যপন্থি ও বামপন্থিদের একত্র করে এগিয়ে যাওয়ার দক্ষতাই ভবিষ্যৎ ডেমোক্র্যাট নেতৃত্বের সাফল্য নির্ধারণ করবে এবং অভ্যন্তরীণ কোন্দল না থামলে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে দলটি সংকটে পড়তে পারে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.