আপনি পড়ছেন

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে দুই দিনের মার্কিন মধ্যস্থতায় শান্তি আলোচনা শেষ হওয়ার পরপরই আবারও রক্তক্ষয়ী সংঘাতে জড়িয়েছে রাশিয়া ও ইউক্রেন। শুক্রবার রাতভর উভয় দেশের পাল্টাপাল্টি বিমান ও ড্রোন হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। ভয়াবহ এই হামলার জন্য দুই দেশই একে অপরকে দায়ী করছে।

বৈঠকের পরই রাশিয়া ও ইউক্রেনের পাল্টাপাল্টি হামলা, নিহত ৬
ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত একটি বহুতল ভবন

রাশিয়ার ভলগোগ্রাদ অঞ্চলের গভর্নর আন্দ্রে বোচারভ টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে বলেন, ভূপাতিত ইউক্রেনীয় ড্রোনের ধ্বংসাবশেষ আঞ্চলিক রাজধানীর দক্ষিণাঞ্চলীয় শিল্পাঞ্চলের একটি প্রতিষ্ঠানে ও আশপাশের এলাকায় আছড়ে পড়ে। এতে সেখানে বিচ্ছিন্ন অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। প্রাথমিক অবস্থায় কোনো হতাহত বা আবাসিক অবকাঠামোর ক্ষতির খবর পাওয়া না গেলেও পরবর্তীতে তিনি জানান, রাতভর ইউক্রেনীয় হামলায় চারজন নিহত এবং আরও দুজন আহত হয়েছেন।

বোচারভ আরও বলেন, ‘স্বেৎলি ইয়ার এলাকায় তিনটি পাঁচতলা আবাসিক ভবন এবং একটি যুব কেন্দ্রের জানালা ও বারান্দার কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’ ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং ধ্বংসস্তূপ পরিষ্কার ও মেরামতের জন্য পৌর কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এদিকে রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় অঞ্চল রোস্তভের গভর্নর ইউরি স্লিউসার বলেন, রোস্তভ-অন-ডনসহ কয়েকটি জেলায় ড্রোনের ধ্বংসাবশেষের কারণে একজন আহত হয়েছেন। হামলায় আবাসিক ভবন, একটি উৎপাদন কারখানা এবং একটি গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি জানান।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন দাবি করেন, মস্কো অঞ্চলের দিকে ধেয়ে আসার সময় বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় বিকাল ৩টা থেকে শুক্রবার ভোর ৫টার মধ্যে মোট ৪৬৭টি ড্রোন ভূপাতিত করা হয়। রাজধানী মস্কোর কাছাকাছি পৌঁছানোর সময় আরও ১৪৪টি ড্রোন প্রতিহত করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাবি করা হয়, রাশিয়ার ১৭টি অঞ্চলসহ কৃষ্ণসাগর এবং মস্কোর দখলে থাকা ক্রিমিয়ার আকাশ জুড়ে ইউক্রেনের অন্তত ১ হাজার ১৯৮টি ড্রোন ধ্বংস করা হয়েছে।

অন্যদিকে ইউক্রেন দাবি করেছে, তাদের ভূখণ্ড লক্ষ্য করে রাতভর রাশিয়া মোট ১১৭টি ড্রোন নিক্ষেপ করেছিল। এর মধ্যে ৮০টি ড্রোন সফলভাবে ভূপাতিত করার দাবি জানিয়েছে ইউক্রেনের বিমান বাহিনী।

ইউক্রেনের রাজধানী কিয়েভের শেভচেনকিভস্কি জেলায় একটি হাসপাতালে রাশিয়ার হামলায় একজন আহত ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায় দেশটির জরুরি সেবা বিভাগ (ডিএসএনএস)। সংস্থাটি জানায়, ‘চিকিৎসা কেন্দ্রের কর্মীরা ৩০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন। জরুরি সেবা বিভাগের উদ্ধারকারীরা আরও সাতজনকে উদ্ধার করেন।’ পরে হাসপাতালের আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়।

ইউক্রেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় রিভনে অঞ্চলের আঞ্চলিক রাজধানীতে একটি বহুতল ভবনে ড্রোন আঘাত হানলে ছয়জন আহত হন বলে জানান স্থানীয় গভর্নর ওলেকসান্দর কোভাল।

ওদেসা অঞ্চলের গভর্নর ওলেহ কিপার বলেন, সেখানে রুশ হামলায় আবাসিক ভবন ও যাত্রীবাহী গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে একজন নিহত এবং আরও পাঁচজন আহত হন। জরুরি উদ্ধারকারী দল পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। এছাড়া চেরকাসি, দিনিপ্রোপেত্রোভস্ক, খারকিভ, সুমি, ভিনিতসিয়া এবং জাপোরিঝিয়া অঞ্চলের স্থানীয় কর্তৃপক্ষ রাতভর হামলায় ক্ষয়ক্ষতির কথা জানিয়েছে। এর মধ্যে জাপোরিঝিয়া অঞ্চলে হামলায় ১৭ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে।

চলমান যুদ্ধের কারণে উভয় পক্ষের এসব দাবির সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সংযুক্ত আরব আমিরাতে মঙ্গলবার ও বুধবার ওয়াশিংটনের মধ্যস্থতায় শান্তি আলোচনা শেষ হওয়ার মাত্র দুই দিনের মাথায় এই হামলাগুলো হলো। ওই শান্তি বৈঠকে বড় পরিসরে বন্দিবিনিময়ের একটি রূপরেখা তৈরি হয়, যার বিস্তারিত প্রক্রিয়া নিয়ে এখনও আলোচনা চলছে।

গত ফেব্রুয়ারিতে সুইজারল্যান্ডের জেনেভায় রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের বৈঠকের পর এবারই প্রথম ত্রিপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত হলো। আবুধাবির আলোচনায় মার্কিন দূত হিসেবে অংশ নেওয়া স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার বৃহস্পতিবার মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন। পরবর্তীতে একই দিন সন্ধ্যায় আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন তারা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় কুশনার বলেন, মঙ্গলবার থেকে শুরু হওয়া এই আলোচনা উভয় পক্ষের উদ্বেগ অনুধাবন, সম্ভাব্য সমাধান চিহ্নিতকরণ এবং একটি পথ তৈরি করার ক্ষেত্রে ‘অর্থপূর্ণ অগ্রগতি’ এনে দিয়েছে।

তিনি আরও বলেন, ‘উভয় পক্ষই পরবর্তী ধাপের আলোচনা সম্প্রসারিত করতে এবং ইউরোপীয় অংশীদারদের অন্তর্ভুক্ত করতে সম্মত হয়েছে। এর ফলে আমরা ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার ভূখণ্ডগত বিরোধের পাশাপাশি যুদ্ধপরবর্তী ইউরোপীয় নিরাপত্তার সামগ্রিক কাঠামোর বিষয়েও আলোচনা এগিয়ে নিতে পারব।’

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.