আপনি পড়ছেন

আক্কুয়ু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম চুল্লির বাস্তবিক কার্যক্রম আগামী কয়েক সপ্তাহের মধ্যে শুরু করতে যাচ্ছে তুরস্ক। দেশটির জ্বালানি ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী আলপারসলান বায়রাকতার এ তথ্য জানিয়েছেন। জলবায়ু লক্ষ্যমাত্রা অর্জন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে পারমাণবিক শক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।

আক্কুয়ু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম চুল্লি চালুর পথে তুরস্ক
তুরস্কে নির্মাণাধীন আক্কুয়ু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সামগ্রিক নির্মাণযজ্ঞের একটি দৃশ্য

আন্তালিয়ায় অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু সম্মেলনের ফাঁকে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থা রোসাটম আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন। বায়রাকতার জানান, কপ৩১ সম্মেলনে জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে তুরস্ক। এ লক্ষ্যে ২০৩৫ সালের মধ্যে অর্থনীতিতে ৩৫ শতাংশ বিদ্যুতায়ন নিশ্চিত করার যে আহ্বান তুরস্ক জানিয়েছে, তিনি সে বিষয়টিও তুলে ধরেন।

এই লক্ষ্যকে তিনি বেশ চ্যালেঞ্জিং ও উচ্চাভিলাষী বলে বর্ণনা করেন। তিনি জোর দিয়ে বলেন, ২০৫০ সালের মধ্যে বৈশ্বিক কার্বন নিরপেক্ষতা অর্জনের জন্য পারমাণবিক বিদ্যুৎ অপরিহার্য।

পারমাণবিক শক্তি সংক্রান্ত এক প্যানেল আলোচনায় তিনি বলেন, তুরস্কের ক্রমবর্ধমান অর্থনীতি, জনসংখ্যার বৃদ্ধি ও ধারাবাহিক নগরায়ণের কারণে শক্তির চাহিদা বাড়ছে। ফলে সাশ্রয়ী ও নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করা দিন দিন কঠিন হয়ে পড়ছে।

বায়রাকতার উল্লেখ করেন, বিদ্যুতায়ন তুরস্কের ‘জাতীয় জ্বালানি ২০৪০’ রূপকল্পের অন্যতম প্রধান লক্ষ্য। এই কৌশলের কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে জ্বালানি দক্ষতাকে।

তিনি পারমাণবিক শক্তির পাশাপাশি নির্ভরযোগ্য ও স্বল্প-কার্বন নির্গমনযুক্ত বিদ্যুৎ উৎপাদনের জন্য দেশের সৌর, বায়ু, ভূ-তাপীয় ও বায়োমাস শক্তির পূর্ণ ব্যবহারের আহ্বান জানান।

তুরস্ক ২০৪০ সালের মধ্যে ১০ গিগাওয়াট এবং ২০৫০ সালের মধ্যে অন্তত ২০ গিগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জনের লক্ষ্য নির্ধারণ করেছে।

বায়রাকতার জানান, প্রচলিত বড় আকারের পারমাণবিক চুল্লি থেকে দেশের অন্তত ১৫ গিগাওয়াট বিদ্যুতের প্রয়োজন। এছাড়া ছোট মডুলার চুল্লি থেকেও অন্তত ৫ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

২০৫০ সালের মধ্যে এই সম্মিলিত সক্ষমতা তুরস্কের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ১০ থেকে ১২ শতাংশ পূরণ করতে পারে। এটি কার্বন নির্গমন কমাতে এবং জ্বালানির ভারসাম্য বজায় রাখতে সহায়তা করবে বলে তিনি মন্তব্য করেন।

এই প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য তিনি দক্ষ জনশক্তি, বিপুল বিনিয়োগ এবং দীর্ঘমেয়াদি রাজনৈতিক নেতৃত্বকে মূল শর্ত হিসেবে চিহ্নিত করেন।

রাশিয়ার সঙ্গে আন্তঃসরকারি চুক্তির মাধ্যমে তুরস্ক তাদের পারমাণবিক বিদ্যুৎ কর্মসূচি শুরু করেছিল এবং ২০১০ সালে রোসাটমের সঙ্গে কাজ শুরু হয় বলে জানান বায়রাকতার।

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নেতৃত্ব ও প্রতিশ্রুতির কারণেই আক্কুয়ু প্রকল্প এগিয়ে গেছে এবং তুরস্কের প্রায় ৭০ বছরের পারমাণবিক স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে বলে তিনি কৃতিত্ব দেন।

রুশ বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে স্নাতক সম্পন্ন করা ৩০০ জনেরও বেশি কর্মী আক্কুয়ুতে কাজ করছেন। তিনি দক্ষ জনবল তৈরি এবং স্থানীয়করণকে দ্বিপাক্ষিক পরমাণু সহযোগিতার গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে উল্লেখ করেন।

তুরস্ক ইতিমধ্যে তাদের দ্বিতীয় ও তৃতীয় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য বিভিন্ন প্রযুক্তি সরবরাহকারীদের সঙ্গে আলোচনা চালাচ্ছে। এর বাইরে সিনোপ ও থ্রেস অঞ্চলেও আরও প্রকল্পের পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।

রোসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ আক্কুয়ু প্রকল্পকে পারমাণবিক শক্তির সাম্প্রতিক ইতিহাসের অন্যতম উল্লেখযোগ্য প্রকল্প বলে বর্ণনা করেন।

তিনি বলেন, পারমাণবিক শক্তি আগামী ২০ থেকে ৩০ বছরের মধ্যে বৈশ্বিক জ্বালানি ব্যবস্থাকে রূপ দিতে সাহায্য করবে। এটি নিরবচ্ছিন্ন ও স্থিতিশীল বিদ্যুৎ উৎপাদন এবং ব্যাপক প্রযুক্তিগত পরিবর্তনকে এগিয়ে নেবে।

লিখাচেভ ভবিষ্যৎ আলোচনার মূল ক্ষেত্র হিসেবে চতুর্থ প্রজন্মের পারমাণবিক প্রযুক্তি, সহজাত নিরাপত্তা, পারমাণবিক জ্বালানির চক্রাকার পুনর্ব্যবহার, জ্বালানি সংরক্ষণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা-চালিত স্মার্ট জ্বালানি ব্যবস্থার কথা উল্লেখ করেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.