আপনি পড়ছেন

সামরিক ব্যবস্থাপনায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হস্তান্তরের প্রতিবেদন নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ভারত সরকার। তবে গোটা বিষয়টিকে দুই দেশের মধ্যকার প্রত্যর্পণ চুক্তির আইনি প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার অবস্থান ব্যক্ত করেছে নয়াদিল্লি।

হাসিনাকে সামরিক হস্তান্তরের খবরে দিল্লির নীরবতা
রণধীর জয়সওয়াল

শুক্রবার (১৩ নভেম্বর)) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এই অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, তার আগের বক্তব্য কেবল প্রত্যর্পণ চুক্তির আইনি বিষয়ের সঙ্গেই সম্পর্কিত ছিল এবং হাসিনাকে সামরিক বিমান পাঠিয়ে ফেরানোর দাবি-সংক্রান্ত প্রতিবেদনের অন্য অংশের বিষয়ে তার কোনো মন্তব্য নেই। হাসিনাকে ফেরাতে ঢাকার পক্ষ থেকে সামরিক বিমান পাঠানো বা বিচারিক নিশ্চয়তা চাওয়ার তথ্য নিয়ে প্রশ্ন করা হলে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ২০২৪ সালের ডিসেম্বরে পাঠানো কূটনৈতিক পত্র বা 'নোট ভার্বাল' এবং পরবর্তী তাগিদপত্রের বিষয়ে দীর্ঘদিনেও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ভারত। বিবিসির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, প্রত্যর্পণ চুক্তির আইনি প্রক্রিয়াকে সামনে এনে নয়াদিল্লি এই সিদ্ধান্ত গ্রহণের সময় দীর্ঘায়িত করছে। ঢাকা থেকে আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণের অনুরোধ জানানো হলেও ভারত এখন পর্যন্ত তা গ্রহণ বা প্রত্যাখ্যান কোনোটিই করেনি।

বিবিসি বাংলার ওই প্রতিবেদনে বলা হয়, হাসিনাকে ফেরানোর প্রক্রিয়াটি বাংলাদেশের সামরিক বাহিনীর দায়িত্বে সম্পন্ন করার প্রস্তাব ভাবছে ভারত। একই সঙ্গে ২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থানের ঘটনায় দায়ের হওয়া মামলায় তার মৃত্যুদণ্ডের সাজা হলে তার বিরুদ্ধে আপিল করার সুযোগ এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতিতে নতুন করে সুষ্ঠু বিচারের নিশ্চয়তাও চায় দেশটি।

ভারতের সরকারি ও সামরিক সূত্রের বরাতে প্রতিবেদনে আরও বলা হয়, হাসিনাকে সরাসরি বন্দি হিসেবে ফেরত পাঠিয়ে প্রতিবেশী দেশগুলোর রাজনৈতিক মিত্রদের কাছে ভুল বার্তা দিতে চায় না নয়াদিল্লি। হস্তান্তরের জন্য দুটি বিকল্পের কথা ভাবা হয়েছে। প্রথমত, বাংলাদেশ বিমানবাহিনীর একটি সামরিক বিমান পাঠিয়ে নয়াদিল্লি থেকে তাকে ফিরিয়ে নেওয়া, অথবা দুই দেশের সম্মতিতে নির্ধারিত কোনো স্থলসীমান্তে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা। উভয় ব্যবস্থার জন্য প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা দিতে ভারত প্রস্তুত। পাশাপাশি দেশে ফেরার পর তার জীবন ও নিরাপত্তার দায়িত্ব যেন বাংলাদেশ সেনাবাহিনী নিশ্চিত করে, সেই নিশ্চয়তাও চাইছে ভারত।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, হাসিনাকে অন্য কোনো তৃতীয় দেশে পাঠানোর প্রাথমিক কূটনৈতিক উদ্যোগ ব্যর্থ হওয়ার পর ভারত এখন তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর পথকেই বিবেচনা করছে। নয়াদিল্লি মনে করে, আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান ফিরে পাওয়ার জন্য হাসিনার দেশে থাকা প্রয়োজন। এর আগে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে হাসিনা ২০২৬ সালের ডিসেম্বরে দেশে ফেরার অভিপ্রায় প্রকাশ করেছিলেন। ভারতীয় কর্মকর্তাদের মতে, নির্ধারিত সময়ে তিনি ফিরতে না পারলেও ভারত এই যুক্তি তুলে ধরতে পারবে যে হাসিনা নিজে ফিরতে চাইলেও ঢাকা তাকে সেই সুযোগ দেয়নি।

কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেও দুই দেশের সামরিক বাহিনীর যোগাযোগ অব্যাহত রয়েছে বলে প্রতিবেদনে উঠে আসে। গত অক্টোবরের শুরুতে ভারতে বাংলাদেশের তৎকালীন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী নয়াদিল্লি সফরকালে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গে বৈঠক করেন। এছাড়া ভারতের সাবেক সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডের সময় থেকেই বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে নিয়মিত প্রাতিষ্ঠানিক যোগাযোগ বজায় ছিল। ভারত এখন সেই যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করতে চায়।

প্রতিবেদনে ভারতীয় কর্মকর্তাদের বরাতে দাবি করা হয়, জ্বালানি সংকট ও অভ্যন্তরীণ নানা চ্যালেঞ্জের মুখে থাকা ঢাকার বর্তমান প্রশাসন সত্যিই হাসিনাকে এই মুহূর্তে ফেরত চায় কি না, তা নিয়ে ভারতীয় নীতিনির্ধারকদের সংশয় রয়েছে।

সংবাদ সম্মেলনে ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক প্রসঙ্গে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, উভয় পক্ষের সুবিধাজনক সময়ে পরবর্তী কনস্যুলার সংলাপ অনুষ্ঠিত হবে, যেখানে সংশোধিত ভ্রমণ ব্যবস্থার বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে। এছাড়া বাণিজ্য, পানিসম্পদ ও রেলপথসহ বিদ্যমান প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় ঢাকার সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী আলোচনা চালিয়ে যেতে নয়াদিল্লি প্রস্তুত রয়েছে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.