ব্রিটিশ প্রধানমন্ত্রী: নীতি থেকে বিচ্যুত ওয়েলশ লেবার
ওয়েলসে ঐতিহাসিক নির্বাচনী পরাজয়ের পেছনে লেবার পার্টির আঞ্চলিক ক্ষমতাকেন্দ্রীকরণের (ডিভোলিউশন) মূল চেতনা ভুলে যাওয়াকে দায়ী করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। মে মাসে অনুষ্ঠিত নির্বাচনের আগে দলটি এই নীতি থেকে সরে গিয়েছিল বলে তিনি মন্তব্য করেন। একই সাথে তিনি দলের ভেতরে বৃহত্তর সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

ওয়েলশ পার্লামেন্ট (সেনেড) নির্বাচনের পর ল্যান্ডুডনোর ভেন্যু কামরিতে প্রথম ওয়েলশ লেবার সম্মেলনে শনিবার বক্তব্য দেন বার্নহাম। সেখানে তিনি জানান, তৃণমূল সম্প্রদায়ের সঙ্গে দলের সম্পর্ক পুনরায় গড়ে তোলা এবং একটি ঐক্যবদ্ধ রাজনৈতিক লক্ষ্য নিয়ে কাজ করা প্রয়োজন।
বার্নহাম বলেন, ‘পথের কোনো একপর্যায়ে হয়তো আমরা সেই নীতিগুলো ভুলে গিয়েছিলাম, যা শুরুতে আঞ্চলিক ক্ষমতায়নের পথ দেখিয়েছিল।’
তিনি আরও বলেন, ‘সম্ভবত মানুষের কথা আমরা যতটা শোনার কথা ছিল ততটা শুনিনি। বাস্তবে প্রতিটি ওয়েলশ পোস্টকোড বা তৃণমূল পর্যন্ত ক্ষমতা পৌঁছে দেওয়ার যে প্রত্যয় ছিল, তা থমকে গিয়েছিল। অথচ আমার কাছে এই লক্ষ্য সবসময় জনগণ এবং তাদের বাসস্থানকে কেন্দ্র করেই হওয়া উচিত ছিল।’
প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে স্থানীয় কাউন্সিলগুলোর হাতে আরও ক্ষমতা হস্তান্তরের পক্ষে অবস্থান নিয়েছেন বার্নহাম। তিনি জানান, তিনি ওয়েলসের জন্য একটি ঐক্যবদ্ধ লেবার দল গঠন করতে চান, যেখানে দলের সব সদস্য একই লক্ষ্যে কাজ করবেন।
তিনি বলেন, ‘আমি এমন একটি দল চাই, যেখানে আমি আপনাদের পাশে থেকে কাজ করব। আপনাদের জন্য কোনো সমস্যা তৈরি করব না কিংবা ওয়েলস লেবারের নেতা কেন স্কেটস বা সহকর্মীরা যা অর্জন করতে চান তার বিরুদ্ধে যাব না।’
ব্রিটিশ প্রধানমন্ত্রী জানান, ওয়েলশ সরকারের সঙ্গে কর্মসংস্থান সহায়তা সংক্রান্ত পূর্ণ ক্ষমতা হস্তান্তরের বিষয়টি তিনি আলোচনার টেবিলে রেখেছেন।
ওয়েলস লেবারের এই পরাজয়ের পেছনের কারণগুলো খতিয়ে দেখতে একটি পর্যালোচনা প্রতিবেদন প্রকাশের আগেই বার্নহামের এই বক্তব্য এলো। এই পরাজয়ের মধ্য দিয়ে আঞ্চলিক সরকারে দলটির দীর্ঘ ২৭ বছরের শাসনের অবসান ঘটে।
নির্বাচনের এই ফলাফল মেনে নেওয়া কঠিন বলে স্বীকার করেন বার্নহাম। তবে তিনি বলেন, আরও ন্যায্য যুক্তরাজ্যের অধীনে একটি শক্তিশালী ওয়েলসের স্বপ্ন নিয়ে লেবার পার্টি ‘আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে’।
ওয়েলসে ক্ষমতায় থাকাকালে লেবার সরকারের বিভিন্ন অর্জনের কথাও তুলে ধরেন তিনি। এর মধ্যে রয়েছে বিনামূল্যে স্কুলশিক্ষার্থীদের খাবার প্রদান, বিনামূল্যে প্রেসক্রিপশন সুবিধা এবং ‘ট্রান্সপোর্ট ফর ওয়েলস’ প্রতিষ্ঠা।
যুক্তরাজ্যের অংশ থাকার সুফল তুলে ধরে তিনি বলেন, ‘যুক্তরাজ্যের সঙ্গে থাকা ওয়েলসের জন্য ইতিবাচক। কারণ আমরা একসাথে অংশীদারিত্বের সম্পর্ক গড়ে তুলতে পারি।’
সম্প্রতি নিজের অ্যাবারফ্যান সফরের কথা স্মরণ করে বার্নহাম বলেন, অতীতের সেই দুর্যোগ তার মনে ‘সবচেয়ে গভীর ছাপ’ রেখে গেছে। এর মাধ্যমে তিনি বিভিন্ন সম্প্রদায়ের জন্য ন্যায়বিচার, সমতা ও মর্যাদার গুরুত্বের ওপর জোর দেন। একই সাথে তিনি ওয়েলসকে নতুন করে শিল্পোন্নত করা এবং স্থানীয় বাজার এলাকাগুলোকে পুনরুজ্জীবিত করার স্বপ্নের কথা ব্যক্ত করেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.