আপনি পড়ছেন

উত্তর ইসরায়েলে প্রাণঘাতী গ্রেনেড হামলায় এক নারী নিহত ও তিনজন আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ইয়ায়ির গোলান। শনিবার তিনি অভিযোগ করেন, নেতানিয়াহু সরকার দেশের আরব নাগরিকদের জীবনকে সম্পূর্ণ অবহেলা করছে এবং তাদের অপরাধী চক্রগুলোর দয়ার ওপর ছেড়ে দিয়েছে।

ইয়াইর গোলান: আরবদের অবহেলা করছেন নেতানিয়াহু
নেতানিয়াহু ও ইয়াইর গোলানের ছবিসংবলিত একটি রাজনৈতিক বিলবোর্ড

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দ্য ডেমোক্র্যাটস দলের প্রধান ইয়ায়ির গোলান লেখেন, ‘কাফর মান্দা গ্রামে ভরদুপুরে একটি বোমা বিস্ফোরিত হয়েছে। এতে মানুষ নিহত ও অনেকে আহত হয়েছেন। নেতানিয়াহু সরকারের অবহেলা নীতির চিত্র ঠিক এমনই।’

তিনি আরও উল্লেখ করেন, নেতানিয়াহু ইসরায়েলে বসবাসরত আরব নাগরিকদের জীবনকে চরম অবহেলা করেছেন। কট্টরপন্থি ইতামার বেন-গভিরকে জাতীয় নিরাপত্তামন্ত্রী হিসেবে নিয়োগ দিয়ে তিনি মূলত পুরো আরব জনগোষ্ঠীকে অপরাধী সংগঠনগুলোর হাতে সঁপে দিয়েছেন। গোলানের দাবি, নেতানিয়াহু ও বেন-গভিরের ছত্রচ্ছায়ায় এই অপরাধী চক্রগুলো আরও শক্তিশালী হয়ে উঠেছে এবং এখন তা পুরো ইসরায়েলের জন্যই হুমকি হয়ে দাঁড়িয়েছে।

ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে গোলান বলেন, ‘আমরা একটি পরিবর্তনের সরকার গঠন করব, যা দায়বদ্ধ থাকবে, অপরাধী চক্রের বিরুদ্ধে লড়াই করবে এবং ইহুদি ও আরব নির্বিশেষে সকল ইসরায়েলি নাগরিকের ব্যক্তিগত নিরাপত্তা ফিরিয়ে আনবে।’

ইসরায়েলি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গ্যালিলির আরব অধ্যুষিত শহর কাফর মান্দার একটি ব্যস্ত বাণিজ্যিক এলাকায় মিষ্টির দোকানে কেনাকাটা করছিলেন ৫১ বছর বয়সী লিনা কাসেম জিদান। সে সময় দোকানটিতে গ্রেনেড নিক্ষেপ করা হয়। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসকরা তাকে হাইফার রামবাম হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। এ হামলায় পঞ্চাশোর্ধ্ব এক পুরুষ ও এক নারী মাঝারি ধরনের আহত হন এবং অন্য এক ব্যক্তি সামান্য আঘাত পান।

ইসরায়েলি সংবাদমাধ্যম আরও জানায়, প্রাথমিক তদন্ত অনুযায়ী হামলাকারীরা নির্দিষ্ট এক ব্যক্তিকে খুঁজছিল। তাকে না পেয়ে হামলাকারীরা তার এক আত্মীয়ের দোকানে গ্রেনেড নিক্ষেপ করে।

লিনা কাসেম জিদানের মৃত্যুর মধ্য দিয়ে চলতি বছরের শুরু থেকে ইসরায়েলের আরব সমাজে হত্যাকাণ্ডের শিকার হওয়া মানুষের সংখ্যা ২০০ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ২০ জন নারী রয়েছেন। কাফর মান্দার বাসিন্দাদের অভিযোগ, গত এক মাসে সেখানে ধারাবাহিক গুলিবর্ষণ ও গ্রেনেড হামলার মাধ্যমে বিভিন্ন বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানকে নিশানা করা হয়েছে। তবে এসব ঘটনায় কাউকে গ্রেপ্তারের তথ্য জানানো হয়নি।

এর আগে শুক্রবার ইসরায়েলের পরবর্তী সরকার গঠনের দায়িত্বে থাকা গাদি আইজেনকোট অভিযোগ করেন, নেতানিয়াহু আরব নাগরিকদের নাগরিক মর্যাদা ক্ষুণ্ণ করতে একটি ‘বর্ণবাদী ও বৈরী’ তৎপরতাকে উসকে দিচ্ছেন। উল্লেখ্য, আরব নাগরিকরা ইসরায়েলের মোট জনসংখ্যার এক-পঞ্চমাংশের বেশি।

গত ২৭ অক্টোবরের সংসদীয় নির্বাচনের পর ৮ নভেম্বর ইয়াশার পার্টির নেতা আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দেন প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ। ১২০ আসনবিশিষ্ট নেসেটে ৬৭ জন আইনপ্রণেতা আইজেনকোটের প্রতি সমর্থন জানান। অন্যদিকে নেতানিয়াহুকে সমর্থন করেন ৪৬ জন আইনপ্রণেতা এবং ইউনাইটেড তোরাহ জুডাইজম দলের সাতজন আইনপ্রণেতা কোনো প্রার্থীকেই সমর্থন দেননি। নতুন সরকার গঠনের জন্য আইজেনকোটকে ২৮ দিন সময় দেওয়া হয়েছে, যা প্রয়োজনে আরও ১৪ দিন বাড়ানো হতে পারে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.