আপনি পড়ছেন

বৈদেশিক ঋণের ক্রমবর্ধমান পরিশোধের চাপ বেড়েছে। সেই সঙ্গে সুদ ব্যয় বৃদ্ধি এবং উন্নয়ন অর্থায়নের উৎসে পরিবর্তনের প্রেক্ষাপটে ঋণ ব্যবস্থাপনায় নতুন কৌশল খুঁজছে বাংলাদেশ। এ লক্ষ্যে অর্থ বিভাগ ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) যৌথ আয়োজনে দেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক ঋণ সম্মেলন শুরু হচ্ছে আজ রোববার। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পরিশোধের চাপ বাড়ছে, ঋণ ব্যবস্থাপনায় নতুন কৌশলের সন্ধানে বাংলাদেশ
ছবি- সংগৃহীত

কক্সবাজারের ওশান প্যারাডাইস হোটেলে আয়োজিত এ সম্মেলনের প্রতিপাদ্য ‘পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে সরকারি ঋণ ব্যবস্থাপনা’। দুই দিনব্যাপী 'ইন্টারন্যাশনাল ডেট কনফারেন্স বাংলাদেশ ২০২৬' শীর্ষক সম্মেলনের উদ্বোধন করবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। সম্মেলনে বাংলাদেশসহ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও শ্রীলঙ্কার নীতি নির্ধারক ও ঋণ ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা অংশ নিয়ে অভিজ্ঞতা বিনিময় করছেন।

অর্থ বিভাগের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সরকারি ঋণের পরিমাণ বৃদ্ধি, ঋণ পরিশোধে বাজেটের বড় অংশ ব্যয়, বিনিময় হারের ওঠানামা এবং আন্তর্জাতিক বাজারে উচ্চ সুদের হারের কারণে ঋণ ব্যবস্থাপনায় সংস্কার প্রয়োজন হয়ে পড়েছে। এ লক্ষ্যে মধ্যমেয়াদি ঋণ ব্যবস্থাপনা কৌশল প্রণয়ন, নিয়মিত ঋণ টেকসই বিশ্লেষণ ও ঋণসংক্রান্ত বুলেটিন প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি চলতি অর্থবছরে বার্ষিক ঋণ গ্রহণ পরিকল্পনা প্রকাশের প্রস্তুতিও চলছে। এসব পদক্ষেপের ধারাবাহিকতায় একটি পূর্ণাঙ্গ ডিএমও প্রতিষ্ঠার রূপরেখা নিয়ে সম্মেলনে বিশদ আলোচনা হচ্ছে।

বিকল্প অর্থায়নের অংশ হিসেবে সার্বভৌম সুকুক, গ্রিন বন্ড, ব্লু বন্ড, এসডিজি-সংযুক্ত বন্ড, সার্বভৌম ইউরোবন্ড এবং ব্লেন্ডেড ফাইন্যান্সের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে। একই সঙ্গে স্থানীয় মুদ্রায় ইস্যু করা সরকারি সিকিউরিটিজে বিদেশি বিনিয়োগ টানতে আন্তর্জাতিক নিষ্পত্তি প্ল্যাটফর্ম ইউরোক্লিয়ার ও ক্লিয়ারস্ট্রিমের সঙ্গে সংযোগ এবং জেপি মরগানের সরকারি বন্ড সূচক জিবিআই-ইএমে বাংলাদেশের অন্তর্ভুক্তি নিয়ে কাজ চলছে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ২০২৫ সালের আর্টিকেল ফোর পর্যালোচনায় বাংলাদেশের ঋণসংকটের ঝুঁকি 'মাঝারি' হিসেবে চিহ্নিত করা হয়েছে। সংস্থাটি রাজস্ব আয় বৃদ্ধি এবং সরকারি সিকিউরিটিজে ব্যাংক খাতের ওপর নির্ভরতা কমানোর পরামর্শ দিয়েছে। এদিকে ২০২৯ সালের ২৪ নভেম্বর স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পর সহজ শর্তের বৈদেশিক ঋণের সুযোগ কমে আসার সম্ভাবনা থাকায় ঋণ গ্রহণের ব্যয় বৃদ্ধির ঝুঁকি তৈরি হয়েছে।

জাতীয় সংসদে উপস্থাপিত হিসাব অনুযায়ী, সরকারের মোট ঋণের স্থিতি দাঁড়িয়েছে ২২ লাখ ৬ হাজার ৪৬২ কোটি টাকা। এর মধ্যে অভ্যন্তরীণ ঋণ সিংহভাগ এবং বৈদেশিক ঋণ ৯ লাখ ৫৯ হাজার ৩১১ কোটি টাকা। চলতি অর্থবছরের বাজেটে ঋণের সুদ পরিশোধেই বরাদ্দ রাখা হয়েছে ১ লাখ ২৭ হাজার ৫০০ কোটি টাকা। এছাড়া অর্থনৈতিক সম্পর্ক বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বৈদেশিক ঋণের আসল ও সুদ বাবদ রেকর্ড ৪৪৯ কোটি ৪০ লাখ ডলার পরিশোধ করতে হলেও নতুন প্রতিশ্রুতির পরিমাণ নেমে এসেছে ৫২৪ কোটি ৩০ লাখ ডলারে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.