ইসরায়েলে জাতীয় ঐক্য সরকার গঠনে মেলেনি সমাধান
ইসরায়েলে জাতীয় ঐকমত্যের সরকার গঠনের লক্ষ্যে দেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি এবং প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত গাদি আইজেনকোটের ইয়াশার পার্টির মধ্যকার প্রথম দফার আলোচনা কোনো ধরনের অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে। সরকারের নেতৃত্ব কে দেবেন এবং কোন কোন দল জোটে যুক্ত হবে—এমন মতবিরোধের কারণেই রোববার এই আলোচনা ব্যর্থ হয়।

হিব্রু দৈনিক ইয়েদিওত আহরোনোথ জানিয়েছে, হেরজলিয়া শহরের একটি হোটেলে অনুষ্ঠিত এই বৈঠকটি প্রায় এক ঘণ্টা ১৫ মিনিট স্থায়ী হয়। বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের ‘টুগেদার’ পার্টির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন তার রাজনৈতিক উপদেষ্টা শালোম শ্লোমো। এছাড়া বৈঠকে ইয়াশার দলের প্রতিনিধিত্ব করেন নেসেট সদস্য হিলি ট্রপার ও ইয়োভ হোরোভিটজ। অন্যদিকে লিকুদ পার্টির পক্ষে অংশ নেন দলটির সংসদীয় উপদলের চেয়ার ওফির কাটজ এবং নেতানিয়াহুর সাবেক আইনি উপদেষ্টা ও আইনজীবী মাইকেল রাবেলো।
সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, সরকারে কে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন—তা নিয়েই প্রধান দ্বন্দ্ব দেখা দিয়েছে। নেতানিয়াহুর সঙ্গে কোনো ধরনের পালাক্রম চুক্তি ছাড়াই নিজের একক নেতৃত্বে সরকার গঠন করতে চান আইজেনকোট। তবে নেতানিয়াহুকে এককভাবে অথবা পালাক্রমের ভিত্তিতে প্রধানমন্ত্রী করা না হলে সরকারে যোগ দিতে সরাসরি অস্বীকৃতি জানিয়েছে লিকুদ পার্টি।
একই সঙ্গে ইতামার বেন-গভিরের দল ওৎজমা ইহুদিতসহ নিজের ব্লকের সব দলকে সরকারে অন্তর্ভুক্ত করার বিষয়ে অনড় অবস্থানে রয়েছে লিকুদ পার্টি। এটিও আইজেনকোটের সঙ্গে দলটির দ্বিমতের অন্যতম কারণ। এদিকে নেতানিয়াহু অন্তর্ভুক্ত থাকবেন এমন কোনো সরকারে যোগ না দেওয়ার বিষয়ে আগেই নিজেদের বিরোধিতার কথা স্পষ্ট করেছেন আইজেনকোটের রাজনৈতিক অংশীদার ইয়ার লাপিদ, আভিগদোর লিবারম্যান ও ইয়ার গোলান।
ঐকমত্যের সরকার গঠনের আলোচনার সমালোচনা করে ইয়ার গোলান বলেন, নেতানিয়াহু ও লিকুদ পার্টিকে প্রতিস্থাপন করতে হলে তাদের বিরোধীদের মধ্যে একটি রাজনৈতিক অংশীদারিত্ব গড়ে তোলা প্রয়োজন। সেখানে একটি ‘সুস্পষ্ট গণতান্ত্রিক রায়’ রয়েছে, যা অবশ্যই সম্মান করা উচিত।
অন্যদিকে আইজেনকোট বলেন, জাতীয় ঐকমত্যের সরকার সাধারণ শিক্ষা, সামরিক সেবা, সরকারি সেবা ও নাগরিকদের মধ্যে সংহতির মতো অভিন্ন মূল্যবোধের ওপর প্রতিষ্ঠিত হওয়া উচিত। কেবল রাজনৈতিক চুক্তি ও পদ বণ্টনের মাধ্যমে তা সম্ভব নয়।
ইয়েদিওত আহরোনোথের তথ্যমতে, সরকারে কট্টর অর্থোডক্স দলগুলোর অংশগ্রহণের সুযোগ খুঁজতে আইজেনকোট আগের সপ্তাহে ইউনাইটেড তোরাহ জুডাইজম দলের নেতা ইয়াকভ আশেরের সঙ্গে একান্তে বৈঠক করেছেন। প্রথম দফার আলোচনার পরও কোনো অগ্রগতি না হওয়ায় শেষ পর্যন্ত পরিস্থিতি এগিয়ে নিতে নেতানিয়াহু ও আইজেনকোটের মধ্যে সরাসরি বৈঠকের প্রয়োজন হতে পারে বলে মনে করা হচ্ছে।
এদিকে বর্তমান স্পিকার ও লিকুদ দলের নেতা আমির ওহানাকে সরিয়ে সেখানে ইয়াশার দলের সংসদ সদস্য মাতান কাহানাকে দায়িত্ব দিতে মঙ্গলবার নেসেটে ভোটাভুটি হওয়ার কথা রয়েছে।
গত সংসদের সাংবিধানিক মেয়াদ শেষ হওয়ার পর ২০২৬ সালের ২৭ অক্টোবর ইসরায়েলের ২৬তম নেসেট নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে নেতানিয়াহুর বিরোধীরা শক্তি অর্জন করে এবং তাদের নেতা আইজেনকোটকে সরকার গঠনের জন্য সুপারিশ করেন ৬৭ জন সংসদ সদস্য। অপরদিকে নেতানিয়াহুর পক্ষে সুপারিশ করেন ৪৬ জন এবং সাতজন সংসদ সদস্য কোনো প্রার্থীকেই সুপারিশ করেননি।
নির্বাচনে লিকুদ পার্টি সর্বোচ্চ আসন পেলেও দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ ৮ নভেম্বর আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দেন। তাকে সরকার গঠনের জন্য প্রাথমিক ভাবে ২৮ দিন সময় দেওয়া হয়েছে, যা প্রয়োজনে আরও ১৪ দিন বাড়ানো হতে পারে।
বাধ্যতামূলক সামরিক অন্তর্ভুক্তি এবং আরব দলগুলোর অংশগ্রহণ সংক্রান্ত টানাপোড়েনের মধ্যেই একটি জোট সরকার গঠনের লক্ষ্যে কট্টর অর্থোডক্স ও অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা শুরু করেন আইজেনকোট। সেই প্রেক্ষাপটে নেতানিয়াহুর ঐকমত্যের সরকারের আহ্বানে সাড়া দিয়ে লিকুদ ও ইয়াশারের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু হলেও তা এখনও কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.