ডু প্লেসি: এক ম্যাচ হারলেই কোহলিকে অধিনায়ক চায় ভারত
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) অধিনায়কত্ব করার অভিজ্ঞতা ও সমর্থকদের তীব্র প্রত্যাশার চাপ নিয়ে স্মৃতিচারণ করেছেন দলটির সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসি। তিনি জানান, আরসিবির নেতৃত্বে থাকার সময় একটিমাত্র ম্যাচ হারলেই পুরো ভারত বিরাট কোহলিকে পুনরায় অধিনায়ক হিসেবে দেখতে চাইত। তবে সেই কঠিন সময়ে কোহলিই ছিলেন তার সবচেয়ে বড় ভরসা ও অনুপ্রেরণা।

২০২২ সালের আইপিএল মৌসুমের নিলামে দক্ষিণ আফ্রিকার সাবেক এই ব্যাটারকে দলে নেয় বেঙ্গালুরু। নিলামের পরই ফ্র্যাঞ্চাইজিটির ক্রিকেট পরিচালক মাইক হেসন তাকে দলের অধিনায়ক হওয়ার প্রস্তাব দেন। তিনি ডু প্লেসিকে জিজ্ঞেস করেন, ‘আপনি কি আরসিবির অধিনায়ক হতে চান?’ সেই সময় তার মনে কিছুটা দ্বিধা থাকলেও তা দ্রুত কেটে যায় কোহলির পাঠানো একটি বার্তায়।
ডু প্লেসির কাছে দায়িত্ব হস্তান্তর করা প্রসঙ্গে কোহলি তাকে লিখেছিলেন, ‘শুনুন, আমার জায়গায় দায়িত্ব নেওয়ার জন্য এর চেয়ে ভালো অধিনায়ক পেলে আমি আর বেশি খুশি হতে পারতাম না। আপনাকে দলে পাওয়ার জন্য তর সইছে না।’ ডু প্লেসি জানান, পারস্পরিক সম্মান সবসময় থাকলেও কোহলির এই বার্তা তাকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব গ্রহণের বিষয়ে আত্মবিশ্বাসী করে তোলে। এই সমর্থনই তাকে অভিজ্ঞতার পূর্ণ সদ্ব্যবহার করে মাঠে নামার শক্তি জুগিয়েছিল।
তবে সেই পদের বিশাল দায়িত্ব সম্পর্কে শুরু থেকেই সচেতন ছিলেন ডু প্লেসি। তিনি কোহলিকে সরাসরি বলেছিলেন, ‘প্রথমত, আপনাকে ছাড়া এই কাজ কোনোভাবেই সম্ভব নয়। আপনার সমর্থন না পেলে আমি পুরোপুরি ও নাটকীয়ভাবে ব্যর্থ হব। কারণ আপনার সহায়তা ছাড়া এটি অসম্ভব। আপনি স্রেফ এক বাক্যেই আমার পায়ের নিচের মাটি সরিয়ে দিতে পারেন, আর তাতেই আমার সমাপ্তি ঘটবে।’
বেঙ্গালুরুর নেতৃত্বের গভীর চাপ প্রসঙ্গে ডু প্লেসি আরও বলেন, ‘একজন অধিনায়ক হিসেবে বলি, যদি আপনি আরসিবির হয়ে দুটি ম্যাচ হারেন—এমনকি কেবল একটি ম্যাচও হারেন, তবে পুরো বেঙ্গালুরু এবং গোটা ভারত বিরাট কোহলিকেই অধিনায়ক হিসেবে দেখতে চাইবে। এটি এই কারণে নয় যে তারা আমাকে বা আপনাকে অপছন্দ করে। তারা স্রেফ বিরাট কোহলিকে অধিনায়ক হিসেবে দেখতে চায়। তাই জয় ছাড়া অন্য যেকোনো পরিস্থিতির একটাই সমাধান দাঁড় করানো হতো: কোহলিকেই অধিনায়ক হতে হবে।’
ডু প্লেসি স্পষ্ট করেন যে, সমর্থকদের এই প্রত্যাশা বা চাপ নিয়ে তার কোনো আপত্তি ছিল না। তবে কোহলির অকুণ্ঠ সমর্থন না থাকলে এই মানসিক চাপ একা সামলানো অত্যন্ত কঠিন হতো। তিনি বলেন, ‘ভেবে দেখুন, ওই তিন বছর যদি আমি তার সমর্থন না পেতাম, তবে কেমন লাগত। পরিস্থিতি সামলানো তখন সবচেয়ে কঠিন হয়ে উঠত।’
২০১৩ সাল থেকে টানা বেঙ্গালুরুর নেতৃত্ব দেওয়ার পর ২০২১ মৌসুম শেষে কাজের চাপ সামলাতে ও ব্যাটিংয়ে মনোযোগ দিতে দায়িত্ব ছাড়েন কোহলি। এর আগে ২০২০ সালে ডু প্লেসিও দক্ষিণ আফ্রিকার টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছেড়েছিলেন। ফলে দুজনের মানসিক অবস্থান ছিল এক রকম। অতীতে কেবল মাঠের প্রতিদ্বন্দ্বিতা ছাড়া ব্যক্তিগত কোনো ইতিহাস না থাকলেও আরসিবিতে তাদের মধ্যে দ্রুত গভীর বন্ধুত্ব গড়ে ওঠে। ডু প্লেসির মতে, প্রথম দিন থেকেই কোহলি নিঃশর্তভাবে তার পাশে দাঁড়িয়েছিলেন।
তিন মৌসুম বেঙ্গালুরুর দায়িত্ব পালনের পর নেতৃত্ব থেকে সরে যান ডু প্লেসি। এই সময়কাল থেকে প্রাপ্তির কথা বলতে গিয়ে তিনি দুটি বিষয়ের উল্লেখ করেন—কোহলির অকৃত্রিম বন্ধুত্ব এবং বিলাসবহুল ঘড়ির প্রতি নিজের তৈরি হওয়া আগ্রহ। রসিকতা করে ডু প্লেসি বলেন, ‘তিন বছর পর আমি ঘড়ির বড় ভক্ত হয়ে উঠেছি। এখন সবাই আমাকে জিজ্ঞেস করে, ঘড়ির পেছনে এত টাকা কীভাবে খরচ করি? তাই আমি তাকে বলেছি এবং প্রকাশ্যেও বলছি, আমার জীবনের সবচেয়ে ব্যয়বহুল সম্পর্কটি ছিল তার সঙ্গেই। কারণ তিনি আমাকে এমন সব ঘড়ি কিনতে বাধ্য করেছেন, যা আমার কখনো কেনাই উচিত ছিল না।’
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.