আপনি পড়ছেন

বাংলাদেশে ১ হাজার মেগাওয়াটের বেশি উৎপাদন সক্ষমতার সৌরবিদ্যুৎ ও ব্যাটারি এনার্জি স্টোরেজ প্রকল্পের জন্য সরকারি জমি যাচাই থেকে শুরু করে প্রতিযোগিতামূলক দরপত্র ও চুক্তি সম্পাদন পর্যন্ত পুরো প্রক্রিয়ায় পরামর্শক সহায়তা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। ফেনীর সোনাগাজী প্রকল্পের পর নতুন আরও পাঁচটি প্রকল্পের কাঠামো তৈরি ও বাস্তবায়নে লেনদেন সংক্রান্ত এই সেবা সম্প্রসারণ করছে সংস্থাটি।

১ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পে বাংলাদেশকে সহায়তা দেবে এডিবি
এডিবির লোগো

মঙ্গলবার (১৭ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এডিবি জানিয়েছে, তিন ধাপের একটি সমন্বিত কর্মসূচির অধীনে মোট প্রকল্পের সংখ্যা ছয়টিতে দাঁড়াচ্ছে। প্রথম ধাপে রয়েছে ফেনীর ১৩০ মেগাওয়াট সক্ষমতার সোনাগাজী সৌরবিদ্যুৎ প্রকল্প ও এর সঙ্গে যুক্ত ২৬ মেগাওয়াট-আওয়ার ব্যাটারি স্টোরেজ সিস্টেম। চলতি বছরের মধ্যেই এ প্রকল্পের দরপত্র আহ্বান করা হবে বলে বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করা হয়েছে। দ্বিতীয় ও তৃতীয় ধাপের বাকি পাঁচটি প্রকল্পের কাঠামো প্রণয়ন এবং দরপত্র প্রক্রিয়া সম্পাদনের ক্ষেত্রে প্রথম প্রকল্প হিসেবে সোনাগাজী একটি মানদণ্ড হিসেবে কাজ করবে।

সম্প্রসারিত কর্মসূচির আওতায় বাকি পাঁচটি প্রকল্পের জন্য সরকারি মালিকানাধীন জমির উপযোগিতা যাচাইয়ে ইনভেস্ট বাংলাদেশ অথরিটি এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (বিপিডিবি) সহায়তা করবে এডিবি। এর পাশাপাশি প্রকল্প প্রস্তুতি, কারিগরি ও আর্থিক মূল্যায়ন, বাজার পরিস্থিতি যাচাই, দরপত্রের নথি তৈরি এবং প্রতিযোগিতামূলক দরপত্র ও চুক্তি সম্পাদনে সহায়তাসহ প্রকল্প উন্নয়নের পুরো প্রক্রিয়ায় পরামর্শক সেবা দেবে সংস্থাটি। এ বিষয়ে ইনভেস্ট বাংলাদেশ অথরিটির অতিরিক্ত সচিব মোস্তফা কামাল, বিপিডিবির সচিব আফরোজা সুলতানা এবং বাংলাদেশে নিযুক্ত এডিবির কান্ট্রি ডিরেক্টর কিংফেং ঝাং একটি সমঝোতা স্মারকে সই করেছেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এডিবির এই পরামর্শক সেবার মাধ্যমে দেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বেসরকারি খাত থেকে ১০০ কোটি (১ বিলিয়ন) ডলারেরও বেশি বিনিয়োগ আসবে বলে আশা করা হচ্ছে। এসব প্রকল্পের মূল লক্ষ্য নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়ানো, আমদানি করা জ্বালানির ওপর নির্ভরতা কমানো এবং বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা জোরদার করা। পাশাপাশি ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুতের অন্তত ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের যে লক্ষ্য সরকার নির্ধারণ করেছে, তা অর্জনেও এই কর্মসূচি সহায়ক ভূমিকা রাখবে।

বাংলাদেশের সামনে আরও নিরাপদ, টেকসই ও বিনিয়োগবান্ধব জ্বালানি ভবিষ্যৎ গড়ে তোলার সুযোগ রয়েছে বলে উল্লেখ করেছেন এডিবির কান্ট্রি ডিরেক্টর কিংফেং ঝাং। তিনি বলেছেন, পরামর্শক সেবার এই সম্প্রসারণ শুধু পৃথক প্রকল্প বাস্তবায়নের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; বরং প্রকল্প প্রস্তুতি, প্রতিযোগিতামূলক দরপত্র প্রক্রিয়া এবং বেসরকারি বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরির মাধ্যমে পরিচ্ছন্ন জ্বালানিতে বিনিয়োগের একটি সম্প্রসারণযোগ্য বাজার গড়ে তুলতে সহায়তা করবে।

ইনভেস্ট বাংলাদেশ অথরিটির চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে বেসরকারি খাতের অংশগ্রহণ, বিশেষ করে সরাসরি বিদেশি বিনিয়োগ বাড়ানোর গতি ত্বরান্বিত করতে চায় সরকার। প্রকল্পের সম্ভাব্য তালিকা তৈরিতে এডিবির সঙ্গে অংশীদারত্বকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে উল্লেখ করে তিনি বলেছেন, দেশের পরিচ্ছন্ন জ্বালানির উৎপাদন সক্ষমতা বাড়ানো, জ্বালানির উৎস বহুমুখী করা এবং দীর্ঘমেয়াদি জ্বালানিনিরাপত্তা জোরদারে এই সহযোগিতা আরও সম্প্রসারিত হবে বলে তারা আশা করছেন।

এশীয় উন্নয়ন ব্যাংক এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও অভিঘাত-সহনশীল প্রবৃদ্ধিতে সহায়তাকারী একটি বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংক। ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত এই সংস্থার সদস্যসংখ্যা ৬৯টি, যার মধ্যে ৫০টিই এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ। সদস্য ও অংশীদারদের সঙ্গে কাজ করে সংস্থাটি উদ্ভাবনী অর্থায়ন ব্যবস্থা ও কৌশলগত অংশীদারত্বের মাধ্যমে অবকাঠামো উন্নয়ন, জীবনমানের পরিবর্তন এবং পরিবেশ সুরক্ষায় ভূমিকা রাখছে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.