আপনি পড়ছেন

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। যুক্তরাষ্ট্র ও ইরান পাল্টাপাল্টি হামলা চালানোর মধ্যে ড্রোন হামলার শিকার হয়েছে উপসাগরীয় দেশ কুয়েত। অন্যদিকে বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি রাডারব্যবস্থা লক্ষ্য করে ইরানের ড্রোন হামলার পর দেশটির দক্ষিণাঞ্চলীয় কেশম দ্বীপ আক্রমণ করেছে যুক্তরাষ্ট্র। তবে যুদ্ধ বন্ধে শান্তিচুক্তির বিষয়ে এখনো কোনো সমঝোতা হয়নি। খবর আল জাজিরার

ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি আক্রমণ, কুয়েতে ড্রোন হামলা
হরমুজ প্রণালীতে তেলবাহী জাহাজে আগুন। ছবি- রয়টার্স

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে কুয়েতের সামরিক বাহিনী জানায়, দেশটির ওপর ড্রোন হামলা চালানো হচ্ছে। বিবৃতিতে বলা হয়, ‘বিস্ফোরণের যেসব শব্দ শোনা যাচ্ছে, সেগুলো শত্রুপক্ষের হামলা প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষাব্যবস্থার কার্যক্রমের ফল।’

এর আগে হরমুজ প্রণালীতে অবস্থিত ইরানের দক্ষিণাঞ্চলীয় কেশম দ্বীপে কয়েক দফা হামলা চালায় যুক্তরাষ্ট্র। বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি রাডারব্যবস্থা লক্ষ্য করে ইরানের ড্রোন হামলার কয়েক ঘণ্টা পর এ হামলা চালানো হয়।

ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনাকে মঙ্গলবার দেশটির দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের উপগভর্নর আহমেদ নাফিসি বলেন, কেশম দ্বীপের কয়েকটি স্থানে যুক্তরাষ্ট্রের হামলায় আবাসিক, বাণিজ্যিক কিংবা অবকাঠামোগত কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং জরুরি সেবাদানকারী সংস্থাগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। ইরনা জানায়, মঙ্গলবার সন্ধ্যায় দ্বীপটিতে পাঁচ থেকে ছয়টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানান, কেশম দ্বীপে ইরানের একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্র লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ইরানের আগের হামলার জবাবে এ অভিযান চালানো হয়।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, বাহরাইনের একটি বিমানঘাঁটিতে অবস্থিত মার্কিন রাডারব্যবস্থা লক্ষ্য করে ইরানের পাঠানো ড্রোনগুলো প্রতিহত করা হয়েছে। এতে যুক্তরাষ্ট্রের কোনো সরঞ্জাম বা সামরিক সদস্যের ক্ষয়ক্ষতি হয়নি।

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, বাহরাইনের শেখ ঈসা বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্র পরিচালিত রাডারব্যবস্থা লক্ষ্য করে ড্রোনের সাহায্যে ‘নির্ভুল অভিযান’ চালিয়েছে তারা। ইরানের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের সামরিক ড্রোনের বারবার অনুপ্রবেশের জবাবে এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে বাহিনীটি।

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর বাহরাইনে অবস্থিত। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ইরানের হামলা প্রতিহত করেছে। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, রাজধানী মানামার আকাশেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

গত পাঁচ দিনের মধ্যে বাহরাইনে এটি ইরানের তৃতীয় ড্রোন হামলা। কয়েক সপ্তাহের বিরতির পর দেশটিতে আবার হামলা শুরু করল তেহরান। এএফপির তথ্য অনুযায়ী, গত শুক্রবারের হামলাটি ছিল সেপ্টেম্বরের শুরুর পর উপসাগরীয় কোনো দেশে ইরানের প্রথম হামলা।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বাহরাইনের একটি আদালত ইরানের সঙ্গে যোগসাজশের অভিযোগে ৬৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার পর এ হামলা চালানো হয়। দণ্ডিত ব্যক্তিদের অধিকাংশই শিয়া ধর্মীয় নেতা।

মঙ্গলবার রাতে কুয়েতের সশস্ত্র বাহিনীও জানায়, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ‘শত্রুপক্ষের ড্রোন হামলা’ প্রতিহত করতে কাজ করছে। এ সময় জনসাধারণকে নিরাপত্তাসংক্রান্ত নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়। তবে ড্রোনগুলো কোথা থেকে এসেছে, হামলায় কেউ হতাহত হয়েছেন কি না কিংবা কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে কিছু জানায়নি কুয়েতের সামরিক বাহিনী।

এদিকে হরমুজ প্রণালী অতিক্রমের সময় নৌমাইনে আঘাত লেগে তিনটি তেলবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। মঙ্গলবার এ ঘটনা ঘটে। তবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর দাবি, তারা প্রণালীর প্রধান নৌপথগুলো থেকে মাইন অপসারণ করেছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল সীমিত করার চেষ্টা করছে ইরান। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবহন করা হয়। ইরানের দাবি, জাহাজগুলোকে কেবল তাদের অনুমোদিত পথ ব্যবহার করতে হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করেছে এবং তেলবাহী জাহাজ চলাচলে নিরাপত্তা দিচ্ছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.