আপনি পড়ছেন

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) অত্যন্ত গোপনীয় অভ্যন্তরীণ যোগাযোগব্যবস্থা অচল হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে মঙ্গলবার রাতে সংস্থাটির সদর দপ্তর প্রাঙ্গণে অধিকাংশ কর্মীর প্রবেশ বন্ধ করে দেওয়া হয়। আপাতত শুধু জরুরি দায়িত্বে নিয়োজিত কর্মীদের কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যোগাযোগব্যবস্থা সচল করতে কাজ করছে সংস্থাটি।

যুক্তরাষ্ট্রের অতি গোপন নিরাপত্তা যোগাযোগব্যবস্থা অচল
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার সদর দপ্তর

বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র এবং এনএসএর কর্মীদের জন্য ব্যবহৃত একটি স্বয়ংক্রিয় ফোনবার্তার তথ্যের বরাতে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন। এনএসএ কর্মীদের মধ্যে গোপনীয় তথ্য আদান-প্রদানের জন্য ব্যবহৃত এই নেটওয়ার্কের নাম এনএসএনেট। ছয়টি সূত্রের বরাতে সিএনএন প্রথম এ নেটওয়ার্ক অচল হওয়ার খবর প্রকাশ করে।

নেটওয়ার্কের সমস্যা সমাধানে কাজ চলার মধ্যেই গতকাল মঙ্গলবার দিনের শুরুতে কর্মীদের পালাক্রমে কার্যালয়ে আসার নির্দেশ দিয়েছিল এনএসএ। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে জানিয়ে কর্মীদের নিয়মিত কাজে ফেরার অনুমতি দেওয়া হয়। কিন্তু কয়েক ঘণ্টার ব্যবধানেই আবার সিদ্ধান্ত পরিবর্তন করে কার্যালয় প্রাঙ্গণে অধিকাংশ কর্মীর প্রবেশ বন্ধ করে দেওয়া হয়। কেন এই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে, তা স্পষ্ট নয়।

এনএসএর পক্ষ থেকে মঙ্গলবার বিকেলে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, নিয়মিত রক্ষণাবেক্ষণের নির্ধারিত কাজ চলার সময় সংস্থাটির নেটওয়ার্কে সাময়িক বিঘ্ন ঘটে। এতে কিছু অভ্যন্তরীণ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হলেও গুরুত্বপূর্ণ কার্যক্রম পুরোপুরি সচল রয়েছে। জাতীয় নিরাপত্তা রক্ষার সক্ষমতাও অক্ষুণ্ন রয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, নিয়মিত রক্ষণাবেক্ষণ কিংবা আকস্মিক কোনো সমস্যার মধ্যেও কার্যক্রম চালু রাখতে এনএসএর অবকাঠামোয় একাধিক বিকল্প ব্যবস্থা রয়েছে।

এদিকে বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র সিএনএনকে জানিয়েছে, নেটওয়ার্ক পুনরায় চালু করার কাজ চললেও তা পুরোপুরি সচল হয়নি।

যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক জে ক্লেটন মঙ্গলবার বিকেলে জানান, গত মাসে শনাক্ত হওয়া সফটওয়্যারের বড় ধরনের নিরাপত্তাত্রুটি দূর করতে এনএসএ একটি সফটওয়্যার হালনাগাদ করছিল। সেই কাজের কারণেই নেটওয়ার্কে এ সমস্যা দেখা দিয়েছে।

ফক্স বিজনেসকে ক্লেটন বলেন, নিরাপত্তাত্রুটি সমাধানে সফটওয়্যারে প্রয়োজনীয় পরিবর্তন আনার পর কিছু ব্যবস্থা প্রত্যাশামতো পুনরায় চালু হয়নি। এনএসএর ক্ষেত্রেও সেটিই ঘটেছে।

ক্লেটন যে নিরাপত্তাত্রুটির কথা বলেছেন, তা পিএইচপি নামের একটি প্রোগ্রামিং ভাষার সঙ্গে সম্পর্কিত। বিশ্বের প্রায় ৭০ শতাংশ ওয়েবসাইট পরিচালনায় এই ভাষা ব্যবহৃত হয়। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিভিন্ন প্রযুক্তির সহায়তায় গবেষকেরা এসব ত্রুটি কাজে লাগিয়ে নিরাপত্তাব্যবস্থা ভাঙার উপায় খুঁজে পান। এরপর গত কয়েক সপ্তাহে বিশ্বজুড়ে সরকারি সংস্থা ও বিভিন্ন প্রতিষ্ঠান ত্রুটিগুলো সমাধানে তৎপর হয়ে ওঠে। এনএসএও বিভিন্ন প্রতিষ্ঠানকে সফটওয়্যার হালনাগাদ করার পরামর্শ দিয়েছিল।

পিএইচপির এসব নিরাপত্তাত্রুটি কাজে লাগিয়ে হ্যাকাররা ওয়েবসাইটে অনুপ্রবেশ করতে পারে। এমনকি পাসওয়ার্ডের মতো সংবেদনশীল তথ্য থাকতে পারে, এমন তথ্যভান্ডারেও প্রবেশের সুযোগ তৈরি হতে পারে।

তবে ক্লেটন বলেছেন, এনএসএর নেটওয়ার্কসহ সাম্প্রতিক সময়ে বিভিন্ন প্রযুক্তি ব্যবস্থায় যে বিপর্যয় ঘটেছে, সেগুলোর কোনোটিই সাইবার হামলার কারণে হয়েছে বলে প্রমাণ পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের একজন বর্তমান ও একজন সাবেক কর্মকর্তা জানিয়েছেন, এনএসএনেট অচল হয়ে পড়লেও এশিয়া সফরে থাকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে জরুরি গোয়েন্দা তথ্য পৌঁছানোর সক্ষমতা সংস্থাটির রয়েছে। এয়ারফোর্স ওয়ানে অবস্থানকালেও তাঁর সঙ্গে নিরাপদে যোগাযোগ করা সম্ভব। প্রেসিডেন্টের সঙ্গে নিরাপদ যোগাযোগ বজায় রাখতে সরকারের একাধিক বিকল্প ব্যবস্থা ও ব্যাকআপ নেটওয়ার্ক রয়েছে।

এনএসএর সাবেক এক জ্যেষ্ঠ কর্মকর্তা সিএনএনকে বলেন, এনএসএনেট মূলত একাধিক নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত। ফলে বিকল্প ব্যবস্থার কারণে পুরো নেটওয়ার্ক একসঙ্গে অচল হয়ে পড়ার সম্ভাবনা কম। তবে এ সমস্যায় গোয়েন্দা তথ্য বিশ্লেষণ ও প্রতিবেদন তৈরির কাজে প্রভাব পড়তে পারে। সর্বোচ্চ অগ্রাধিকারের কাজগুলো সম্পন্ন করার বিকল্প উপায় অবশ্যই খুঁজে বের করা হবে। তাঁর ভাষায়, পরিস্থিতি উদ্বেগজনক হলেও এটি সংস্থাটির কার্যক্রম পুরোপুরি অচল করে দেওয়ার মতো নয়।

মঙ্গলবার সকালে এনএসএর কর্মীদের জন্য চালু স্বয়ংক্রিয় ফোনবার্তায় পরিস্থিতিকে ‘কোড ইয়েলো’ হিসেবে উল্লেখ করা হয়। কর্মীদের কার্যালয়ে উপস্থিতির বিষয়ে তিন স্তরের সতর্কতাব্যবস্থায় এটি দ্বিতীয় সর্বোচ্চ স্তর। এ অবস্থায় জরুরি দায়িত্বে নিয়োজিত কর্মীদের যথারীতি কার্যালয়ে আসতে বলা হয়। অন্য কর্মীদের পালাক্রমে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়। নিউইয়র্ক টাইমস প্রথম এ তথ্য প্রকাশ করে।

মঙ্গলবার সন্ধ্যার কোনো এক সময় ওই ফোনবার্তায় সতর্কতার মাত্রা কমিয়ে ‘কোড গ্রিন’ করা হয়। তখন কর্মীদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে ততক্ষণে নেটওয়ার্কের সমস্যা পুরোপুরি সমাধান হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

এরপর মঙ্গলবার রাতে আবার সতর্কতার মাত্রা বাড়িয়ে ‘কোড অরেঞ্জ’ করা হয়। ফোনবার্তার তথ্য এবং বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্রের বরাতে জানা গেছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অধিকাংশ কর্মীর জন্য এনএসএর সদর দপ্তর প্রাঙ্গণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা সংস্থার এই নেটওয়ার্ক বিপর্যয়ের ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন দেশটির বিভিন্ন বিমান সংস্থা ও বড় বড় প্রতিষ্ঠানের প্রযুক্তি ব্যবস্থায় একের পর এক বড় ধরনের ত্রুটি দেখা যাচ্ছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.