মালিকানা বিরোধ: চট্টগ্রাম বন্দরে আটক রুশ তেলবাহী ট্যাংকার
মার্কিন নিষেধাজ্ঞা ও নিলামের পর রুশ কোম্পানির প্রায় ১৩৩ কোটি টাকার ক্ষতিপূরণ মামলার জেরে চট্টগ্রামে আটকে গেছে 'এম/টি এরা' নামের একটি তেলবাহী ট্যাংকার। আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক ও বাণিজ্যিক এই দ্বন্দ্বের কারণে বাংলাদেশের আদালত ও বন্দর ব্যবস্থাপনা জটিল আইনি প্রক্রিয়ায় জড়িয়ে পড়েছে। জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আটকে থাকায় 'পিএইচপি শিপ ব্রেকিং অ্যান্ড রি-সাইক্লিং ইন্ডাস্ট্রি'র জাহাজ ভাঙা চুক্তিও আইনি অনিশ্চয়তায় পড়েছে। আজ শুক্র দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ গত ৫ নভেম্বর ট্যাংকারটি আটকের পরোয়ানা জারি করেন। মার্কিন সরকারি নথিতে 'এম/টি বেলা ১' এবং বাংলাদেশের আদালতের নথিতে 'এম/টি এরা' নামে পরিচিত জাহাজটির মালিকানা দাবি করে হাইকোর্টে ২০২৬ সালের ৪৪ নম্বর অ্যাডমিরালটি মামলা দায়ের করেছে রাশিয়ার কোম্পানি 'বুরেভেস্টমারিন এলএলসি'।
মামলায় প্রতিষ্ঠানটি নিজেদের জাহাজটির বৈধ ও প্রকৃত মালিক দাবি করে তা ফেরত দেওয়ার পাশাপাশি ১ কোটি ৭ লাখ ৩১ হাজার ৯১৮ ডলার ৮৫ সেন্ট (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩৩ কোটি টাকা) ক্ষতিপূরণ চেয়েছে। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডভিত্তিক 'গ্লোবাল মার্কেটিং সিস্টেমস ইনকরপোরেশন' (জিএমএস) থেকে পিএইচপির কাছে জাহাজটি বিক্রির প্রক্রিয়াকে অবৈধ বলে দাবি করেছে রুশ প্রতিষ্ঠানটি। ট্যাংকারটি বর্তমানে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে নজরদারিতে থাকায় এর স্ক্র্যাপিং বা কাটার কার্যক্রম বন্ধ রয়েছে।
পিএইচপি শিপ ব্রেকিং অ্যান্ড রি-সাইক্লিং ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক ও আমদানিকারক জহিরুল ইসলাম রিংকু জানিয়েছেন, বাংলাদেশ শিপ রি-সাইক্লিং বোর্ডের কাছ থেকে অনাপত্তি সনদ (এনওসি) পাওয়ার পরই তারা আমদানি প্রক্রিয়া সম্পন্ন করেছিলেন। তবে জাহাজটি বুঝে না পাওয়ায় এর বিপরীতে খোলা এলসির অর্থ ছাড় করা হয়নি এবং তারা হাইকোর্টে বিচারাধীন অ্যাডমিরালটি মামলাটি নিষ্পত্তির অপেক্ষায় রয়েছেন।
অন্যদিকে জিএমএসের বাংলাদেশ প্রতিনিধি এবং স্থানীয় শিপিং এজেন্সি আরএস শিপিং ও এইচএম শিপিংয়ের মালিক মোহাম্মদ রফিকুল ইসলাম বলেছেন, নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে মার্কিন ফেডারেল আদালতে জাহাজটির বিরুদ্ধে মামলা ছিল এবং মার্কিন কর্তৃপক্ষ এটি যুক্তরাষ্ট্রে নিয়ে আদালতের নিলামে বিক্রি করে। জিএমএস সেই নিলাম থেকে জাহাজটি কিনে স্ক্র্যাপ করার জন্য বাংলাদেশে বিক্রি করে বলে তিনি উল্লেখ করেন।
মালিকানা বিরোধের পাশাপাশি বাংলাদেশে পৌঁছানোর পর ট্যাংকারটি কাস্টমস ও কোস্ট গার্ডের পৃথক আইনি প্রক্রিয়ার মুখে পড়েছে। চট্টগ্রাম কাস্টমস হাউস গত ৪ নভেম্বরের এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ট্যাংকারটি বন্দরে পৌঁছানোর ২৪ ঘণ্টার মধ্যে আমদানি সংক্রান্ত তথ্য বা ইমপোর্ট ম্যানিফেস্ট জমা দিতে ব্যর্থ হয়েছে, যা কাস্টমস আইন ২০২৩-এর ৪৮ ধারা এবং অ্যাসাইকুডা ওয়ার্ল্ড ব্যবস্থার নিয়মের লঙ্ঘন। এ ঘটনায় জাহাজটি এবং এর স্থানীয় শিপিং এজেন্ট আরএস শিপিং ও এইচএম শিপিংয়ের বিরুদ্ধে আলাদা আইনি প্রক্রিয়া শুরু করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
চট্টগ্রাম কাস্টমস হাউসের সহকারী কমিশনার ও মুখপাত্র শরীফ আল আমীন জানিয়েছেন, অনুমতি ছাড়া জাহাজ থেকে পণ্য বা সামগ্রী নামানোর মতো অপরাধের ক্ষেত্রে আইনে ২ লাখ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।
এর আগে ভারতীয় নাগরিক ক্যাপ্টেন সঞ্জয় বাদোনির নেতৃত্বে গত ১১ অক্টোবর জাহাজটি কুতুবদিয়া উপকূলে পৌঁছায়। বাংলাদেশ কোস্ট গার্ডের নথি অনুযায়ী, জাহাজটি ট্র্যাকিং সিস্টেম বা অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম (এআইএস) বন্ধ রেখে অনুমোদন ছাড়াই এক জাহাজ থেকে অন্য জাহাজে তেল খালাস ও বিপজ্জনক বর্জ্য ব্যবস্থাপনা করেছে।
গত ১৯ ও ২৩ অক্টোবর অভিযান চালিয়ে কোস্ট গার্ড প্রায় ৭৫০ টন জ্বালানি তেল, তেলের গাদ (স্লাজ) ও বর্জ্য 'এম/টি হজরত ওমর কুরুনি' এবং 'এম/টি সীমা গিরি' নামের দুটি দেশীয় লাইটার জাহাজে স্থানান্তর হওয়ার প্রমাণ পায়। এ ছাড়া মূল ট্যাংকারে আরও প্রায় ২০০ টন জমাটবদ্ধ স্লাজ এবং ৫০ টন তৈলাক্ত নোংরা পানি ও অপরিশোধিত বর্জ্য পাওয়া যায়। এ ধরনের উপাদানের অনিয়ন্ত্রিত খালাস উপকূলীয় পরিবেশ ও সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য হুমকি বলে সতর্কবার্তা দিয়েছে কোস্ট গার্ড। তবে তেল ও স্লাজ স্থানান্তরের অভিযোগের কোনো ভিত্তি নেই বলে দাবি করেছেন রফিকুল ইসলাম।
২০০২ সালে নির্মিত এই তেলবাহী ট্যাংকারটি অতীতে 'বেলা ১' ও 'মারিনেরো' নামে পরিচিত ছিল। ভেনেজুয়েলা, ইরান ও রাশিয়ার সঙ্গে সংশ্লিষ্ট নিষিদ্ধ তেল পরিবহনের অভিযোগে মার্কিন ট্রেজারি বিভাগের অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল (ওফ্যাক) জাহাজটিকে কালো তালিকাভুক্ত করে। ২০২৬ সালের শুরুর দিকে ক্যারিবীয় অঞ্চলে মার্কিন অবরোধ এড়িয়ে যাওয়ার চেষ্টার পর ট্যাংকারটি যুক্তরাষ্ট্রের নজরদারিতে পড়ে এবং টানা দুই সপ্তাহ তাড়া করার পর ২০২৬ সালের ৭ জানুয়ারি যুক্তরাজ্যের সহায়তায় আইসল্যান্ডের দক্ষিণে রাশিয়ার পতাকাবাহী অবস্থায় এটি জব্দ করে মার্কিন বাহিনী।
পরবর্তীতে জাহাজটি স্কটিশ জলসীমায় আটকে রাখার পর এপ্রিল মাসে মেক্সিকো উপসাগরে নিয়ে যাওয়া হয়। সেখানে মার্কিন কোস্ট গার্ডের নির্দেশ অমান্য করার অভিযোগে জাহাজটির ক্যাপ্টেন মার্কিন ফেডারেল আদালতে দোষ স্বীকার করেন এবং এরপর ট্যাংকারটির নাম পরিবর্তন করে 'এম/টি এরা' রেখে আফ্রিকার দ্বীপরাষ্ট্র কমোরোসের পতাকাবাহী করা হয়। মার্কিন বিচার বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ২৩ ডিসেম্বর ওফ্যাকের জারি করা বিশেষ লাইসেন্সের অধীনে জাহাজটি নিষ্পত্তির অনুমোদন মেলে এবং ২০২৬ সালের ১২ মে 'এম/টি ভেরোনিকা' নামের আরেকটি ট্যাংকারসহ এটি জিএমএসের কাছে বিক্রি করা হয়। পরবর্তীতে জিএমএস জাহাজটি ভাঙার জন্য বিক্রি করলে পিএইচপি শিপ ব্রেকিং এর ক্রেতা হিসেবে যুক্ত হয়।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.