গবেষক: কেমোর সঙ্গে দৈনিক ওষুধে অগ্ন্যাশয়ের টিউমার ছোট হয়
উন্নত পর্যায়ের অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াটিক ক্যানসারে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে কেমোথেরাপির সঙ্গে প্রতিদিন একটি নির্দিষ্ট বড়ি সেবনে টিউমারের আকার উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। প্রাথমিক ধাপের এক ক্লিনিক্যাল ট্রায়ালে অংশ নেওয়া প্রতি ১০ জন রোগীর মধ্যে প্রায় ছয়জনের শরীরেই টিউমার সংকুচিত হওয়ার প্রমাণ পেয়েছেন গবেষকরা।

স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত ‘ইওআরটিসি-এনসিআই-এএসিআর সিম্পোজিয়াম অন মলিকুলার টার্গেটস অ্যান্ড ক্যানসার থেরাপিউটিকস’ শীর্ষক সম্মেলনে এই গবেষণার ফল উপস্থাপন করা হয়। এই ট্রায়ালে ‘ডারাক্সনরাসিব’ নামের একটি সুনির্দিষ্ট লক্ষ্যভিত্তিক (টার্গেটেড) ওষুধের কার্যকারিতা পরীক্ষা করা হয়। যেসব রোগীর অগ্ন্যাশয়ের ক্যানসার অন্যান্য অঙ্গে ছড়িয়ে পড়েছে, এমন ৬১ জন রোগীকে কেমোথেরাপির পাশাপাশি এই ওষুধ দেওয়া হয়েছিল। অংশগ্রহণকারী রোগীদের কেউই এর আগে মেটাস্ট্যাটিক রোগের কোনো চিকিৎসা নেননি।
গবেষণার পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান রেভল্যুশন মেডিসিন্স জানায়, পরীক্ষায় অংশ নেওয়া রোগীদের ৬০ দশমিক ৭ শতাংশের ক্ষেত্রে নিশ্চিত ইতিবাচক সাড়া পাওয়া গেছে। অর্থাৎ তাদের টিউমার সংকুচিত হয়েছে কিংবা স্ক্যানে আর শনাক্ত করা যায়নি। এর মধ্যে পাঁচজন বা ৮ দশমিক ২ শতাংশ রোগীর ক্ষেত্রে সম্পূর্ণ নিরাময়মূলক প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় এবং তাদের শরীরে আর কোনো দৃশ্যমান টিউমার ছিল না। তবে টিউমার শনাক্ত না হওয়া মানেই রোগী পুরোপুরি সুস্থ হয়ে গেছেন—এমনটি মনে না করার বিষয়ে সতর্ক করেছেন গবেষকরা।
এছাড়া টিউমার সংকুচিত হওয়া কিংবা এর আকার স্থিতিশীল থাকাসহ সার্বিক রোগ নিয়ন্ত্রণে রাখার হার দাঁড়িয়েছে ৯০ দশমিক ২ শতাংশে। গড়ে ১৮ দশমিক ৩ মাস পর্যবেক্ষণের পর দেখা গেছে, রোগীদের রোগ বেড়ে না গিয়ে বেঁচে থাকার গড় সময় ছিল ১২ দশমিক ৮ মাস। ক্যানসার আরও মারাত্মক রূপ না নিয়ে রোগীরা কতদিন বেঁচে থাকেন, তা এই হিসাবের মাধ্যমে পরিমাপ করা হয়।
উৎসাহব্যঞ্জক ফলাফল পাওয়া সত্ত্বেও গবেষকরা জোর দিয়ে বলেছেন, গবেষণাটি ছিল তুলনামূলক ছোট পরিসরের। এতে কেবল কেমোথেরাপি নেওয়া রোগীদের সঙ্গে এলোমেলো বা তুলনামূলক যাচাইয়ের ব্যবস্থা ছিল না। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব বার্মিংহামের অধ্যাপক ও ট্রান্সলেশনাল অনকোলজি বিশেষজ্ঞ শিবান শিবকুমার সায়েন্স মিডিয়া সেন্টারের মাধ্যমে প্রকাশিত বক্তব্যে এই ফলাফলকে ‘খুবই উৎসাহব্যঞ্জক’ বলে অভিহিত করেছেন। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, আগের কেমোথেরাপি সংক্রান্ত গবেষণার সঙ্গে তুলনা করে নতুন এই সমন্বিত চিকিৎসা রোগীদের আয়ু বাড়াতে পেরেছে কি না, তা নিশ্চিত করে বলা সম্ভব নয়। শিবান শিবকুমার বলেন, ‘এই আশাব্যঞ্জক ফলাফল রোগীদের সামগ্রিক বেঁচে থাকার সময়কে দীর্ঘায়িত করবে কি না, তা আমরা এখনও জানি না।’
বর্তমানে এই চিকিৎসা মূল্যায়নের জন্য ‘র্যাসলুট ৩০৩’ নামের আরও বড় পরিসরের একটি তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলমান রয়েছে। সেখানে পূর্বে চিকিৎসা না নেওয়া মেটাস্ট্যাটিক অগ্ন্যাশয় ক্যানসার রোগীদের ক্ষেত্রে কেবল কেমোথেরাপির বিপরীতে শুধু ডারাক্সনরাসিব এবং কেমোথেরাপির সঙ্গে ডারাক্সনরাসিবের যৌথ প্রয়োগের তুলনামূলক কার্যকারিতা পরীক্ষা করা হচ্ছে।
সম্মেলনের আয়োজকদের মতে, ডারাক্সনরাসিব মূলত সক্রিয় ‘আরএএস’ প্রোটিনকে প্রতিহত করে কাজ করে। এই প্রোটিনগুলো ক্যানসার বৃদ্ধিতে সংকেত পাঠায়। অগ্ন্যাশয়ের ৯০ শতাংশেরও বেশি ক্যানসারে এই আরএএস জিনের রূপান্তর ঘটে থাকে। প্রাথমিক ট্রায়ালে রোগীদের জেমসিটাবিন ও ন্যাব-প্যাক্লিট্যাক্সেল কেমোথেরাপির পাশাপাশি প্রতিদিন ডারাক্সনরাসিব দেওয়া হয়েছিল। এর সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে ছিল ত্বকে ফুসকুড়ি, ডায়রিয়া, ক্লান্তি এবং রক্তকণিকা কমে যাওয়া। পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে প্রায় ৫ শতাংশ রোগী এই চিকিৎসা বন্ধ করে দেন।
এর আগে ২৬ আগস্ট যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) নির্দিষ্ট কিছু প্রাপ্তবয়স্ক মেটাস্ট্যাটিক অগ্ন্যাশয় ক্যানসার রোগীর জন্য ‘রাসনক’ নামে বাজারজাত করা ডারাক্সনরাসিব অনুমোদন দেয়। যেসব রোগী পূর্বে অন্তত একটি চিকিৎসা নিয়েছেন কিংবা একাধিক ওষুধের সমন্বিত থেরাপি নিতে অক্ষম, তাদের ক্ষেত্রে এই অনুমোদন কার্যকর। তবে প্রাথমিক চিকিৎসার অংশ হিসেবে নতুন এই গবেষণায় ব্যবহৃত সমন্বিত রূপটি এখনও তদন্তাধীন রয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.