বোর্ড চেয়ারম্যান: প্রস্তাব না পেলে আইনি প্রক্রিয়ায় নতুন মজুরি নির্ধারণ
পোশাক খাতের শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণের প্রক্রিয়ায় মালিকপক্ষের কাছ থেকে কাঙ্ক্ষিত প্রস্তাব না পেলে আইনি কাঠামোর ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেবে নিম্নতম মজুরি বোর্ড। আগামী ২৩ নভেম্বরের নির্ধারিত সভায় এই প্রস্তাব পাওয়া যাবে বলে আশা করছে বোর্ড। সব প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে আগামী ডিসেম্বর মাস থেকেই নতুন মজুরি কার্যকরের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

শনিবার বিকেলে ঢাকার সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রম পরিস্থিতি পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী এসব তথ্য জানান। তিনি বলেন, ২৩ তারিখের সভার বিষয়টি আগেই ঘোষণা করা হয়েছে। কাউকে প্রস্তাব দিতে বাধ্য করার সুযোগ নেই উল্লেখ করে তিনি জানান, নির্দিষ্ট সময়ের মধ্যে প্রস্তাব না এলে বোর্ডের নিজস্ব প্রক্রিয়া, সূচক ও নির্দেশক অনুসরণ করে কাজ এগিয়ে নেওয়া হবে।
গত ১ নভেম্বর নতুন মজুরি বোর্ড গঠনের পর ৪ নভেম্বর প্রথম সভা অনুষ্ঠিত হয়। শ্রম আইন অনুযায়ী বোর্ড গঠনের পর ছয় মাসের মধ্যে অর্থাৎ আগামী ৩০ এপ্রিল পর্যন্ত কার্যক্রম শেষ করার সুযোগ রয়েছে। তবে মালিক ও শ্রমিক উভয় পক্ষই দ্রুত কাজ শেষ করতে সম্মত হওয়ায় ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকরের প্রত্যাশা তৈরি হয়েছে। এর আগে দ্বিতীয় ও তৃতীয় সভা স্থগিত হওয়ার কারণে মালিকপক্ষ অসহযোগিতা করছে ভেবে শ্রমিকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল। এ প্রসঙ্গে বোর্ডের চেয়ারম্যান জানান, কোনো পক্ষের চাপে নয়, বরং যৌক্তিক কারণেই সভাগুলো স্থগিত করা হয়েছিল। মালিকপক্ষের সঙ্গে বোর্ডের কোনো দূরত্ব তৈরি হয়েছে কি না, তা মূল্যায়নের সময় এখনো আসেনি বলেও তিনি মন্তব্য করেন।
মজুরি নির্ধারণের জটিল প্রক্রিয়ার কথা তুলে ধরে সৈয়দ আজাদ সুবহানী জানান, মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধি ছাড়াও নিরপেক্ষ প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হয়। বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান বোর্ডের কাছে প্রস্তাব পাঠাচ্ছে। পাশাপাশি দেশে থাকা ৬১টি শ্রমিক ফেডারেশনের পৃথক প্রস্তাব পর্যালোচনা করতে সময় প্রয়োজন। মজুরি বোর্ডে চেয়ারম্যানসহ সাতজন সদস্য, একজন সচিব এবং ১০ থেকে ১২ জন সহায়ক জনবল রয়েছেন। বিপুলসংখ্যক শ্রমিকের জন্য এই সীমিত জনবল নিয়ে দিন-রাত কাজ চলছে। ৪০ লাখ শ্রমিকের সবার কাছে ব্যক্তিগতভাবে পৌঁছানো সম্ভব না হওয়ায় গণমাধ্যমের মাধ্যমে বার্তা দেওয়া হচ্ছে।
এর আগে বোর্ডের চেয়ারম্যানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আশুলিয়ার পলাশবাড়ী এলাকার একটি পোশাক কারখানা পরিদর্শন করে শ্রমিকদের দাবি, বেতন ও কর্মপরিবেশ নিয়ে কথা বলে। পরিদর্শনকালে কোনো শ্রমিক কর্মপরিবেশ নিয়ে অসন্তোষ না জানালেও পরিবারের সদস্যসংখ্যা বেশি হওয়ায় আর্থিক সংকটের কথা তুলে ধরেন। পরিদর্শনে দুজন শ্রমিক পারিবারিক ব্যয়ের চাপের কথা জানান। অন্যদিকে, কিছু পরিবারে স্বামী-স্ত্রী ছাড়াও সন্তান বা ভাইয়েরা কাজ করছেন। একটি প্রতিষ্ঠানে একই পরিবারের তিনজনের সম্মিলিত আয় ৭০ থেকে ৭৫ হাজার টাকা হওয়ার বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন বোর্ডের চেয়ারম্যান।
শ্রমিকদের আন্দোলনের অধিকার রাষ্ট্র কর্তৃক সুরক্ষিত উল্লেখ করে সৈয়দ আজাদ সুবহানী বলেন, এর মাধ্যমেই শ্রমিকদের প্রকৃত সমস্যা জানা যায়। তবে আন্দোলনের নামে বিশৃঙ্খলা বা অপরাধমূলক কর্মকাণ্ডের কোনো সুযোগ নেই। তিনি শ্রমিকদের তৃতীয় কোনো পক্ষের ইন্ধনে বিভ্রান্ত না হয়ে ধৈর্য ধারণের আহ্বান জানান। সাভার ও আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের পেছনে গোয়েন্দা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো ব্যর্থতা রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি জানান, তার মূল কাজ কেবল মজুরি নির্ধারণ করা। সরাসরি মাঠে গিয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং অন্য কোনো সংস্থার ব্যর্থতা নিয়ে মন্তব্য করা তার দায়িত্বের মধ্যে পড়ে না। দেশের রপ্তানি আয়ে শীর্ষ অবদান রাখা পোশাক খাত যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে জোর দিয়ে তিনি শ্রমিকদের কল্যাণে ভূমিকা রাখার ইচ্ছা প্রকাশ করেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.