আপনি পড়ছেন

রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা মেট্রোরেলের নিরাপত্তা নিশ্চিত করতে এর সীমানার ২০ মিটারের মধ্যে থাকা সব ভবনের ছাদ ব্যবহার ও সার্বক্ষণিক নজরদারিসহ বিভিন্ন শর্তে মালিকদের কাছ থেকে লিখিত অঙ্গীকারনামা নিচ্ছে পুলিশ। সাম্প্রতিক সময়ে বিভিন্ন নাশকতামূলক ঘটনার প্রেক্ষাপটে এই বিশেষ নিরাপত্তামূলক পদক্ষেপ বাস্তবায়ন করা হচ্ছে।

মেট্রোরেলের আশপাশের ভবন-প্রতিষ্ঠান থেকে নিরাপত্তার অঙ্গীকারনামা নিচ্ছে পুলিশ
মেট্রোরেল

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সব স্থাপনা ‘১(ক)’ শ্রেণির কেপিআই হিসেবে ঘোষিত। কেপিআই নিরাপত্তা নীতিমালা-২০১৩-এর ৬.১.৬ অনুচ্ছেদ অনুযায়ী, মেট্রোরেল স্থাপনার সীমানাপ্রাচীর থেকে ২০ মিটার দূরত্বের মধ্যে অবস্থিত সব ধরনের ইমারত ও প্রতিষ্ঠানের মালিক এবং ভাড়াটিয়াদের কাছ থেকে এ ধরনের অঙ্গীকারনামা গ্রহণের বিধান রয়েছে। সংশ্লিষ্ট এলাকার থানা-পুলিশ এসব অঙ্গীকারনামা সংগ্রহ করে নিজস্ব নথিতে সংরক্ষণ করছে।

অঙ্গীকারনামার শর্তানুযায়ী, ভবনের ভেতর, বারান্দা কিংবা ছাদ ব্যবহার করে যেন রাষ্ট্রবিরোধী, জননিরাপত্তা বিঘ্নকারী বা নাশকতামূলক কোনো কর্মকাণ্ড চালানো না যায়, তা সংশ্লিষ্ট ভবন মালিক ও ব্যবহারকারী সংস্থাকে নিশ্চিত করতে হবে। ভবন থেকে মেট্রোরেল স্থাপনার দিকে সরাসরি নজরদারি বা অননুমোদিত পর্যবেক্ষণ ঠেকাতে প্রয়োজনীয় অংশে পর্দা বা স্ক্রিনের ব্যবস্থা করার কথা বলা হয়েছে। পাশাপাশি পুরো ভবনে সিসিটিভি ক্যামেরার সাহায্যে ২৪ ঘণ্টা নজরদারি চালু রাখতে হবে।

ভবনের ছাদ ও সংরক্ষিত এলাকায় প্রবেশের ক্ষেত্রে কড়া নিয়ন্ত্রণ আরোপের নির্দেশ রয়েছে। অফিস চলাকালীন এবং অফিস সময়ের পর রাতে কোনো কর্মকর্তা, কর্মচারী বা বহিরাগত ব্যক্তি অনুমতি ছাড়া এসব জায়গায় যেতে পারবেন না। এই তদারকির জন্য সার্বক্ষণিক নিরাপত্তাকর্মীদের টহল ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এ ছাড়া কোনো বাসিন্দা, ভাড়াটিয়া কিংবা নতুন ভাড়াটিয়ার আচরণ ও চলাফেরা সন্দেহজনক মনে হলে তাৎক্ষণিকভাবে পুলিশ ও ডিএমটিসিএল কর্তৃপক্ষকে জানাতে হবে। ভবনের কোনো অংশ নতুন কারও কাছে ভাড়া বা হস্তান্তর করা হলে তাকেও এসব শর্তের বিষয়ে অবগত করে তা মানতে বাধ্য করার দায়িত্ব দেওয়া হয়েছে ভবন মালিকের ওপর।

নির্ধারিত এসব শর্ত লঙ্ঘন করা হলে কিংবা ভবনে কোনো ধরনের নাশকতা সংঘটিত হলে প্রচলিত আইন ও কেপিআই নিরাপত্তা নীতিমালা অনুযায়ী সংশ্লিষ্ট ভবন মালিক ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক আইনি ব্যবস্থা গ্রহণের বিধান রাখা হয়েছে।

এই প্রক্রিয়ার অংশ হিসেবে মতিঝিল এলাকায় অবস্থিত একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের প্রধান কার্যালয় থেকেও নিরাপত্তা অঙ্গীকারনামা নিয়েছে সংশ্লিষ্ট থানা-পুলিশ। নাম প্রকাশ না করার শর্তে ওই ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, মেট্রোরেলের পাশের ভবনে অবস্থানের কারণে ব্যাংক ও বাণিজ্যিক প্রতিষ্ঠান এমনকি আবাসিক ভবনের ওপর নাশকতাবিরোধী নিরাপত্তার দায়িত্ব দেওয়া হচ্ছে। তবে এ ধরনের নিরাপত্তা নিশ্চিতের প্রয়োজনীয় দক্ষতা বা প্রশিক্ষিত জনবল এসব প্রতিষ্ঠানের নেই। তাই সরকারের নিরাপত্তা বাহিনীরই বিষয়টি নিয়ে পরিকল্পনা করা উচিত। উদ্ভূত পরিস্থিতিতে ব্যাংকটির নিজস্ব কর্মকর্তা-কর্মচারীদের জন্যও অভ্যন্তরীণ নিরাপত্তা নির্দেশনা জারি করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, বিষয়টি কেবল অঙ্গীকারনামা নেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি সাধারণ মানুষকে সচেতন করার একটি প্রয়াস। তিনি উল্লেখ করেন, মেট্রোরেল কেপিআইভুক্ত স্থাপনা হওয়ায় নাশকতার ঝুঁকি এড়াতে এই সচেতনতামূলক উদ্যোগ নেওয়া হয়েছে। সবাই নিজ অবস্থান থেকে সতর্ক থাকলে নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ করা এবং জননিরাপত্তা বজায় রাখা সম্ভব হবে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.