আপনি পড়ছেন

ইসরায়েলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ঐক্যমত্যের সরকার গঠনকে ভোটারদের পিঠে ছুরি মারার শামিল বলে মন্তব্য করেছেন দেশটির বিরোধীদলীয় নেতা ইয়ার গোলান। একই সঙ্গে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় একটি সংখ্যালঘু সরকার গঠনের আহ্বান জানিয়েছেন তিনি।

গোলান: নেতানিয়াহুর সঙ্গে সরকার গঠন ‘পিঠে ছুরি মারার মতো’
ইসরায়েলের বিরোধী নেতা ইয়ার গোলান

রোববার মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ডেমোক্র্যাটস পার্টির নেতা গোলান জানান, সরকার গঠনের দায়িত্ব পাওয়ার তৃতীয় সপ্তাহে প্রবেশ করেছে তাদের ‘চেঞ্জ ব্লক’। তবে এখন পর্যন্ত কোনো বাস্তব অগ্রগতি দৃশ্যমান হয়নি। এই পরিস্থিতিতে নেতানিয়াহুর নেতৃত্বে আবারও সরকার গঠিত হওয়ার বাস্তবিক আশঙ্কা তৈরি হয়েছে বলে তিনি সতর্ক করেন।

গোলান বলেন, ‘যত দ্রুত সম্ভব নেতানিয়াহুকে ক্ষমতা থেকে অপসারণ করাই ছিল জনগণের কাছে এই ব্লকের নেতাদের প্রধান অঙ্গীকার।’ তিনি জোর দিয়ে বলেন, যারা এই অঙ্গীকার বাস্তবায়নে বাধা সৃষ্টি করছে, তাদের নিজেদের কর্মকাণ্ডের জবাবদিহি করতে হবে।

সংখ্যালঘু সরকার গঠনকেই বর্তমানে একমাত্র বাস্তবসম্মত বিকল্প হিসেবে বর্ণনা করেন গোলান। তিনি সতর্ক করে বলেন, নেতানিয়াহুর সঙ্গে যেকোনো ধরনের জাতীয় সরকার গঠনের উদ্যোগ ভোটারদের পিঠে ছুরি মারার নামান্তর হবে। তিনি আরও বলেন, নেতানিয়াহুর মন্ত্রিসভায় যোগ দেওয়ার জন্য নয়, বরং তাকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যেই চেঞ্জ ব্লকের নেতারা নির্বাচিত হয়েছেন। নেতানিয়াহুর সঙ্গে কোনো জাতীয় সরকার গঠনের প্রচেষ্টাকে তার দল সর্বাত্মকভাবে বিরোধিতা করবে বলেও তিনি নিশ্চিত করেন।

আল্ট্রা-অর্থোডক্স দলগুলোর সঙ্গে চলমান আলোচনার বিষয়ে গোলান জানান, পারস্পরিক সহযোগিতার বিষয়ে কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব না হলে সেটিকে সরকার গঠনের পূর্বশর্ত হিসেবে বিবেচনা করা উচিত নয়।

পাশাপাশি আরব দল ‘জয়েন্ট লিস্ট’-এর সঙ্গে সমঝোতার সম্ভাবনাগুলো গুরুত্বের সাথে বিবেচনা করার আহ্বান জানান এই বিরোধী নেতা। বর্ণবাদী মনোভাব ও অন্ধকার দৃষ্টিভঙ্গির ওপর ভিত্তি করে দলটির সঙ্গে রাজনৈতিক সহযোগিতা নাকচ করার প্রবণতা তিনি পুরোপুরি প্রত্যাখ্যান করেন। তিনি জানান, মনসুর আব্বাসের নেতৃত্বাধীন ইউনাইটেড আরব লিস্টের সঙ্গে তার দলের চমৎকার বোঝাপড়া রয়েছে।

এর আগে ৮ নভেম্বর চেঞ্জ ব্লকের নেতা গাদি আইজেনকোটকে নতুন সরকার গঠনের আনুষ্ঠানিক দায়িত্ব দেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ। সংবিধান অনুযায়ী সরকার গঠনের জন্য তাকে ২৮ দিন সময় দেওয়া হয়, যা পরবর্তীতে আরও ১৪ দিন বাড়ানোর সুযোগ রয়েছে। নির্দিষ্ট এই সময়ের মধ্যে তিনি ব্যর্থ হলে পার্লামেন্ট নেসেটের অন্য কোনো সদস্যকে সরকার গঠনের জন্য ২৮ দিনের সুযোগ দেওয়া হবে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.