অ্যামাজন ও ইবেতে এআই খেলনা বিক্রি বন্ধের আহ্বান
শিশুদের নিরাপত্তা ও মানসিক বিকাশ ঝুঁকির মুখে পড়ার শঙ্কায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবটযুক্ত খেলনা বিক্রি অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন। সোমবার অ্যামাজন ও ইবেকে এই খেলনাগুলোর বিক্রি সম্পূর্ণ স্থগিত করার আনুষ্ঠানিক আহ্বান জানায় শিশুদের সুরক্ষায় কাজ করা বৈশ্বিক একটি জোট।

অ্যামাজনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যান্ডি জ্যাসি এবং ইবের সিইও জেমি ইয়ানোনকে পাঠানো এক খোলা চিঠিতে এই আহ্বান জানানো হয়। চিঠিতে বলা হয়, স্বাধীন পরীক্ষার মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ১৬ বছরের কম বয়সীদের জন্য বাজারজাত করা জেনারেটিভ এআই চ্যাটবটযুক্ত খেলনা বিক্রি বন্ধ রাখতে হবে। একই সঙ্গে যেসব গ্রাহক ইতোমধ্যে এসব খেলনা কিনেছেন, তাদের সতর্ক করার পাশাপাশি অর্থ ফেরত দেওয়ার অনুরোধ জানানো হয়। এই জোটে ফেয়ারপ্লে, অ্যালায়েন্স ৪ চিলড্রেন এবং দ্য অ্যাঙ্কশাস জেনারেশন মুভমেন্টসহ ১৫৫টিরও বেশি শিশু সুরক্ষা সংগঠন ও বিশেষজ্ঞ যুক্ত রয়েছেন।
চিঠিতে উল্লেখ করা হয়, সম্প্রতি অ্যামাজনের মার্কিন প্ল্যাটফর্মে ৫০টিরও বেশি এআই খেলনা পাওয়া গেছে। এর আগে অক্টোবরের শেষের দিকে তাদের যুক্তরাজ্যের প্ল্যাটফর্মে এমন ২৮টি খেলনা শনাক্ত করা হয়। এসব পণ্যের কোনো কোনোটি এমনকি তিন বছর বয়সী শিশুদের কাছেও বিক্রি করা হচ্ছিল। অথচ পণ্যগুলো বয়স্কদের উপযোগী চ্যাটবটের সঙ্গে যুক্ত। এছাড়া কিছু খেলনার বিজ্ঞাপনে কণ্ঠস্বর নকল করা এবং শিশুদের আবেগীয় বিকাশ নজরদারির সুবিধার কথা প্রচার করা হয়েছে।
বিভিন্ন পরীক্ষায় দেখা গেছে, কিছু এআই খেলনা শিশুদের অনুপযুক্ত যৌন বিষয়ক উত্তর দিয়েছে। একই সঙ্গে দিয়াশলাই ও ছুরি ব্যবহারের নির্দেশনার পাশাপাশি খেলনাগুলোর মাধ্যমে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেছে। শিশুরা এসব কৃত্রিম সঙ্গীর প্রতি অস্বাস্থ্যকর মানসিক নির্ভরতা তৈরি করতে পারে বলেও সতর্ক করা হয়। শিশুদের বিকাশ ও মানসিক স্বাস্থ্যের ওপর এর দীর্ঘমেয়াদি প্রভাব এখনও অজানা।
জোটের পক্ষ থেকে বলা হয়, ‘শিশুদের কাছে পৌঁছানোর আগেই এসব পণ্যের নিরাপত্তা নিশ্চিত করা উচিত। ক্ষতির প্রমাণ পাওয়ার পর একে একে পণ্য সরিয়ে নেওয়া কোনো কার্যকর সমাধান নয়।’
ফেয়ারপ্লে-র ‘ইয়াং চিলড্রেন থ্রাইভ অফলাইন’ কর্মসূচির পরিচালক র্যাচেল ফ্রাঞ্জ বলেন, ‘অভিযোগ ওঠার পর খুচরা বিক্রেতারা তাদের তালিকা থেকে এআই খেলনাগুলো একটি একটি করে সরিয়ে নিচ্ছে, যা যথেষ্ট নয়।’
উভয় প্রতিষ্ঠানকে ক্রিসমাসের মধ্যে এ বিষয়ে জবাব দেওয়ার আহ্বান জানিয়েছে জোটটি, যাতে প্রাপ্ত তথ্য আইনপ্রণেতা ও অভিভাবকদের সঙ্গে ভাগ করে নেওয়া যায়।
এমন এক সময়ে এই আহ্বান এলো যখন ১৬ বছরের কম বয়সীদের জন্য তৈরি এআই সঙ্গী খেলনা তৈরি ও বিক্রির ওপর চার বছরের নিষেধাজ্ঞা জারির প্রস্তুতি নিচ্ছে ক্যালিফোর্নিয়া। এই নিষেধাজ্ঞা ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.