আপনি পড়ছেন

টানা বৃষ্টিতে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ৭০ হাজারের বেশি তাঁবু প্লাবিত হওয়ার পর সেখানে শীতকালীন জরুরি ত্রাণসামগ্রী প্রবেশে ইসরায়েলকে চাপ দিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির দুই প্রভাবশালী সিনেটর। সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে লেখা এক যৌথ চিঠিতে ডেমোক্রেট সিনেটর জিন শাহীন ও ব্রায়ান শ্যাটজ এই তাগিদ দেন।

বৃষ্টিতে ভাসছে গাজার তাঁবু, ত্রাণ সরবরাহ নিশ্চিতে ওয়াশিংটনের হস্তক্ষেপ দাবি
গাজায় বৃষ্টির পর তাঁবু এলাকা

চিঠিতে সিনেটররা উল্লেখ করেন, উদ্ধার সরঞ্জাম, আশ্রয় উপকরণ এবং প্রয়োজনীয় শীতকালীন সহায়তা প্রবেশে যাতে কোনো বাধা না থাকে, সেজন্য ওয়াশিংটনের প্রভাব খাটানো উচিত। তারা বলেন, ‘জনাব সেক্রেটারি, আমরা আপনাকে অনুরোধ করছি গাজায় পর্যাপ্ত উদ্ধার সরঞ্জাম, আশ্রয় এবং অন্যান্য গুরুত্বপূর্ণ শীতকালীন সামগ্রী প্রবেশের ক্ষেত্রে যাতে কোনো বাধা না থাকে, তা নিশ্চিতে যুক্তরাষ্ট্রের প্রভাব কাজে লাগান।’

সিনেটররা জানান, ইসরায়েলের দীর্ঘমেয়াদি যাচাই-বাছাই ও অনুমোদন প্রক্রিয়ার কারণে অনেক জরুরি ত্রাণ প্রবেশে বিলম্ব বা পুরোপুরি বাধাগ্রস্ত হচ্ছে। বর্তমানে ত্রাণের জন্য কেবল কেরেম শালম সীমান্ত পারাপারটি চালু রয়েছে। আশ্রয়ের জন্য প্রয়োজনীয় তাঁবুর কাঠের খুঁটিসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রীকে ইসরায়েলি কর্তৃপক্ষ ‘দ্বৈত ব্যবহারের পণ্য’ আখ্যা দিয়ে আটকে রাখছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

তারা আরও বলেন, গাজার বাইরে আটকে থাকা তাঁবু, ত্রিপল ও কম্বল অবিলম্বে প্রবেশের ছাড়পত্র দিতে হবে এবং আরও সীমান্ত পথ খুলে দিতে হবে। এছাড়া দ্বৈত ব্যবহারের পর্যালোচনা থেকে অব্যাহতি পাওয়া ত্রাণপণ্যের একটি পূর্বনির্ধারিত তালিকা প্রকাশ এবং অভিজ্ঞ আন্তর্জাতিক সংস্থাসমূহের জন্য কাজের সুযোগ পুনর্বহাল করার আহ্বান জানান তারা। সিনেটররা চিঠিতে জোর দিয়ে লেখেন, তাঁবু মেরামত, পয়ঃবর্জ্যের মধ্যে বসবাস থেকে মানুষকে রক্ষা করা এবং শীতে কাঁপতে থাকা শিশুদের উষ্ণতা দেওয়া একটি মৌলিক মানবিক দায়িত্ব।

জাতিসংঘ জানিয়েছে, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও সদস্য দেশগুলোর কেনা দেড় লাখেরও বেশি তাঁবু ইসরায়েলি অনুমোদনের অপেক্ষায় গাজার বাইরে পড়ে রয়েছে।

এদিকে অবরুদ্ধ উপত্যকাটিতে ইসরায়েলি সামরিক বাহিনীর আক্রমণ এখনও অব্যাহত রয়েছে। সোমবার গাজা সিটি এবং উত্তর গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে উত্তর গাজা সিটিতে আয়মান জিয়াদ সালহা নামের এক যুবক নিহত ও তিনজন আহত হন। এছাড়া আনসার জংশনের কাছে একটি গাড়িতে হামলায় তিনজন এবং জাবালিয়া শরণার্থী শিবিরে অপর এক হামলায় একজন নিহত হন। একই সঙ্গে খান ইউনিস ও মাগাজি শরণার্থী শিবির এলাকায় গুলিবর্ষণ ও কামানের গোলা নিক্ষেপ করেছে ইসরায়েলি বাহিনী।

অন্যদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় তীব্র সিসা বিষক্রিয়ায় এক শিশুর মৃত্যুর খবর নিশ্চিত করেছে। বাস্তুচ্যুত শিবিরে ব্যাটারি মেরামতের কাজ করার কারণে ওই শিশু বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছিল। স্বাস্থ্য মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের অভাবে বিপুলসংখ্যক শিশু হয়তো শনাক্তহীনভাবে এই দীর্ঘস্থায়ী সিসা বিষক্রিয়ায় ভুগছে। তারা নিরাপদ ব্যাটারি এবং রক্ত পরীক্ষার প্রয়োজনীয় সরঞ্জাম গাজায় প্রবেশের অনুমতি দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করেছে।

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় গাজায় এখন পর্যন্ত ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ৭৬ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। পাশাপাশি অঞ্চলটির ৯০ শতাংশ অবকাঠামো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.