জরিপ: শর্ত যাই হোক, ইরান যুদ্ধ বন্ধ চান অধিকাংশ মার্কিন নাগরিক
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ অবিলম্বে বন্ধ চান অধিকাংশ মার্কিন নাগরিক। যুদ্ধ বন্ধ করতে গিয়ে শর্তের ক্ষেত্রে ছাড় দিতে হলেও তাঁরা সংঘাতের অবসান চান। ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড ও গবেষণা প্রতিষ্ঠান ইপসোসের এক জনমত জরিপে এ তথ্য উঠে এসেছে। খবর আল জাজিরার

জরিপে অংশ নেওয়া ৫৫ শতাংশ মার্কিন নাগরিক বলেছেন, ‘শর্ত যাই হোক, এখনই যুদ্ধ বন্ধ করা উচিত।’ ডেমোক্রেটিক পার্টি ও স্বতন্ত্র ভোটারদের মধ্যে এ বিষয়ে সমর্থনের হার আরও বেশি। ডেমোক্র্যাটদের ৮০ শতাংশ এবং স্বতন্ত্র ভোটারদের ৫৯ শতাংশ যুদ্ধ বন্ধের পক্ষে মত দিয়েছেন। অন্যদিকে রিপাবলিকান ভোটারদের মধ্যে এ মতের সমর্থন জানিয়েছেন প্রায় ২৫ শতাংশ।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করে যুদ্ধ বন্ধের উদ্যোগ নেওয়ার পক্ষেও রয়েছেন অধিকাংশ ডেমোক্র্যাট ভোটার। জরিপে দেখা গেছে, দলটির ৫৩ শতাংশ ভোটার সামরিক অভিযানের জন্য বরাদ্দ অর্থ আটকে দেওয়ার পক্ষে। আর ৫১ শতাংশ ভোটার আগামী বাজেট আলোচনা চলাকালে ইরান যুদ্ধের অর্থায়ন বন্ধের উদ্যোগ সমর্থন করবেন। এ উদ্যোগের কারণে সরকারের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি থাকলেও তাঁরা এতে রাজি।
গতকাল মঙ্গলবার প্রকাশিত ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড ও গবেষণা প্রতিষ্ঠান ইপসোসের সর্বশেষ ‘ক্রিটিক্যাল ইস্যুজ পোল’-এ এসব তথ্য উঠে এসেছে। জরিপে যুক্তরাষ্ট্রের ১ হাজার ২২ জন প্রাপ্তবয়স্ক নাগরিক অংশ নেন।
জরিপটির প্রধান গবেষক শিবলি তেলহামি বলেন, শর্তের ক্ষেত্রে ছাড় দিতে হলেও যুদ্ধ বন্ধের পক্ষে এত বেশি মানুষের সমর্থন দেখে তিনি বিস্মিত হয়েছেন। আল-জাজিরাকে টেলিফোনে তিনি বলেন, ‘আমরা জানতাম, মানুষ এই যুদ্ধের তীব্র বিরোধিতা করছে এবং এর অবসান চায়। তবে যুদ্ধ বন্ধ করতে গিয়ে তারা কতটা ছাড় দিতে রাজি, সে বিষয়ে আমরা নিশ্চিত ছিলাম না।’
জরিপে অংশগ্রহণকারীদের সামনে তিনটি বিকল্প তুলে ধরা হয়। সেগুলো হলো—অবিলম্বে যুদ্ধ বন্ধ করা, সামরিক অভিযান আরও জোরদার করা অথবা ইরানের কাছ থেকে ছাড় আদায়ের লক্ষ্যে বর্তমান কৌশল অব্যাহত রাখা।
জরিপে দেখা গেছে, মাত্র ২১ শতাংশ উত্তরদাতা বর্তমান কৌশল অব্যাহত রাখার পক্ষে। আর সামরিক অভিযান আরও জোরদার করার পক্ষে মত দিয়েছেন ১৮ শতাংশ। তেলহামি বলেন, ‘স্পষ্টতই জনমত এখন যেকোনো উপায়ে যুদ্ধ বন্ধের পক্ষে।’
যুদ্ধ শুরুর পক্ষে যুক্তরাষ্ট্র সরকারের দেওয়া যুক্তিগুলো নিয়েও সন্দিহান দেশটির ভোটাররা। এসব যুক্তির মধ্যে রয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা। জরিপে অংশ নেওয়া মাত্র ২৮ শতাংশ মানুষ মনে করেন, যুদ্ধের কারণে পারমাণবিক অস্ত্র তৈরির ক্ষেত্রে ইরান আগের চেয়ে দুর্বল অবস্থানে পড়েছে।
ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে—এমন আশঙ্কার কথা দীর্ঘদিন ধরে জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র। তবে গোয়েন্দা মূল্যায়নে এখন পর্যন্ত এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যে, ২০০৩ সালে পারমাণবিক অস্ত্র কর্মসূচি পরিত্যাগের পর তেহরান আবারও এ ধরনের অস্ত্র তৈরির অনুমোদন দিয়েছে।
যুদ্ধের আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে হরমুজ প্রণালী। যুদ্ধ শুরুর পরপরই বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য গুরুত্বপূর্ণ এ জলপথ বন্ধ করে দেয় ইরান। জবাবে প্রণালিতে নৌ অবরোধ আরোপ করে ট্রাম্প প্রশাসন। বিশ্বের মোট জ্বালানি তেলের সরবরাহের প্রায় ২০ শতাংশ এ জলপথ দিয়ে পরিবহন করা হয়। যুদ্ধের কারণে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় জ্বালানির দামও বেড়েছে।
মঙ্গলবার প্রকাশিত জরিপে অংশ নেওয়া ৩৫ শতাংশ মানুষ মনে করেন, বর্তমানে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ইরানের হাতে। বিপরীতে মাত্র ১২ দশমিক ৭ শতাংশ মনে করেন, জলপথটির নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে।
এমন এক সময়ে জরিপের ফল প্রকাশ করা হলো, যখন অজনপ্রিয় এই যুদ্ধ বন্ধে কতটা কঠোর অবস্থান নেওয়া উচিত, তা নিয়ে ডেমোক্রেটিক পার্টির ভেতরে বিতর্ক চলছে। সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনে যুদ্ধবিরোধী জনমত এবং জ্বালানির মূল্যবৃদ্ধির মতো সংশ্লিষ্ট ইস্যুগুলো ডেমোক্র্যাটদের বড় ধরনের সাফল্যে ভূমিকা রেখেছে। অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের রিপাবলিকান পার্টি আধুনিক মার্কিন ইতিহাসের অন্যতম বড় নির্বাচনী বিপর্যয়ের মুখে পড়ে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারিয়েছে।
ডেমোক্রেটিক পার্টির যুদ্ধবিরোধী ও প্রগতিশীল অংশের নেতারা নির্বাচনের ফলকে প্রমাণ হিসেবে তুলে ধরছেন যে, ভোটাররা যুদ্ধ বন্ধের পাশাপাশি ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনেরও অবসান চান। তবে এ অবস্থানের কারণে দলের তুলনামূলকভাবে কঠোর পররাষ্ট্রনীতির পক্ষের নেতাদের সঙ্গে তাঁদের মতবিরোধ তৈরি হয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.