প্লাস্টিকের পাত্রে খাবার খাচ্ছেন? অজান্তেই বাড়ছে না তো কোলন ক্যানসারের ঝুঁকি!
খাবার সংরক্ষণ ও বহনে ব্যবহৃত প্লাস্টিকের পাত্র থেকে শরীরে প্রবেশ করা অতি ক্ষুদ্র কণা কোলন ক্যানসারের বিস্তার ও তীব্রতা বাড়িয়ে তুলতে পারে বলে সতর্ক করেছেন গবেষকেরা। কৃত্রিম প্লাস্টিকের ন্যানোকণার সংস্পর্শে থাকা প্রাণীর অন্ত্রে কোলোরেক্টাল ক্যানসারের টিউমারের সংখ্যা বৃদ্ধি পাওয়ার প্রমাণ মিলেছে নতুন এক গবেষণায়। বিজ্ঞান সাময়িকী ‘মলিকুলার ক্যানসার’-এ প্রকাশিত এই গবেষণাটি পরিবেশদূষণের সঙ্গে ক্যানসারের যোগসূত্র নিয়ে বিজ্ঞানীদের নতুন করে ভাবিয়ে তুলেছে।

ইউনিভার্সিটি অব টেক্সাসের এমডি অ্যান্ডারসন ক্যানসার সেন্টারের জিনোমিক মেডিসিনের সহযোগী অধ্যাপক আন্দ্রেয়া ভিয়ালে জানান, মানুষের কোলোরেক্টাল টিউমার ও রক্তের নমুনায় বিভিন্ন ধরনের প্লাস্টিক শনাক্ত হয়েছে। তবে এসব পর্যবেক্ষণ প্রাথমিক পর্যায়ের হওয়ায় সরাসরি প্লাস্টিকের কারণেই ক্যানসার হচ্ছে কি না, তা নিশ্চিত হতে আরও বিস্তৃত মানবভিত্তিক গবেষণার প্রয়োজন রয়েছে। এমন পরিস্থিতিতে তিনি খাবার ও পানীয় সংরক্ষণে প্লাস্টিকের বিকল্প হিসেবে কাচ, ধাতু বা কাগজের পাত্র ব্যবহারের পরামর্শ দিয়েছেন।
গবেষণার অংশ হিসেবে বিজ্ঞানীরা পরীক্ষাগারে ইঁদুরের শরীরে বিশেষ রাসায়নিক প্রয়োগের মাধ্যমে ক্যানসার তৈরি করেন। এরপর একদল ইঁদুরকে পলিস্টাইরিন নামের প্লাস্টিকের ক্ষুদ্র কণা খাওয়ানো হয় এবং অন্য দলকে দেওয়া হয় স্বাভাবিক খাবার। ফলাফলে দেখা যায়, প্লাস্টিক কণা গ্রহণকারী ইঁদুরের অন্ত্রে স্বাভাবিক খাবার খাওয়া ইঁদুরের তুলনায় বেশি টিউমার তৈরি হয়েছে এবং সেগুলোর তীব্রতাও তুলনামূলক বেশি ছিল। পাশাপাশি তাদের কোলনে প্লাস্টিক কণা জমাট বাঁধার পাশাপাশি অন্ত্রের পুষ্টি শোষণে সাহায্যকারী কোষ ‘মাইক্রোভিলাই’-এর ক্ষতির লক্ষণ পাওয়া গেছে।
মেডস্টার হেলথের বিষতত্ত্ববিদ কেলি জনসন-আর্বার এবং মিশিগান স্টেট ইউনিভার্সিটির ফার্মাকোলজি ও টক্সিকোলজির সহযোগী অধ্যাপক জেমি অ্যালানের মতে, প্লাস্টিকের পাত্রে খাবার ও পানীয় গ্রহণের মাধ্যমে মানুষের শরীরে এসব অতি ক্ষুদ্র কণা অনায়াসে প্রবেশ করতে পারে। ফোমের কাপ, ডিসপোজেবল পাত্র কিংবা ডিমের কার্টনে ব্যবহৃত পলিস্টাইরিন পরিবেশে সহজে পচে না; বরং ভেঙে এক মাইক্রোমিটারের চেয়ে ছোট ন্যানোপ্লাস্টিকে রূপ নেয়। কণাগুলো অত্যন্ত ছোট হওয়ায় তা রক্তপ্রবাহের মাধ্যমে শরীরের বিভিন্ন অঙ্গে ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকে।
প্লাস্টিক কণা কীভাবে টিউমার বৃদ্ধিতে প্রভাব ফেলে, সে বিষয়ে চিকিৎসকেরা কিছু গুরুত্বপূর্ণ জৈবিক কারণ তুলে ধরেছেন। মেমোরিয়ালকেয়ার টড ক্যানসার ইনস্টিটিউটের কোলোরেক্টাল সার্জন কেতন থাঙ্কির মতে, মাইক্রোপ্লাস্টিক অন্ত্রের সুরক্ষামূলক আবরণে জমে প্রদাহ তৈরি করে এবং উপকারী ব্যাকটেরিয়ার ভারসাম্য নষ্ট করে। আবার রাটগার্স ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ও গবেষক ফিবি স্ট্যাপলটন জানান, প্লাস্টিকের সংস্পর্শে শরীরে ক্ষতিকর ফ্রি র্যাডিক্যাল ও অ্যান্টিঅক্সিডেন্টের ভারসাম্য বিঘ্নিত হয়ে অক্সিডেটিভ স্ট্রেস সৃষ্টি হতে পারে, যা দীর্ঘ মেয়াদে ক্যানসার কোষের বৃদ্ধিকে ত্বরান্বিত করে।
বিশেষজ্ঞদের মতে, এই গবেষণা সরাসরি মানুষের ক্ষেত্রে কার্যকারণ প্রমাণ না করলেও সতর্কতা অবলম্বন করা জরুরি। বিশেষ করে ফোমের পাত্রে গরম খাবার রাখা বা খাবার গরম করা সম্পূর্ণরূপে এড়িয়ে চলা উচিত, কারণ তাপের কারণে প্লাস্টিক কণা খাবারে দ্রবীভূত হওয়ার ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। এর পাশাপাশি প্লাস্টিকের ব্যবহার সীমিত রাখা এবং বয়স ও ঝুঁকি অনুযায়ী নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে কোলোরেক্টাল ক্যানসার শনাক্তকরণের ওপর জোর দিয়েছেন চিকিৎসকেরা।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.