শীতের বৃষ্টিতে গাজায় ১ হাজার আশ্রয়শিবির প্লাবিত হওয়ার শঙ্কা
ফিলিস্তিনের গাজা উপত্যকায় শীতের বৃষ্টিতে প্রায় ১ হাজার আশ্রয়শিবির ও অন্যান্য অস্থায়ী আবাসস্থল প্লাবিত হওয়ার আশঙ্কা করছে স্থানীয় পৌর কর্তৃপক্ষ। ইসরায়েলের হামলায় পানি নিষ্কাশন ও পয়োনিষ্কাশনব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়া এবং পানিনিষ্কাশনের পাম্পের সংকটে পরিস্থিতি মোকাবিলায় হিমশিম খাচ্ছে উদ্ধারকর্মীরা। খবর আল জাজিরার

বুধবার (২৫ নভেম্বর) গাজা নগরীতে এক বৈঠকের পর গাজা উপত্যকার পৌরসভাগুলোর ইউনিয়ন এ সতর্কবার্তা দেয়। সংস্থাটি বিশেষ করে মধ্য গাজার আল-মুগরাকা ও আল-জাহরা এলাকার বিষয়ে উদ্বেগ জানিয়েছে। সেখানে ওয়াদি গাজা উপত্যকার পানির উচ্চতা হঠাৎ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
পৌরসভাগুলোর ইউনিয়ন জানিয়েছে, পুরো গাজা উপত্যকায় প্রায় ২ লাখ তাঁবু বদলানো প্রয়োজন। এ ছাড়া ক্ষতিগ্রস্ত ২ হাজারের বেশি ভবন যেকোনো সময় ধসে পড়তে পারে। এর আগে মঙ্গলবার গাজার সরকারি গণমাধ্যম কার্যালয় জানিয়েছিল, কয়েক দিনের মধ্যে উপত্যকাটিতে আরেকটি ঝড় আঘাত হানতে পারে।
২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর এটি গাজার চতুর্থ শীতকাল। পৌরসভাগুলোর ইউনিয়নের তথ্য অনুযায়ী, চলতি নভেম্বরের শুরুর দিকে ঝড় ও বৃষ্টিতে প্রায় ৭০ হাজার তাঁবু প্লাবিত হয়। এতে দুর্ভোগে পড়েন ৩ লাখ ৫০ হাজারের বেশি বাস্তুচ্যুত মানুষ।
চলতি নভেম্বরের একটি শীতকালীন ঝড়ের সময় বৃষ্টির পানি ঠেকাতে অনেক পরিবার তাঁবুর প্রবেশপথে বালু জমা করেছিল। কেউ কেউ সন্তানদের কোলে নিয়ে তাঁবু থেকে বেরিয়ে আসেন। বাঁচানোর চেষ্টা করেন নিজেদের সামান্য সম্বলটুকু।
বাস্তুচ্যুত এক নারী জানিয়েছেন, ছেলের জন্য কেনা কাফনের কাপড় কেটে তাঁবুর ছিদ্র মেরামত করেছেন তিনি। পরিবারের বিছানাপত্র ও কাপড়চোপড় বৃষ্টির পানি থেকে রক্ষা করতেই এমনটি করেন। তিনি বলেন, ‘আমি কোনো ত্রিপল জোগাড় করতে পারিনি।’
প্রথম দফার বৃষ্টি শুরু হলে সাহায্যের জন্য ফোন করা মানুষের খুব অল্পসংখ্যকের কাছেই পৌঁছাতে পেরেছিলেন গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের কর্মীরা। অন্যদের বেশির ভাগকেই ফোনে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয় বলে জানিয়েছে আল-জাজিরা।
এদিকে বুধবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় কমিশন ইসরায়েলের প্রতি গাজার সব সীমান্তপথ দিয়ে মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে। কমিশনের মুখপাত্র ইভা হ্রনচিরোভা বলেন, গাজার বাইরে ট্রাকে করে তাঁবু অপেক্ষা করছে। কিন্তু ইসরায়েল এসব তাঁবু এবং সেগুলো স্থাপনের প্রয়োজনীয় সরঞ্জাম উপত্যকায় প্রবেশের অনুমতি দিচ্ছে না।
চলতি মাসের শুরুতে জাতিসংঘ জানিয়েছিল, গাজায় প্রবেশের অপেক্ষায় রয়েছে ১ লাখ ৫০ হাজারের বেশি তাঁবু। আল-জাজিরার তথ্য বিশ্লেষণ বিভাগ ১৭ নভেম্বরের একটি উপগ্রহচিত্র বিশ্লেষণ করে জানিয়েছে, মিসরের দিক থেকে রাফা সীমান্তের পথে ট্রাকের সারি প্রায় ১ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ ছিল। ৬ অক্টোবর এই সারির দৈর্ঘ্য ছিল প্রায় ৪৬০ মিটার। তবে উপগ্রহচিত্র থেকে ট্রাকগুলোতে কী পণ্য রয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
মিশর থেকে আসা পণ্য সরাসরি রাফা সীমান্ত দিয়ে গাজায় প্রবেশ করে না। এসব পণ্য পরিদর্শনের জন্য ইসরায়েল নিয়ন্ত্রিত কেরেম আবু সালেম (কেরেম শালোম) সীমান্তপথে নেওয়া হয়।
ইসরায়েলি সামরিক বাহিনীর সহায়তা সমন্বয়কারী সংস্থা কোগাত জানিয়েছে, শীতকালীন সহায়তা কর্মসূচি শুরুর পর থেকে প্রায় ১ লাখ তাঁবু গাজায় প্রবেশ করেছে। তবে হামাস সম্পূর্ণ নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজায় পুনর্গঠনের সরঞ্জাম প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছে সংস্থাটি।
গাজার ভেতরে ত্রাণকর্মীরা পানি নিষ্কাশনের নালা পরিষ্কার, বন্যা প্রতিরোধী বাঁধ নির্মাণ এবং আশ্রয়কেন্দ্রগুলো মজবুত করার কাজ করছেন। জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় কার্যালয় ২০ নভেম্বর জানিয়েছে, বন্যাপ্রবণ হিসেবে চিহ্নিত ৩৫৬টি স্থানের মধ্যে ১৬২টিতে এ ধরনের কাজের তথ্য পেয়েছে তারা।
এদিকে পরবর্তী ঝড়ের আগেই পানিনিষ্কাশনের পাম্প, বিকল্প বিদ্যুৎ সরবরাহের জেনারেটর ও জ্বালানি চেয়েছে গাজার পৌরসভাগুলো। জরুরি মেরামতের জন্য ১০ হাজার টন সিমেন্ট এবং ঝড়-বৃষ্টি সহনশীল ভ্রাম্যমাণ ঘরও চেয়েছে তারা।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.