আপনি পড়ছেন

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টির ঘাটতি দূর করা এবং শ্রেণিকক্ষে ধরে রাখার লক্ষ্য নিয়ে ৫ হাজার ৪৫২ কোটি টাকার বৃহৎ স্কুল ফিডিং কার্যক্রম পরিচালনা করছে সরকার। এই কর্মসূচির আওতায় সপ্তাহের নির্ধারিত দিনগুলোতে জনপ্রতি দৈনিক গড়ে প্রায় ৩৮ টাকার পুষ্টিকর খাবার সরবরাহ করা হচ্ছে।

স্কুল ফিডিং কর্মসূচিতে শিক্ষার্থীপ্রতি ব্যয় ৩৮ টাকা নির্ধারণ
স্কুল ফিডিং। ছবি: বাসস

জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে উপস্থাপিত কার্যপত্রে এই তথ্য তুলে ধরা হয়। এতে উল্লেখ করা হয়, ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৭ সালের ডিসেম্বর মেয়াদে দেশের ৬২টি জেলার ১৫০টি উপজেলার ১৯ হাজার ৪১৯টি বিদ্যালয়ে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। এর মাধ্যমে মোট ৩১ লাখ ৩০ হাজার শিক্ষার্থী নিয়মিত খাবারের সুবিধার আওতায় এসেছে।

শিক্ষার্থীদের বয়স, দৈনিক প্রয়োজনীয় পুষ্টি এবং স্থানীয় সহজলভ্যতা অনুযায়ী খাদ্যতালিকা তৈরি করা হয়েছে। সপ্তাহে মোট পাঁচ দিন খাবার বিতরণ করা হয়। এর মধ্যে রোববার ফর্টিফায়েড বিস্কুট এবং সোমবার কলা, ইউএইচটি তরল দুধ, বনরুটি ও সেদ্ধ ডিম দেওয়া হচ্ছে। সপ্তাহের বাকি তিন দিন অর্থাৎ মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার তালিকায় থাকছে বনরুটি ও সেদ্ধ ডিম। এই প্রক্রিয়ায় সপ্তাহে পাঁচ দিনে শিক্ষার্থীপ্রতি মোট ব্যয় ধরা হয়েছে ১৮৯ টাকা ৬০ পয়সা, যার দৈনিক গড় দাঁড়ায় ৩৭ টাকা ৯২ পয়সা।

কার্যপত্রে চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৪) তথ্য উল্লেখ করে জানানো হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সরবরাহ করা ৬৫ হাজার ল্যাপটপের মধ্যে ৬৪ হাজার ৪০২টি বর্তমানে সচল রয়েছে এবং ৫৯৮টি অচল অবস্থায় রয়েছে। এসব প্রযুক্তিপণ্য তদারকিতে ইন্টিগ্রেটেড প্রাইমারি এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে (আইপিইএমআইএস) একটি মডিউল চালু থাকলেও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এখনো সামগ্রিক ডিজিটাল ট্র্যাকিং কাঠামো কার্যকর করতে পারেনি।

এদিকে প্রাথমিক শিক্ষাব্যবস্থার উন্নয়নে প্রস্তাবিত পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৫) খসড়ায় শিক্ষকদের জন্য ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’, শিক্ষার্থীদের স্কুলব্যাগ, পোশাক, জুতা ও মোজা প্রদান, মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ স্থাপন এবং বিদ্যালয়ে বিনামূল্যে ওয়াই-ফাই সংযোগের পরিকল্পনা অন্তর্ভুক্ত করা হয়েছে। একই সঙ্গে আনন্দময় শিখন পরিবেশ তৈরি, স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন এবং ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মাধ্যমে আগামী পাঁচ বছরে বিদ্যালয় থেকে ঝরে পড়া ও শিক্ষার সুযোগবঞ্চিত ৫০ লাখ মানুষকে দক্ষ জনগোষ্ঠীতে রূপান্তরের রূপরেখা চূড়ান্ত করা হয়েছে।

প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের শূন্য পদ পূরণের লক্ষ্যে সহকারী শিক্ষকদের পদোন্নতির জন্য গ্রেডেশন তালিকা প্রণয়নের কাজ চলমান রয়েছে। পাশাপাশি উন্মুক্ত কোটায় প্রধান শিক্ষক নিয়োগের জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) রিকুইজিশন পাঠানো হয়েছে। কার্যপত্রে বলা হয়, সব শিশুর জন্য বাধ্যতামূলক শিক্ষা নিশ্চিত করতে জাতীয় পর্যায়ে নীতিগত সিদ্ধান্তের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বাড়ানো প্রয়োজন।

সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংসদীয় কমিটি ঝরে পড়া শিশুদের অপরাধপ্রবণতা থেকে রক্ষায় বিশেষ শিক্ষামূলক কার্যক্রমে সম্পৃক্ত করার এবং প্রতিটি বিদ্যালয়ে ধর্মভিত্তিক শিক্ষক নিয়োগের সুপারিশ করেছে। পাশাপাশি মিড ডে মিল কার্যক্রম কোনো নির্দিষ্ট এলাকায় চালু হলে সেখানকার শতভাগ স্কুলকে এর অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়। শ্রেণিকক্ষেই যথাযথ পাঠদানের মাধ্যমে প্রাইভেট ও কোচিং নির্ভরতা কমানো এবং শিক্ষক নিয়োগ, বদলি ও পদোন্নতি প্রক্রিয়া সহজ করার তাগিদ দিয়েছে কমিটি। এ ছাড়া মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তরের বাজেট বাস্তবায়নের অগ্রগতি প্রতি তিন মাস অন্তর কমিটির কাছে পর্যালোচনার জন্য উপস্থাপনের সুপারিশ করা হয়েছে।

কমিটির সভাপতি মাহমুদা হাবিবার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্য প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, সাদিক রিয়াজ, ইলিয়াস মোল্লা, মোক্তার আলী এবং মাহফুজা হান্নান।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.