আপনি পড়ছেন

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছে ইসরায়েল। এই অভিযানের মাধ্যমে ভূখণ্ডটি থেকে আরও অন্তত ১০ লাখ ফিলিস্তিনিকে জোরপূর্বক বাস্তুচ্যুত করার পরিকল্পনা করা হয়েছে। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এই হুমকি দেন।

১০ লাখ ফিলিস্তিনিকে বাস্তুচ্যুতির নতুন ছক ইসরায়েলের
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ

এক্সে দেওয়া বার্তায় ফিলিস্তিনিদের অবিলম্বে উপত্যকা ছেড়ে যাওয়ার আহ্বান পুনর্ব্যক্ত করেন ইসরায়েল কাৎজ। তিনি দাবি করেন, ইসরায়েলি বাহিনী ইতোমধ্যে গাজার ৭০ শতাংশ এলাকা ধ্বংস করেছে এবং বর্তমানে সেসব অঞ্চল তাদের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

কাৎজ বলেন, ‘গাজা উপত্যকার ৭০ শতাংশ এলাকা ধ্বংস করা হয়েছে এবং ফিলাডেলফি করিডোরসহ (গাজা-মিশর সীমান্ত) পুরো অঞ্চল এখন ইসরায়েলি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।’

তিনি আরও দাবি করেন, গাজার বাকি ৩০ শতাংশ এলাকায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের নিয়ন্ত্রণ কেবলই ‘একটি বিভ্রম’। কাৎজ বলেন, ‘গাজাকে নিরস্ত্রীকরণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী হামাসকে হয় স্বেচ্ছায় অস্ত্র সমর্পণ করতে হবে, নয়তো ইসরায়েলি সেনাবাহিনীর হাতে পুরোপুরি ধ্বংসের মুখোমুখি হতে হবে।’

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী উল্লেখ করেন, তাদের নতুন এই সামরিক পদক্ষেপটি পরিচালিত হবে ‘অপারেশন গিডিয়নস চ্যারিয়টস ২’-এর আওতায়। এর অংশ হিসেবে রাফাহ ও বেইত হানুন মডেল অনুসরণ করে এলাকাগুলো ফাঁকা করা হবে এবং গাজার আরও ১০ লাখ বাসিন্দাকে জোরপূর্বক দক্ষিণাঞ্চলে সরিয়ে দেওয়া হবে।

কাৎজ বলেন, ‘বিধ্বস্ত গাজা থেকে যারা সুশৃঙ্খলভাবে প্রস্থান বা হিজরত করতে চান, তাদের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা করা হবে।’ এ কাজের জন্য সাংগঠনিক সব অবকাঠামো ইতোমধ্যে প্রস্তুত রয়েছে বলেও তিনি দাবি করেন।

একই সঙ্গে গাজায় হামাসের বেশ কয়েকজন নেতাকে হত্যার কথা উল্লেখ করে কাৎজ ফিলিস্তিনের বাইরে অবস্থানরত দলটির রাজনৈতিক ব্যুরো প্রধান খলিল আল-হাইয়াকেও নিশানা করার হুমকি দেন। উল্লেখ্য, ২০২৫ সালে কাতারের দোহায় ইসরায়েলি এক হামলা থেকে বেঁচে গিয়েছিলেন তিনি।

খলিল আল-হাইয়া প্রসঙ্গে কাৎজ বলেন, ‘হামাস নেতা খলিল আল-হাইয়া এবং তার সহযোগীদের পালাও খুব শিগগিরই আসবে।’

তিনি জানান, আগের রাতে ইসরায়েলি সেনাবাহিনী খালেদ আবু নাদাকে হত্যা করেছে। কাৎজ তাকে গাজায় হামাসের অর্থনীতি ও শিক্ষা বিষয়ক দায়িত্বপ্রাপ্ত নেতা হিসেবে দাবি করেন। ওই হামলায় সংগঠনটির আরেকজন জ্যেষ্ঠ নেতাও নিহত হয়েছেন বলে তিনি উল্লেখ করেন।

স্থানীয় সূত্রগুলো ৫৬ বছর বয়সী খালেদ মাহমুদ আবু নাদাকে গাজার শিক্ষা উপমন্ত্রী হিসেবে চিহ্নিত করেছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রগুলো জানায়, দেইর আল-বালাহর একটি আবাসিক ভবনের ফ্ল্যাটে ইসরায়েলি বিমান হামলায় তিনি এবং তার স্ত্রী আবির মোহাম্মদ আবু নাদা (৪৯) নিহত হন।

এদিকে ২০২৫ সালের অক্টোবরে একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়া সত্ত্বেও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, যুদ্ধবিরতি লঙ্ঘনের পর থেকে এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৬৭৯ জন ফিলিস্তিনি নিহত এবং ৬ হাজার ১০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া গাজায় ইসরায়েলের নির্বিচার আগ্রাসনে এখন পর্যন্ত ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ১ লাখ ৭৬ হাজারের বেশি মানুষ এবং উপত্যকাটির অধিকাংশ বেসামরিক অবকাঠামো পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.