আপনি পড়ছেন

৮৫ বছরের সাংগঠনিক ঐতিহ্য ভেঙে নীতিনির্ধারণী প্রক্রিয়ায় সাবেক সামরিক-বেসামরিক আমলাসহ বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞদের যুক্ত করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রাজনৈতিক গ্রহণযোগ্যতা বৃদ্ধি ও কট্টরপন্থি ভাবমূর্তি পরিবর্তনের অংশ হিসেবে দলটির গঠনতন্ত্রে এই মৌলিক সংশোধন আনা হচ্ছে।

পরিবর্তনের পথে জামায়াত, নীতিনির্ধারণে আসছেন বিশেষজ্ঞরা!
জামায়াতে ইসলামীর লোগো

নতুন এই সংস্কার পরিকল্পনায় জামায়াত আমিরকে পরামর্শ দেওয়ার জন্য একটি উপদেষ্টা পরিষদ গঠনের প্রস্তাব রাখা হয়েছে। এই উপদেষ্টা পরিষদের সদস্য হতে জামায়াতের ‘রুকন’ বা শপথধারী সদস্য হওয়ার কোনো বাধ্যবাধকতা থাকছে না। বর্তমানে দলটির সিদ্ধান্ত গ্রহণ ও নীতি নির্ধারণের সঙ্গে যুক্ত ফোরামগুলোতে রুকন ছাড়া বাইরের কারও অন্তর্ভুক্তির কোনো সাংবিধানিক সুযোগ নেই।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, আমিরকে পরামর্শ দেওয়ার লক্ষ্যে বিভিন্ন পেশা ও বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠনের বিষয়টি গঠনতন্ত্র সংশোধন কমিটিতে আলোচনাধীন রয়েছে। তিনি উল্লেখ করেন, দলকে গণমুখী ধারায় রূপান্তর করার অংশ হিসেবে ছায়া মন্ত্রিসভায় বিশেষজ্ঞ দল যুক্ত করে রাষ্ট্রীয় সংকট মোকাবিলা এবং বিকল্প সমাধান তৈরির কাজ চলছে। এছাড়া সংস্কৃতি, ক্রীড়া ও গণমাধ্যমের মতো সাংগঠনিক দুর্বল ক্ষেত্রগুলোতে গ্রহণযোগ্যতা বাড়াতে সম্প্রতি যুব ও ক্রীড়া বিভাগ গঠন করা হয়েছে।

গঠনতন্ত্র সংশোধনের প্রক্রিয়া প্রসঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, উপকমিটির সুপারিশ নির্বাহী পরিষদ, কর্মপরিষদ ও মজলিসে শূরার অনুমোদনের পর চূড়ান্ত সিদ্ধান্তের জন্য রুকন সম্মেলনে তোলা হবে। কেন্দ্রীয়ভাবে দেশের প্রায় সোয়া এক লাখ রুকনের সম্মেলন করা সম্ভব না হলে বিভাগ বা অঞ্চলভিত্তিক সম্মেলনের মাধ্যমে এই ধারা পরিবর্তন পাস করা হতে পারে।

এদিকে অভ্যন্তরীণ সংস্কারের আলোচনার পাশাপাশি রাষ্ট্রীয় স্থিতিশীলতা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনে সর্বসম্মতভাবে ৬টি প্রস্তাব গৃহীত হয়েছে। প্রথম প্রস্তাবে রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ এবং সংবিধান সংস্কারের গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষের ‘হ্যাঁ’ ভোটের রায় বাস্তবায়নে অবিলম্বে ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠনের দাবি জানানো হয়। একই সঙ্গে বিরোধী দলের মতামত এড়িয়ে সরকারদলীয় সংসদ সদস্যদের নিয়ে গঠিত ‘সংবিধান সংশোধন বিশেষ কমিটি’র কার্যক্রম বন্ধের আহ্বান জানানো হয়। দ্বিতীয় প্রস্তাবে স্বাস্থ্য খাতের সংকটের কথা তুলে ধরে জানানো হয়, মার্চ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত সরকারি হিসাবে হাম ও উপসর্গে ১ হাজার ৩৭১ জন এবং ডেঙ্গুতে ৫২৬ জনের মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে হামের টিকাদান নিশ্চিত ও ডেঙ্গুর টিকা আমদানি বা উৎপাদনের পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

তৃতীয় প্রস্তাবে সিন্ডিকেট ও মাফিয়া চক্র দমন, নিয়মিত বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, নিম্ন আয়ের মানুষদের জন্য ভর্তুকি বৃদ্ধি, শিল্পে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, রমজানে পণ্যের দাম নিয়ন্ত্রণ এবং তৈরি পোশাক খাতের শ্রমিক অসন্তোষ নিরসনের দাবি তোলা হয়। চতুর্থ প্রস্তাবে জুলাই গণহত্যা এবং ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের বিচার ও অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়। এ ছাড়া সীমান্ত হত্যা বন্ধ, পুশইন প্রতিরোধ, পতিত ফ্যাসিবাদের নাশকতা দমন এবং মেয়াদ শেষ হতে যাওয়া গঙ্গা চুক্তির ক্ষেত্রে দেশের স্বার্থ সুরক্ষায় কার্যকর কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেওয়া হয়।

পঞ্চম প্রস্তাবে প্রশাসন, বিচার বিভাগ ও শিক্ষাপ্রতিষ্ঠানকে দলীয় প্রভাবমুক্ত রাখা এবং সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিতের সুপারিশ করা হয়। ষষ্ঠ প্রস্তাবে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসন বন্ধ, ইরান ও ইয়েমেনের যুদ্ধ পরিস্থিতি নিরসন এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ২০ লাখ রোহিঙ্গার নিরাপদ প্রত্যাবাসনে ওআইসি, আরব লীগসহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানায় জামায়াত।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.