আপনি পড়ছেন

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস উপকূলে ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শনিবার (২৮ নভেম্বর) সকালে আঘাত হানা এ ভূমিকম্পের পর অন্তত ৪০টি পরাঘাত অনুভূত হয়েছে। এতে বিভিন্ন ভবন কেঁপে ওঠে, বিমানবন্দরের জানালার কাচ ভেঙে যায় এবং আতঙ্কিত লোকজন ঘরবাড়ি ও দোকানপাট ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। খবর সিএনএনের

লস অ্যাঞ্জেলেস উপকূলে ৫ মাত্রার ভূমিকম্প, ৪০টির বেশি পরাঘাত
ভূমিকম্পের পর ধসে পড়া একটি চিমনি। ছবি- সিএনএন

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৯টা ৩০ মিনিটে প্রথম ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল উপকূলীয় শহর ম্যানহাটন বিচের পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে প্রায় ৩ দশমিক ৭ মাইল দূরে। ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ৭ দশমিক ৬ মাইল।

প্রাথমিক ভূমিকম্পের কয়েক মিনিট পরই একের পর এক পরাঘাত শুরু হয়। এর মধ্যে স্থানীয় সময় সকাল ১১টা ৪১ মিনিটে ৪ দশমিক ৫ মাত্রার একটি পরাঘাত আঘাত হানে। ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির ভূকম্পবিদদের হিসাবে, ওই এলাকায় অন্তত ৪০টি পরাঘাত হয়েছে। আগামী কয়েক দিন আরও পরাঘাত হতে পারে বলে সতর্ক করেছেন কর্মকর্তারা।

ভূমিকম্পে লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরের ছাদ থেকে টাইলস ও ধুলা ঝরে পড়ে। কয়েকটি জানালার কাচও ভেঙে যায়। আতঙ্কিত যাত্রীরা টেবিলের নিচে আশ্রয় নেন। পরে অনেকে লাগেজ ও ব্যক্তিগত জিনিসপত্র ফেলে রেখেই ভবন থেকে বাইরে বেরিয়ে যান।

হিউস্টনের বাসিন্দা উদুয়াক আকপানাকপাইয়ো বিমানবন্দরে ইউনাইটেড এয়ারলাইনসের কাউন্টারের কাছে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ভবন কাঁপতে শুরু করলে জানালার কাচ ভেঙে তাঁর মাথার কাছ দিয়ে নিচে পড়ে। তিনি বলেন, ‘আমরা বুঝতে পারছিলাম না ভবনটি ধসে পড়বে কি না। এত জোরে কাঁপছিল যে ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম।’

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, রানওয়ে পরীক্ষা করে কোনো সমস্যা পাওয়া যায়নি। বিমান চলাচলও স্বাভাবিক ছিল। তবে কয়েকটি স্থাপনায় পরিদর্শন চলছিল।

লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস বলেন, ভূমিকম্পটি তুলনামূলক শক্তিশালী হলেও মানুষের স্বাভাবিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধা নেই। ফায়ার সার্ভিসের প্রাথমিক পর্যালোচনাতেও বড় ধরনের অবকাঠামোগত ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পের কম্পন সান্তা মনিকা ও পাসাডেনাসহ দূরবর্তী এলাকাতেও অনুভূত হয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ম্যানহাটন বিচ পিয়ার বন্ধ করে দেওয়া হয়। এ ছাড়া টরেন্স ও এল সেগুন্দোর দুটি তেল শোধনাগারে ভূমিকম্পের পর নিরাপত্তাব্যবস্থা সক্রিয় হয়ে অতিরিক্ত গ্যাস পোড়ানো হয়। তবে শোধনাগারের বাইরের এলাকায় কোনো প্রভাব পড়ার খবর পাওয়া যায়নি।

ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ২০১৪ সালে অরেঞ্জ কাউন্টিতে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্পের পর লস অ্যাঞ্জেলেস এলাকায় এটিই সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।

ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির ভূকম্পবিদ লুসি জোনস বলেন, গত এক সপ্তাহে উপকূলীয় এলাকায় প্রায় ৩ মাত্রার তিনটি ভূমিকম্প হয়েছিল। এর মধ্যে একটি ম্যানহাটন বিচের কাছাকাছি এলাকায় সংঘটিত হয়, যেটিকে শনিবারের ভূমিকম্পের পূর্বকম্পন হিসেবে বিবেচনা করা যেতে পারে।

জোনস আরও বলেন, ১৯৯৪ সালে ৬ দশমিক ৭ মাত্রার ভয়াবহ নর্থরিজ ভূমিকম্পের পর লস অ্যাঞ্জেলেস অববাহিকায় ভূকম্পন তুলনামূলক কম হয়েছে। সর্বশেষ ৫ মাত্রার বেশি ভূমিকম্পের পর ১২ বছর কেটে যাওয়াও এ অঞ্চলের দীর্ঘমেয়াদি ভূমিকম্পের ইতিহাসে উল্লেখযোগ্য বিরতি। তবে শনিবারের পরাঘাতের সংখ্যা বেশি হলেও তা স্বাভাবিক সীমার মধ্যেই রয়েছে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.