এডিবি: ডিজিটাল অগ্রগতিতে দক্ষিণ এশিয়ায় পিছিয়ে বাংলাদেশ
মোবাইল ইন্টারনেটের আওতা বাড়লেও সক্ষমতা অর্জনের গতিতে প্রতিবেশী পাকিস্তান, ভারত ও নেপালের তুলনায় পিছিয়ে পড়েছে বাংলাদেশ। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর ওপর এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও জিএসএমএ ইন্টেলিজেন্সের যৌথ গবেষণা প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে। 'ক্লোজিং দ্য মোবাইল কানেক্টিভিটি গ্যাপ ইন ডেভেলপিং এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক' শীর্ষক ওই প্রতিবেদনে ৪২টি দেশের সংযোগ পরিস্থিতি, ডিজিটাল সেবার ব্যবহার এবং বৈষম্য বিশ্লেষণ করা হয়েছে।

মোবাইল কানেক্টিভিটি ইনডেক্সে (এমসিআই) ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশের স্কোর বেড়েছে ৭ দশমিক ৪ পয়েন্ট। একই সময়ে এই সূচকে পাকিস্তানের স্কোর ১০ দশমিক ৭, ভারতের ৮ দশমিক ৯ এবং নেপালের ৭ দশমিক ৭ পয়েন্ট বেড়েছে। এই সময়ে শ্রীলঙ্কার অগ্রগতি হয়েছে ৫ দশমিক ১ পয়েন্ট। ডিজিটালাইজেশন শ্রেণিবিন্যাসে দক্ষিণ এশিয়ার মধ্যে ভারত ও মালদ্বীপ 'ট্রানজিশনিং' স্তরে থাকলেও বাংলাদেশ, ভুটান, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা রয়েছে 'ইমার্জিং' ধাপে। আফগানিস্তান অবস্থান করছে সর্বনিম্ন 'নাসেন্ট' পর্যায়ে।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, অবকাঠামো থাকলেও বাংলাদেশে ইন্টারনেট বিস্তারে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে সাক্ষরতার ঘাটতি, ডিভাইসের উচ্চমূল্য, ইন্টারনেটের খরচ, প্রতিবন্ধী ব্যক্তিদের সীমিত অন্তর্ভুক্তি এবং টেলিকম খাতের কর ও স্পেকট্রাম ব্যয়। মোবাইল ইন্টারনেট সম্পর্কে জানার পরও তা ব্যবহার না করা প্রাপ্তবয়স্কদের ২৬ শতাংশ পড়তে ও লিখতে না পারাকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন। ভারতে এই হার ১৭ শতাংশ এবং পাকিস্তানে ৩২ শতাংশ।
এ ছাড়া দেশে ইন্টারনেট ব্যবহার না করার ক্ষেত্রে স্মার্টফোনের উচ্চমূল্যকে ১০ শতাংশ, সময়ের অভাবকে ৮ শতাংশ, পরিবারের আপত্তির বিষয়টিকে ৭ শতাংশ এবং ডিভাইস পরিচালনার জটিলতাকে ৭ শতাংশ উত্তরদাতা কারণ হিসেবে চিহ্নিত করেছেন। ইন্টারনেট ডাটার খরচ ও বাংলা ভাষায় কনটেন্টের স্বল্পতাকে ৬ শতাংশ করে মানুষ বাধা হিসেবে দেখিয়েছেন। প্রয়োজনীয়তার অভাব, ক্ষতিকর উপাদানের আশঙ্কা ও ব্যাটারির স্থায়িত্ব নিয়ে উদ্বেগের কথা বলেছেন ৫ শতাংশ করে উত্তরদাতা। স্ক্যাম বা আর্থিক প্রতারণার ভয়ের কথা জানিয়েছেন ২ শতাংশ মানুষ।
উন্নয়নশীল এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সামগ্রিক চিত্রে দেখা যায়, প্রায় ৯৮ শতাংশ মানুষ ফোরজি নেটওয়ার্কের আওতায় থাকলেও ১১০ কোটি মানুষ মোবাইল ইন্টারনেট ব্যবহার করছেন না। ২০২৫ সালের তথ্যে দেখা গেছে, অঞ্চলের মোট জনসংখ্যার ৭১ শতাংশ বা ৩১০ কোটি মানুষ মোবাইল ইন্টারনেট সেবার সঙ্গে যুক্ত হয়েছেন। তবে নেটওয়ার্ক সুবিধার ভেতরে থেকেও ২৭ শতাংশ মানুষ ইন্টারনেটের বাইরে রয়েছেন এবং ১০ কোটি মানুষ এখনও ব্রডব্যান্ড নেটওয়ার্কের আওতার বাইরে অবস্থান করছেন।
বাংলাদেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের বড় অংশই যোগাযোগ ও বিনোদনে সীমাবদ্ধ রয়েছেন। ২০২৫ সালের ভোক্তা জরিপ অনুযায়ী, দেশের ৮৫ শতাংশ ব্যবহারকারী ভিডিও কল, ৭৯ শতাংশ অনলাইন কল এবং ৭৯ শতাংশ ভিডিও দেখার কাজে ইন্টারনেট ব্যবহার করেন। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে ৭৪ শতাংশ, অনলাইন বিনোদনে ৭৩ শতাংশ এবং ইনস্ট্যান্ট মেসেজিংয়ে যুক্ত রয়েছেন ৭০ শতাংশ মানুষ।
এর বিপরীতে উৎপাদনশীল ও নাগরিক সেবায় ইন্টারনেট ব্যবহারের হার তুলনামূলক কম। তথ্য অনুসন্ধানে ৪৪ শতাংশ, সংবাদ পাঠে ৩৭ শতাংশ এবং চাকরি ও ব্যবসাসংক্রান্ত কাজে ৩২ শতাংশ গ্রাহক যুক্ত রয়েছেন। কৃষিতথ্য অনুসন্ধানে ৩১ শতাংশ, পণ্য ও সেবা অর্ডারে ২৯ শতাংশ, স্বাস্থ্যসেবায় ২৯ শতাংশ এবং শিক্ষা কার্যক্রমে মাত্র ২৫ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন।
আর্থিক লেনদেন ও সরকারি সেবার ক্ষেত্রেও আঞ্চলিক ব্যবধান লক্ষ্য করা গেছে। দেশে ৫০ শতাংশ মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী অনলাইন ব্যাংকিং বা মোবাইল আর্থিক সেবা নিচ্ছেন, যেখানে ভারতে এই হার ৫৬ শতাংশ। এ ছাড়া বাংলাদেশে মাত্র ১৭ শতাংশ গ্রাহক মাসে অন্তত একবার সরকারি ডিজিটাল সেবা নেন, যেখানে শ্রীলঙ্কায় এই হার ২৯ শতাংশ এবং ভারতে ৩৮ শতাংশ।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.