আপনি পড়ছেন

কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র এবং একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পাওয়ার হাবের জন্য নেওয়া অব্যবহৃত জমিতে নতুন করে কোনো অধিগ্রহণ ছাড়াই ৫ হাজার ৪৬১ মেগাওয়াটের বেশি সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব।

কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের জমিতে ৫ হাজার ৪৬১ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা
সৌর প্যানেল

ঢাকায় অনুষ্ঠিত 'চতুর্থ বাংলাদেশ জ্বালানি সম্মেলন'-এ উপস্থাপিত এক গবেষণায় এই তথ্য তুলে ধরা হয়েছে। দেশের ১৩টি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র ও একটি এলএনজি পাওয়ার হাবের অধীনে মোট ১৪ হাজার ১৬৬ একর জমি অব্যবহৃত পড়ে রয়েছে। এর মধ্যে প্রায় ১২ হাজার ৩৯ একর জমি সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পুরোপুরি উপযোগী। গবেষণায় চিহ্নিত স্থানগুলোর মধ্যে এককভাবে মহেশখালীতেই ২ হাজার ২৩ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে, যা দেশের মধ্যে সর্বোচ্চ।

গবেষণার ফলাফল উপস্থাপনকালে উপকূলীয় জীবনযাত্রা ও পরিবেশ কর্মজোটের (ক্লিন) একজন গবেষণা কর্মকর্তা জানান, প্রস্তাবিত এই সৌরবিদ্যুৎ প্রকল্পগুলো বাস্তবায়ন করা গেলে আগামী ২০ বছরে এলএনজি আমদানি বাবদ বাংলাদেশের প্রায় ৩ লাখ ১৫ হাজার ৫১৯ কোটি টাকা বা ২৫ দশমিক ২৭ বিলিয়ন ডলার সাশ্রয় হবে। একই সঙ্গে কয়লা পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদনের তুলনায় এটি বায়ুমণ্ডলে প্রায় ১৫ কোটি ৪৮ লাখ টন কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ রোধ করবে।

জ্বালানি আমদানির ক্রমবর্ধমান ব্যয় এবং আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা বৃদ্ধির প্রেক্ষাপটে এই সম্মেলনে আলোচনা হয়। চলতি বছরের মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত মাত্র ছয় মাসেই বাংলাদেশ এলএনজি ভর্তুকি বাবদ ৩৪ হাজার কোটি টাকা ব্যয় করেছে বলে বক্তারা উল্লেখ করেন। তারা নতুন এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা পুনর্বিবেচনা করে নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।

সম্মেলনে উপস্থাপিত অপর এক গবেষণায় বাংলাদেশে বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংকগুলোর (এমডিবি) জীবাশ্ম জ্বালানি অর্থায়নের তথ্য তুলে ধরা হয়। এতে দেখা যায়, ২০০০ থেকে ২০২৬ সালের মধ্যে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি) এবং বিশ্বব্যাংক গ্রুপ (ডব্লিউবিজি) দেশের জ্বালানি খাতে যৌথভাবে ১৫ দশমিক ২৪৫ বিলিয়ন ডলার অর্থায়ন করেছে। এর মধ্যে ৩ দশমিক ৯০৯ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে ৬ হাজার ৪৮৫ মেগাওয়াট গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা তৈরিতে। এসব বিদ্যুৎকেন্দ্র পরিচালন মেয়াদে ১৯ কোটি ৪ লাখ ১০ হাজার থেকে ৪০ কোটি ৪৬ লাখ ১০ হাজার টন পর্যন্ত গ্রিনহাউস গ্যাস নিঃসরণ করতে পারে, যার সংশ্লিষ্ট সামাজিক ক্ষতির আর্থিক মূল্য প্রাক্কলন করা হয়েছে ৯ দশমিক ১৯ বিলিয়ন থেকে ১৯ দশমিক ৫৩ বিলিয়ন ডলার।

অনুষ্ঠানে 'মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ (মিডা) আইন, ২০২৬'-এর পরিবেশগত ও সাংবিধানিক প্রভাব আলোচনা করা হয়। আইনের অধীনে নির্বাহী ক্ষমতার কেন্দ্রীকরণ, পরিবেশগত ছাড়পত্র ও জনপরামর্শের সুযোগ ঘাটতি এবং স্থানীয় সরকার কর্তৃপক্ষের ক্ষমতা সংকুচিত হওয়ার আশঙ্কা প্রকাশ করেন আলোচকরা। পরিবেশ সুরক্ষা ও জবাবদিহির প্রশ্নে গত আগস্টে এই আইনের ৯টি ধারা চ্যালেঞ্জ করে হাইকোর্ট বিভাগে রিট আবেদন করা হলে গত ২৫ আগস্ট আদালত রুল জারি করেন। যেকোনো উন্নয়ন উদ্যোগে স্থানীয় জনগোষ্ঠীর ভূমির অধিকার, জীবিকা ও সাংবিধানিক সুরক্ষা নিশ্চিতের তাগিদ দেওয়া হয়।

এ উপলক্ষে বাংলাদেশের প্রতিবেশ ও উন্নয়ন বিষয়ক কর্মজোট (বিডব্লিউজিইডি) 'মিডি আনপ্যাকড' (www.midiunpacked.org) নামের একটি অনলাইন প্ল্যাটফর্ম চালু করেছে, যা মহেশখালীর প্রকল্প ও মিডা আইনের আইনি বিশ্লেষণ এবং তথ্য সরবরাহ করবে। এছাড়া বিকেন্দ্রীভূত বিদ্যুৎ উৎপাদন বাড়াতে ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনের ভবন, বাজার, হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের পাশাপাশি কৃষকদের সমবায়ভিত্তিক প্রকল্প, নেট-মিটারিং এবং সরকারি-বেসরকারি অংশীদারিত্ব জোরদারের প্রস্তাব করা হয়।

'জ্বালানি নিরাপত্তার জন্য নবায়নযোগ্য জ্বালানি অপরিহার্য' প্রতিপাদ্যে বাংলাদেশ সামরিক জাদুঘরে তিন দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করেছে বিডব্লিউজিইডি এবং তাদের ১৪টি সহযোগী সংগঠন। জ্বালানি নীতি, প্রাতিষ্ঠানিক সংস্কার, এলএনজি ও কয়লার ঝুঁকি এবং অর্থায়নসহ বিভিন্ন বিষয়ে ১৩টি অধিবেশন নিয়ে আয়োজিত এই সম্মেলনে দেশি-বিদেশি সাড়ে তিন শতাধিক প্রতিনিধি অংশ নিচ্ছেন।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.