আপনি পড়ছেন

চট্টগ্রামের কোতোয়ালি এলাকায় প্রায় ১০০ কোটি টাকা মূল্যের সরকারি অর্পিত সম্পত্তি আত্মসাতের অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আসামিদের মধ্যে সিটি করপোরেশনের একজন কর্মচারী ও একজন আইনজীবী রয়েছেন।

১০০ কোটির সরকারি জমি জালিয়াতি, দুদকের মামলা
দুর্নীতি দমন কমিশন কার্যালয়

দুদক চট্টগ্রাম-১ সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাঈদ মোহাম্মদ ইমরান হোসেন ২৯ নভেম্বর বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আসামিদের বিরুদ্ধে জাল ওয়ারিশ, মৃত্যু ও সমাধির সনদ তৈরি করে প্রতারণার মাধ্যমে আদালতের রায় এবং নামজারি খতিয়ান অর্জনের অভিযোগ আনা হয়েছে।

মামলার আসামিরা হলেন এলবার্ট সরকার ওরফে অ্যালবার্ট সরকার (৫৮), চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) কর্মচারী মোহাম্মদ মনজুর আলম (৪৫), আইনজীবী মোহাম্মদ সোলায়মান ওরফে এমরান (৫২), মো. শামসুল আলম রানা (৫৭) এবং সুকান্ত কাশারী (৩৪)। মনজুর আলম চসিকের সংস্থাপন শাখার উচ্চমান সহকারী এবং ৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সাবেক সচিব। দণ্ডবিধি এবং দুর্নীতি প্রতিরোধ আইনের বিভিন্ন ধারায় মামলাটি দায়ের করা হয়।

দুদকের মামলার এজাহার সূত্রে জানা যায়, চট্টগ্রাম জেনারেল পোস্ট অফিসের বিপরীতে নগরীর আলকরণ এলাকায় ৬৯ দশমিক ১৩ শতক জমিতে এজেকিয়েল নামের একটি ইহুদি পরিবার বসবাস ও ব্যবসা করত। পরিবারের প্রধান ডেভিড এজেকিয়েল ১৯৩৫ সালে যুক্তরাজ্যে চলে যান। পরে ১৯৪৬ সালের ১২ নভেম্বর লন্ডনে তিনি মারা যান। পরিবারটি যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসের পর জমিটি প্রথমে শত্রু সম্পত্তি এবং পরবর্তীতে অর্পিত সম্পত্তি হিসেবে তালিকাভুক্ত হয়।

দুদকের অনুসন্ধানে দেখা যায়, ডেভিড এজেকিয়েলের সঙ্গে কোনো রক্তের সম্পর্ক না থাকা সত্ত্বেও এলবার্ট সরকার নিজেকে তাঁর নাতি এবং একমাত্র ওয়ারিশ দাবি করেন। আসামিরা চসিক কাউন্সিলর কার্যালয়ের নামে ভুয়া ওয়ারিশ ও মৃত্যু সনদ এবং পাথরঘাটা ক্যাথলিক চার্চের নামে একটি ভুয়া সমাধি সনদ তৈরি করেন। লন্ডনে ডেভিড এজেকিয়েলের প্রকৃত মৃত্যুর প্রায় পাঁচ মাস আগে তাঁকে চট্টগ্রামে সমাহিত করা হয়েছে বলে ওই ভুয়া সমাধি সনদে উল্লেখ করা হয়। নথিতে তাঁর তথাকথিত মেয়ে কনক এজেকিয়েলকে মৃত দেখানো হলেও দুদকের তথ্যমতে এলবার্ট সরকারের সৎ মা কনক সরকার এখনও ব্রাহ্মণবাড়িয়ায় জীবিত আছেন।

জাল নথি ব্যবহার করে এবং আইনজীবী মোহাম্মদ সোলায়মানের সহযোগিতায় ২০১৩ সালে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ ট্রাইব্যুনালে সাতটি মামলা দায়ের করা হয়। ২০১৯ সালে ট্রাইব্যুনাল এলবার্ট সরকারের পক্ষে রায় দিলে রাষ্ট্রপক্ষ এর বিরুদ্ধে আপিল করে। আপিল চলাকালে মনজুর আলম তাঁর দাপ্তরিক ক্ষমতার অপব্যবহার করেন। ভুয়া ওয়ারিশ সনদগুলো সঠিক ছিল বলে তিনি আদালতে মিথ্যা সাক্ষ্য দেন।

২০২২ সালে রাষ্ট্রপক্ষের আপিল খারিজ হয়ে যায়। এরপর ২০২৫ সালের মার্চ ও জুন মাসে আসামিরা ওই সম্পত্তির দখল নেন এবং নামজারি খতিয়ান সম্পন্ন করেন। দুদকের তথ্য অনুযায়ী, আসামিরা ৬১ দশমিক ১৯ শতক সরকারি সম্পত্তি আত্মসাৎ করেছেন। একই সাথে ২০১৯ সালে দায়ের করা একটি পৃথক মামলার মাধ্যমে আরও ৭ দশমিক ৯৪ শতক জমি দখলের চেষ্টা চালান। জমি বিক্রি ও হস্তান্তরের সুবিধার্থে কোনো আর্থিক লেনদেন ছাড়াই সুকান্ত কাশারী, শামসুল আলম রানা এবং আইনজীবী মোহাম্মদ সোলায়মানের নামে আমমোক্তারনামা নিবন্ধন করা হয়।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে একটি পত্রিকায় এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পর জনস্বার্থে দায়ের করা এক রিট পিটিশনের প্রেক্ষিতে হাইকোর্ট অনুসন্ধানের নির্দেশ দেন। সেই নির্দেশের ভিত্তিতে দুদক এই তদন্ত শুরু করে। অন্য একটি সংশ্লিষ্ট মামলায় পূর্বে অভিযুক্ত থাকা রতন কুমার মল্লিক ও আফরোজা বুলবুলকে এই মামলায় সাক্ষী করা হয়েছে। অপরাধে সম্পৃক্ততা বা আর্থিক সুবিধার প্রমাণ না পাওয়ায় তাঁদের সাক্ষী হিসেবে রাখা হয়।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.