বুর্জ খলিফায় ‘করোনা বীর’দের স্যালুট
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। প্রায় সাড়ে ৯ লাখ লোক ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪৮ হাজারের বেশি মানুষের। আক্রান্ত লোকদের চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্স তথা স্বাস্থ্যকর্মী।

নিজের জীবনের ঝুঁকি নিয়ে আক্রান্তদের সুস্থ করার দায়িত্ব নিয়েছেন স্বাস্থ্যকর্মীরা। তাদের অক্লান্ত শ্রম এবং জীবন উৎসর্গ করার ঝুঁকি নেওয়ায় বিশ্বব্যাপী দুই লাখের বেশি মানুষ সুস্থ হয়েছেন। তবে এ কাজটি করতে গিয়ে চীন, ইতালি, স্পেন ও ইরানসহ অন্যান্য দেশে বেশ কিছু স্বাস্থ্যকর্মী নিজের জীবন দিতে হয়েছে।
এ কারণে জীবনকে হাতের মুঠোয় নিয়ে যেসব স্বাস্থ্যকর্মী করোনা রোগীদের চিকিৎসা দিচ্ছেন তাদের ‘বীর’ হিসেবে অভিহিত করে স্যালুট জানানো হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বুর্জ খলিফায় আলোকসজ্জার মাধ্যমে ওইসব স্বাস্থ্যকর্মীদের স্যালুট জানানো হয়েছে।

বুর্জ খলিফার অফিসিয়াল টুইটার পেজে পোস্ট করা হয়েছে বিশ্বের সবচেয়ে বড় এলইডি স্ক্রিনে সম্মান জানানোর সেই ভিডিও চিত্র। পোস্টে বলা হয়েছে, ‘আমাদের আশা ও সাহস দেওয়ায় সত্যিকারের হিরো তোমাদের অনেক ধন্যবাদ।’
স্বাস্থ্য সুরক্ষার সঙ্গে জড়িতদের পাশাপাশি পুলিশ বাহিনী, চেকিং ইউনিটস, সিভিল ডিফেন্স, স্যানিটেশন দল, ট্রান্সপোর্ট ইউনিটে জড়িত এবং মাঠ পর্যায়ে কাজ করা সংবাদকর্মী, শিক্ষক ও স্বেচ্ছাসেবকদেরও ধন্যবাদ জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক গণনাকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য বলছে, করোনাভাইরাসে সারা বিশ্বে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ লাখ ৫০ হাজার ৬৩৯ জন। মারা গেছে ৪৮ হাজার ২৮৯ জন। তবে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন দুই আড়াই হাজারের বেশি।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর