পদ্মায় বসলো ২৮তম স্প্যান, দৃশ্যমান ৪২০০ মিটার
- Details
- by নিজস্ব প্রতিবেদক
পদ্মা সেতুতে বসলো আরো একটি স্প্যান। আজ শনিবার সকাল ৯টার দিকে ২০ ও ২১ নম্বর পিয়ারে সেতুর মাঝামাঝি স্থানে ৪-বি আইডি নম্বরের ২৮তম স্প্যানটি বসানো হয়। এর ফলে স্বপ্নের এ সেতুর ৪২০০ মিটার দৃশ্যমান হলো।

এর আগে গতকাল শুক্রবার মুন্সীগঞ্জের লৌহজংয়ের কুমারভোগ কন্সট্রাকশন ইয়ার্ড থেকে ১৫০ মিটার দৈর্ঘ্যের স্প্যানটি ভাসমান ক্রেন তিয়ান-ই তে করে ওই পিয়ারের কাছে নেওয়া হয়।
যে পিয়ারে সর্বশেষ স্প্যানটি বসানো হলো তার একটি পিলার মুন্সীগঞ্জের লৌহজং এবং অপরটি মাদারীপুরের শিবচরের প্রশাসনিক এলাকায়। ২৭তম স্প্যান বসানোর ১৪ দিন পর ২৮তম স্প্যানটি বসানো হলো। চলতি মাসের শেষ সপ্তাহে ২৯তম স্প্যান বসানোর কথা রয়েছে।
পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কন্সট্রাকশন ইয়ার্ডে থাকা ৩৯টি স্প্যানের মধ্যে ২৮টি স্প্যান স্থাপন করা হলো। আরো ৪টি স্প্যান প্রস্তুত আছে এবং বাকিগুলো তৈরি হচ্ছে।

চীনে থাকা ২টি স্প্যানের কিছু অংশ জাহাজে করে বাংলাদেশের পথে রওনা হয়েছে বলেও জানান এই প্রকৌশলী।
দেশের বৃহৎ এই সেতুর নির্মাণ কাজ শুরু হয়েছে ২০১৪ সালের ডিসেম্বরে। চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানি (এমবিইসি) মূল সেতু নির্মাণের কাজ করছে। আর নদী শাসনের কাজ করছে চীনের আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর