মেসি-ভক্ত, কিন্তু বার্সায় যেতে চান না
- Details
- by খেলাধুলা ডেস্ক
বার্সেলোনা যুবদল লা মাসিয়া থেকে উঠে এসেছেন টেকফুসা কুবো। স্বাভাবিকভাবেই লিওনেল মেসির বড় একজন ভক্ত হয়ে উঠেছেন জাপানিজ এই মিডফিল্ডার। আর্জেন্টাইন সুপারস্টারকে আদর্শ হিসেবেও ভাবেন তিনি। যদিও মেসির সঙ্গে খেলার বা বার্সেলোনায় যাওয়ার ইচ্ছে নেই তার।

কেন বার্সায় যেতে চান না কুবো? এর একটা কারণ হতে পারে, তিনি এখন একজন রিয়াল মাদ্রিদ ফুটবলার। ১৮ বছর বয়সী এই তরুণ আপাতত ছয় মাসের জন্য ধারে খেলছেন স্প্যানিশ আরেক ক্লাব মায়োর্কাতে। গত বছরের জুনে প্রতিভাবান এই ফুটবলারকে দলে টানার পর ধারে খেলতে পাঠিয়ে দেয় রিয়াল মাদ্রিদ।
হীরে চিনতে জহুরি চোখ লাগে। সেটা বোধহয় ছিল না বার্সার। সম্ভবত এ কারণে লা মাসিয়ায় পাঁচ বছর কাটালেও কুবোকে ধরে রাখার কোনো আগ্রহ দেখায়নি কাতালান ক্লাবটি। সেখান থেকে তাকে দলে টানে টোকিও এফসি। জাপানিজ এই ক্লাবটির হয়েই পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু করেন কুবো। তিন বছর সেখানে কাটিয়ে তিনি হয়ে যান রিয়ালের।
স্বাভাবিকভাবেই মাদ্রিদ জায়ান্টদের প্রতি অগাধ শ্রদ্ধা ও ভালোবাসা তৈরি হয়েছে কুবোর মধ্যে। তাই মেসি-ভক্ত হওয়া সত্ত্বেও তিনি পুরোদস্তুর একজন মাদ্রিদিস্তা। তাই বলে বার্সার প্রতি অকৃতজ্ঞ নন তিনি। মেসিকেও নিজের আদর্শ হিসেবে নির্বাচন করেছেন কুবো। মেসিকে অনুসরণ করার নেপথ্য কারণ তার খেলার ধরনও মেসির মতোই।

আর্জেন্টাইন সুপারস্টারের মতো বাঁ-পায়ের ফুটবলার কুবো। যদিও মেসির সঙ্গে খেলার স্বপ্ন দেখেন না তিনি। রোববার স্প্যানিশ ক্রীড়া দৈনিককে কুবো বলেছেন, ‘আমি বার্সেলোনা এবং এফসি টোকিওর কাছে কৃতজ্ঞ। যখন আমার বয়স ১৮ হলো তখনই আমি সেরা দল হিসেবে রিয়াল মাদ্রিদকে বেছে নিয়েছি। কারণ তারা আমার প্রতি অনেক আগ্রহ দেখিয়েছে। আমি মেসিকে অনুসরণ করি। কিন্তু সত্যি বলতে আমি খুবই মাদ্রিদিস্তা।’
কুবো আরো বলেছেন, ‘ব্যক্তিগতভাবে মেসির সঙ্গে আমার পরিচয় হয়নি। কিন্তু অনেক তরুণ ফুটবলারের জন্যই তিনি আদর্শ। অনেক তরুণ ফুটবলারই আছেন যারা মেসি হওয়ার স্বপ্ন দেখেন। যখন আমি তরুণ ছিলাম, তখন তার অনেক ভিডিও দেখেছি। সে দুর্দান্ত একজন ফুটবলার। আমার কাছে সে অনুসরণ করার মতোই ফুটবলার। মেসির মতো অনেক বাঁ-পায়ের ফুটবলার আমার মতো অতটা লম্বা নয়। তবে আমাদের বৈশিষ্ট্যগত মিল রয়েছে।’
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর