সৌদিতে তারাবি-ঈদের নামাজও ঘরে, হবে না বয়ান
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
সৌদি আরবে মরণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ যদি অব্যাহত থাকে, তাহলে দেশটিতে আসন্ন রমজান মাসে তারাবি- এমনকি পবিত্র ঈদুল ফিতরের নামাজ নিজ নিজ ঘরে আদায় করা হবে। পাশাপাশি ঈদুল ফিতরের দিন কোনো বয়ানও হবে না। আরব নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আজ শুক্রবার দেশটির গ্র্যান্ড মুফতি আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন মোহাম্মদ আল শেখ এ ঘোষণা দিয়েছেন। নভেল করোনাভাইরাসের সংক্রমণ রোধে পূর্ব সতর্কতার অংশ হিসেবেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
এর আগে সৌদি আরবের ধর্মমন্ত্রী আবদুল লতিফ আল শেখ বলেন, কোভিড-১৯ যাতে বিস্তার লাভ লাভ না করতে পারে সেজন্য বর্তমানে মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের ওপর স্থগিতাদেশ আছে। রমজানে মসজিদে গিয়ে তারাবির নামাজ আদায়ের ক্ষেত্রেও সেটা গুরুত্বপূর্ণ।
তিনি আরো বলেন, মসজিদ বা বাসা যেখানেই তারাবি আদায় করা হোক, মহান আল্লাহ যেন তা কবুল করেন সে প্রার্থনাই আমরা করি।

সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত দেশটিতে নতুন করে ৫১৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন চার জন। এ ছাড়া দেশটিতে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৯৯০ জন।
মার্কিন জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য বলছে, সৌদি আরবে এ পর্যন্ত ভাইরাসটিতে ৭ হাজার ১৪২ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৮৭ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন ১ হাজার ৪৯ জন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর