ট্রাম্প: চীনে মৃত্যুর সংখ্যা যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
চীনের বিরুদ্ধে আরো একবার অভিযোগ তুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বললেন, তার দেশের চেয়েও চীনে মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেশি। কিন্তু দেশটি তা প্রকাশ করছে না। গতকাল শুক্রবার এক টুইটে এ অভিযোগ করেন ট্রাম্প।

গত বছরের শেষ প্রান্তে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম শনাক্ত হয় করোনাভাইরাস। তার পর থেকেই দেশটির বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট, দেশটির গোয়েন্দা সংস্থা ও গণমাধ্যম। এমনকি চীনের বিরুদ্ধে এ ঘটনায় মামলা হয়েছে এবং ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।
সর্বশেষ মার্কিন প্রেসিডেন্ট টুইটারে লেখেন, ‘চীন ঘোষণা দিয়েছে যে, অদৃশ্য শত্রুর (কোভিড-১৯) হাতে সেখানে মৃত্যুর সংখ্যা দ্বিগুণ। কিন্তু সেখানে প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি। এমনকি যুক্তরাষ্ট্রের চেয়েও অনেক বেশি। কিন্তু দেশটি তা প্রকাশ করছে না।’
তবে চীনের পক্ষ মৃত্যুর সংখ্যা দ্বিগুণ বলা হয়নি। বরং দেশটি গতকাল বলেছে, উহানে মৃত্যুর সংখ্যা ৫০ শতাংশ বেশি। অর্থাৎ নতুন হিসাব অনুযায়ী সেখানে মৃত্যুর সংখ্যা আরো ১২৯০ জন বেশি হবে।
চীন সরকার এই তথ্য প্রকাশের পরই পরই ডোনাল্ড ট্রাম্প টুইটারে এমন অভিযোগ করেন। এর আগেও তিনি চীনের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ করেছেন।

মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট দাবি করেছে, বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে দেখা যায়, চীনে কোভিড-১৯ আক্রান্ত হয়ে ৪২ হাজার লোকের মৃত্যু হয়েছে। যদিও চীন সরকারের সর্বশেষ হিসাব অনুযায়ী, করোনাভাইরাসের উৎপত্তিস্থল উহান শহরে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৮৬৯ জন। আর পুরো চীনে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৪ হাজার ৬৩২ জন।
তবে শুধু মার্কিন সরকার বা পশ্চিমা দেশগুলোই চীনে মৃত্যুর বিষয় নিয়ে অভিযোগ তোলেনি। বরং উহানের স্থানীয় লোকদের অভিযোগও রয়েছে এ ব্যাপারে। কিন্তু দেশটির কমিউনিস্ট সরকারের ভয়ে কেউ কিছু বলতে পারছে না।
মার্কিন গোয়েন্দাদের দাবি, উহানে একটি ল্যাবরেটরিতে জৈব অস্ত্রের গবেষণা করছিল চীন। সেখান থেকেই দুর্ঘটনাবশত ভাইরাসটি ছড়িয়ে পড়ে। ভবিষ্যতে যুদ্ধ বিজয়ের লক্ষ্যেই এ ধরনের কার্যক্রম চালাচ্ছিল চীন।
তবে সব ধরনের অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছে বেইজিং। সর্বশেষ রাশিয়ায় নিযুক্ত চীনা দূত গতকাল দাবি করেছেন, তাদের গবেষকরা করোনাভাইরাসে জিনোম সিকোয়েন্স বিশ্লেষণ করে দেখেছেন, ভাইরাসটির উৎপত্তি চীনে নয়, বরং কারো মাধ্যমে অন্য কোনো দেশ থেকে সেখানে গেছে বা ঢোকানো হয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর