শরীয়তপুরের ২৯ গ্রামে রোজা শুরু
- Details
- by নিজস্ব প্রতিবেদক
সৌদি আরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশের শরীয়তপুর জেলার ২৯টি গ্রামের অন্তত ৩০ হাজার মানুষ আজ শুক্রবার থেকে রোজা শুরু করেছেন। তারা সবাই সুরেশ্বর দরবার শরীফের পীর সৈয়দ তৌহিদুল হোসাইন শাহীন নূরীর অনুসারী বলে জানা গেছে।

ওই পীরের একাধিক অনুসারী জানান, তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে বিগত প্রায় এক শ বছর ধরে রোজা রাখছেন। তারই ধারাবাহিকতায় এবারও সেখানকার অন্তত ৩০ হাজার মানুষ আজ শুক্রবার থেকে রোজা শুরু করেছেন। শরীয়তপুরের প্রায় ২৯টি গ্রামের ৩০ হাজার নারী-পুরুষ, যারা সুরেশ্বরের মুরিদ, রোজা রাখছেন।
সুরেশ্বর দরবার শরীফের পীর সৈয়দ তৌহিদুল হোসাইন শাহীন নূরী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতকাল বৃহস্পতিবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় সেখানে রোজা শুরু হয়েছে। তারাও বরাবরের মতো সৌদি আরবের সঙ্গে মিল রেখে শুক্রবার রোজা রেখেছেন।
এ বছর অন্তত ৩০ হাজার মুরিদ সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা রাখছেন বলেও জানান পীর সৈয়দ তৌহিদুল হোসাইন।

গতকাল বৃহস্পতিবার শাবান মাস ৩০ দিন পূর্ণ করে সৌদি আরবের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিসহ ওইসব অঞ্চলে আজ থেকে রোজা শুরু হয়েছে। এ বছর করোনাভাইরাসের সংক্রমণের কারণে পবিত্র কাবা ও মসজিদে নববিসহ দেশটিতে মসজিদে তারাবির নামাজে কড়াকড়ি আরোপ করা হয়েছে। খুবই সীমিত পরিসরে এ তারাবি অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, সৌদি আরবের সঙ্গে মিল রেখে শরীয়তপুর ছাড়াও বাংলাদেশের চাঁদপুর, বরিশাল ও ভোলাসহ কয়েকটি অঞ্চলের কিছু মানুষ রোজা ও ঈদ উদযাপন করেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর