করোনা জয়ের পথে ইরান
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
মরণঘাতী করোনাভাইরাসের তাণ্ডব থেকে আস্তে আস্তে বেরিয়ে আসছে ইরান। প্রতিদিনই প্রায় দেশটিতে কমছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। আগামী মে মাসের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে বলে আশা প্রকাশ করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী। পাশাপাশি যুক্তরাষ্ট্রকেও সহায়তার প্রস্তাব দিয়েছেন তিনি।

ইরানের স্বাস্থ্য বিভাগের গত দুই দিনের তথ্য বিশ্লেষণে দেখা যায়, গতকাল বৃহস্পতিবার পর্যন্ত দেশটিতে প্রায় ৬৫ হাজার রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন। নতুন করে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩০ জন। যা গত এক মাসের মধ্যে সর্বনিম্ন বলে দাবি করা হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত বিগত ২৪ ৯০ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে দেশটিতে ৫ হাজার ৪৮১ জনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে, মার্কিন গণনাকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরো ১ হাজার ১৬৮ জন নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। এ সময়ে মারা গেছেন ৯৩ জন। এতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৭৪ জন। সর্বশেষ তথ্যানুযায়ী দেশটিতে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬৬ হাজার ৫৯৯ জন।
ইরানি গণমাধ্যম বলছে, গত ২৩ মার্চ দেশটিতে একদিনে ১ হাজার ১১ জন রোগী শনাক্ত হন। এরপর বাড়তে বাড়তে ৩০ মার্চ তা ৩ হাজার ৮৬ জনে পৌঁছায়। তবে দেশটির চিকিৎসকদের আন্তরিক প্রচেষ্টা, সরকারের নানামুখী পদক্ষেপ এবং জনসচেতনতার ফলে গত তিন সপ্তাহ ধরে আক্রান্তের সংখ্যা প্রতিদিনই কমছে।

এ অবস্থায় ইরানের স্বাস্থ্যমন্ত্রী সাঈদ নামাকি দেশটির সংসদে এক উন্মুক্ত আলোচনায় আশা প্রকাশ করে বলেছেন, মে মাসের শেষ দিকে কোভিড-১৯ সংক্রমণ নিয়ন্ত্রণে আসবে।
এদিকে, সাঈদ নামাকি বৃহস্পতিবার নিজের অফিসিয়াল টুইটার পেজে এক বার্তায় বলেছেন, যুক্তরাষ্ট্রে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া করোনাভাইরাস মোকাবেলায় দেশটির সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে। এ অবস্থা থেকে পরিত্রাণে মার্কিন জনগণকে সাহায্য করতে তেহরান পূর্ণ প্রস্তুত রয়েছে। এর আগে মার্কিন স্বাস্থ্যমন্ত্রী কোভিড-১৯ মোকাবেলায় ইরানকে সাহায্য করার প্রস্তাব দেন। তার জবাবেই এ কথা বলেন ইরানি মন্ত্রী।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর