যে কারণে শেষ মুহূর্তে বাতিল জি-২০ সম্মেলন
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
বর্তমান বিশ্বে ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সৃষ্ট পরিস্থিতিতে অর্থনৈতিক ক্ষতি পোষানোর লক্ষ্যে করণীয় ঠিক করতে ভিডিও কনফারেন্স করার কথা ছিল শিল্পোন্নত দেশগুলোর জোট জি-২০ ভুক্ত দেশগুলোর নেতাদের। কিন্তু শেষ মুহূর্তে এসে তা বাতিল হয়েছে।

করোনা মোকাবেলায় করণীয় নিয়ে গত ২৬ মার্চ জি-২০ নেতারা প্রথম ভিডিও কনফারেন্স করেন। সেখানে অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে নিতে ৫ হাজার কোটি ডলারের একটি তহবিল প্যাকেজের বিষয়ে একমত হন তারা। এ বিষয়ে গতকাল শুক্রবার দ্বিতীয় বৈঠকটি হওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত সেটি বাতিল হয়েছে।
হংকংভিত্তিক গণমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট বলছে, কোভিড-১৯ মোকাবেলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ভূমিকা নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে যে টানাপোড়েন চলছে, তার কারণেই বৈঠকটি বাতিল হয়েছে। বৈঠকে অংশ নেওয়ার কথা ছিল চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।
তবে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার টানাপোড়েনের অবসান হলে শিগগির বৈঠকটির আয়োজন করা হতে পারে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট অভিযোগ করেন, কোভিড-১৯ থেকে সৃষ্ট মহামারি মোকাবেলায় ডব্লিউএইচ তাদের মৌলিক ভূমিকা পালন করতে পারছে না। যুক্তরাষ্ট্র সংস্থাটিতে বেশি অর্থ দিলেও তাদের চীনমুখিতা পরিলক্ষিত হচ্ছে। তারা চীনের দেওয়া তথ্য নিয়ে বিশ্বকে বিভ্রান্ত করছে। এর দুই দিন পর সংস্থাটিতে দেওয়া অনুদান বন্ধের ঘোষণা দেন ট্রাম্প।

তবে ট্রাম্পের ওই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরস আধানম গেব্রিয়াসিস। অর্থায়ন বন্ধের ঘোষণায় দুঃখ প্রকাশ করে তা পুনর্বিবেচনার আহ্বানও জানান তিনি।
সাউথ চায়না মর্নিং পোস্ট বলছে, করোনাভাইরাসের মহামারি মোকাবেলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভূমিক তদন্ত করে দেখতে চায় ওয়াশিংটন। কিন্তু এ ধরনের প্রস্তাবে সাড়া দেয়নি বেইজিং। স্বাভাবিক কারণেই শেষ পর্যন্ত উল্লিখিত বৈঠকটি বাতিল হয়ে যায়।
বৈঠকটি আয়োজনের সঙ্গে জড়িত- নাম প্রকাশে অনিচ্ছুক এমন একটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ডব্লিউএইচও ইস্যুতে যদি যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার টানাপোড়েনের অবসান ঘটে, তাহলে খুব শিগগিরই আবার বৈঠকটি হতে পারে।
গণমাধ্যমটির দাবি, এ ব্যাপারে জানতে আয়োজক কমিটির কাছে ই-মেইল করা হলেও কোনো প্রত্যুত্তর পাওয়া যায়নি।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর