ভারতে একদিনে করোনায় রেকর্ড মৃত্যু
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
ভারতে চলছে দ্বিতীয় দফায় ঘোষিত লডকাউন। যা শেষ হবে আগামী ৩ মে। এর মধ্যেই সংক্রমণের দিক বিবেচনা করে পুরো ভারতকে তিনটি অঞ্চলে ভাগ করে অর্থনৈতিক কর্মকাণ্ড শুরুর পরিকল্পনা করা হচ্ছে। কিন্তু এর মধ্যেই দেশটিতে করোনায় মৃতের সংখ্যা হাজার ছাড়িয়ে গেছে।

ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরো ৭৩ জনের মৃত্যু হয়েছে। যা এখন পর্যন্ত একদিনে মৃত্যুর রেকর্ড। সবমিলিয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৭ জনের।
সেইসঙ্গে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৯৭ মানুষ। এ নিয়ে ভারতে করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৩১ হাজার ৩৩২ জন।
দেশটির স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, সংক্রমণ ও মৃত্যুর দিক থেকে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। রাজ্যটিতে এ পর্যন্ত ৯ হাজার ৩১৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর মৃত্যু হয়েছে ৪০০ জনের।
এর পর রয়েছে গুজরাট রাজ্য। সেখানে ৩ হাজার ৭৪৪ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছে ১৮১ জন।

অন্যদিকে, সংক্রমণের দিক থেকে তৃতীয় স্থানে রয়েছে দিল্লি। সেখানে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩১৪ জন। তবে উল্লিখিত দুটি রাজ্যের তুলনায় এখানে মৃত্যুর সংখ্যা অনেকটা কম। এ রাজ্যে মারা গেছে ৫৪ জন।
এ ছাড়া মধ্যপ্রদেশে ২ হাজার ৩৮৭, রাজস্থানে ২ হাজার ৩৬৪, তামিলনাড়ুতে ২ হাজার ৫৮, তেলঙ্গানায় ১ হাজার ৪ জন সংক্রমিত হয়েছেন। তবে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৭ হাজার ৬৯৬ জন।
এদিকে, বাংলাদেশের পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গে করোনা রোগী পাওয়া গেছে ৫২২ জন। মৃত্যু হয়েছে ২২ জনের।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর