প্রধানমন্ত্রী: বৈশ্বিক ক্রয়াদেশ পূরণে সক্ষম হবে বাংলাদেশ
- Details
- by নিজস্ব প্রতিবেদক
করোনাভাইরাসের প্রাদুর্ভাব সত্ত্বেও তৈরি পোশাক খাতে বৈশ্বিক ক্রেতাদের ক্রয়াদেশ পূরণে বাংলাদেশ সক্ষম হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার সুইডেনের প্রধানমন্ত্রী স্টিফেন লোফভেনের সঙ্গে ফোনালাপে প্রধানমন্ত্রী এ কথা জানান।

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে এ কথা জানান।
তিনি বলেন, আজ বেলা ২টার দিকে সুইডেনের প্রধানমন্ত্রী ফোন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। দুই নেতা প্রায় ১৫ কথা বলেন। এ সময় নেতা ব্যবসা-বাণিজ্য এবং বিশেষ করে তৈরি পোশাক খাতের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন তারা।
এ সময় প্রধানমন্ত্রী সুইডিশ প্রধানমন্ত্রীকে বলেন, করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে পরিস্থিতি কিছু খারাপ। কিন্তু তার পরও আমরা আশা করছি, সুইডেনসহ আন্তর্জাতিক ক্রেতাদের তৈরি পোশাক সংক্রান্ত সকল ক্রয়াদেশ পূরণ করতে সক্ষম হবো।
এ সময় সুইডিশ প্রধানমন্ত্রী নিশ্চয়তা দেন যে, তার দেশ বাংলাদেশ থেকে পোশাক খাতের অর্ডার বাতিল করবে না। বরং বাংলাদেশ থেকে পোশাক কেনা অব্যাহত রাখবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুইডেনের প্রধানমন্ত্রীকে জানিয়েছেন, সকল স্বাস্থ্যবিধি অনুসরণ করেই বাংলাদেশে পোশাক কারখানা খুলে দেওয়া হয়েছে।
ইহসানুল করিম জানান, ফোনালাপে উভয় দেশের করোনা পরিস্থিতি নিয়েও কথা বলেন দুই নেতা। বর্তমান বিশ্বের ভয়ংকর এই মহামারি নিয়ন্ত্রণে উভয় দেশের গৃহীত পদক্ষেপের প্রশংসাও করেন দুই নেতা।
তিনি আরো জানান, আলোচনায় করোনাভাইরাস মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে একত্রে কাজ করার আহ্বানও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর