ভারতে করোনার চিকিৎসায় ফ্যাভিপিরাভিরের পরীক্ষা
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করেছে করোনাভাইরাস। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। মানবসভ্যতাকে রক্ষার নিমিত্তে বিশ্বের দেশে চলছে করোনার ওষুধ বা টিকা আবিষ্কারের প্রচেষ্টা। কিন্তু দুঃসংবাদ হলো- এখন পর্যন্ত নিশ্চিত কোনো সমাধান মেলেনি। কোভিড-১৯ রোগীদের বাঁচাতে তাই বিভিন্ন দেশ আগের কিছু ওষুধ যেমন- ফ্যাভিপিরাভির, রেমডিসিভির ও হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহার করছে। এর ফলাফল নিয়ে সাফল্য ও ব্যর্থতা উভয় খবরই আছে।

এই অবস্থায় ফ্যাভিপিরাভির নামের একটি ওষুধ করোনা রোগীদের চিকিৎসায় ব্যবহার করতে যাচ্ছে ভারত। সংশ্লিষ্টদের প্রত্যাশা, তারা এ থেকে ভালো ফলাফল পাবেন।
দেশটির মুম্বাইয়ের গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, ওষুধটির ব্যবহারে সাফল্য পেয়েছে চীন। তাই ভারতে এর পরীক্ষামূলক ব্যবহার শুরু করা হচ্ছে। এতে সাফল্য পাওয়া যাবে বলে আশাবাদী প্রতিষ্ঠানটি।
গ্লেনমার্ক আরো জানিয়েছে, ভারতের ১৫০ জন করোনা রোগীর ওপর ফ্যাভিপিরাভির প্রয়োগ করে সর্বোচ্চ ২৮ দিন ধরে পরীক্ষা চালানো হবে।
ফ্যাভিপিরাভির ওষুধটির জেনেরিক নাম। জাপানি কোম্পানি ফুজিফিল্মের অঙ্গ প্রতিষ্ঠান তোয়ামা কেমিক্যাল ইনফ্লুয়েঞ্জার চিকিৎসার জন্য ২০১৪ সালে এটি উদ্ভাবন করে। তবে বাংলাদেশ ও জাপানে ওষুধটির ব্র্যান্ড নাম অ্যাভিগান।

এদিকে, বাংলাদেশের ওষুধ উৎপাদনকারী কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও বিকন ফার্মাসহ আরো দুই একটি কোম্পানি ফ্যাভিপিরাভির ও রেমডিসিভির ওষুধ ইতোমধ্যে উৎপাদন করে রেখেছে। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, আগে থেকেই তারা এগুলো উৎপাদন করে রেখেছে, যাতে এর কোনো সফলতা পেলে এবং সরকার অনুমোদন দিলে সঙ্গে সঙ্গে সরবরাহ করা যায়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, এখন পর্যন্ত তাদের অধীনে ৮০টির মতো প্রতিষ্ঠান কোভিড-১৯ এর ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা করছে। ইতোমধ্যে চীন, আমেরিকা ও যুক্তরাজ্য ভ্যাকসিন তৈরি করেছে। তারা হিউম্যান ট্রায়ালও শুরু করে দিয়েছে। তবে কতদিন নাগাদ এ টিকা পাওয়া যাবে তা নিশ্চিত করতে পারেনি জাতিসংঘের এ অঙ্গ প্রতিষ্ঠানটি।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর