ট্রাম্প: করোনা সবচেয়ে ভয়াবহ ‘হামলা’
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
মহামারি করোনাভাইরাসের সংক্রমণকে এ যাবতকালের মধ্যে সবচেয়ে ভয়াবহ ‘হামলা’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ক্ষেত্রে চীনের দিকে ইঙ্গিতও করেছেন তিনি। গতকাল বুধবার হোয়াইট হাউসের ওভাল অফিসে এমন মন্তব্য করেন তিনি।

ট্রাম্প বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পার্ল হারবার কিংবা দুই দশক আগে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলার চেয়েও ভয়াবহ এই ‘হামলা’।
তিনি বলেন, ‘আমরা সবচেয়ে ভয়ংকর হামলার মধ্য দিয়ে যাচ্ছি, এ ধরনের খারাপ হামলা এর আগে আমাদের দেশে ঘটেনি।’
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘পার্ল হারবার কিংবা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলার চেয়েও এটি ভয়ংকর। এ ধরনের হামলার ঘটনা এর আগে ঘটেনি।’
ট্রাম্প বলেন, ‘এটি (কোভিড-১৯) উৎসস্থলেই থামিয়ে দেওয়া উচিত ছিল। উৎপত্তিস্থলেই এটা থামিয়ে দেওয়া যেত। চীন এটিকে থামিয়ে দিতে পারতো। কিন্তু সেটা করা হয়নি।’
বিবিসি বলছে, কোভিড-১৯ প্রাদুর্ভাবকে আপনি প্রকৃত যুদ্ধ হিসেবে দেখছেন কি না- এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, এই সংক্রমণ আমেরিকার শত্রু, যেটা চীনের চেয়েও বড় (শত্রু)।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘অদৃশ্য এই শত্রুকে (করোনা) আমি যুদ্ধ হিসেবেই দেখছি।’ ‘এটা কীভাবে এখানে (যুক্তরাষ্ট্র) এলো সেটা আমি বলছি না, যা বলতে চাই সেটা হলো- এটাকে থেমে দেওয়া যেত, কিন্তু সেটা করা হয়নি। এই অদৃশ্য শুত্রুকে আমি যুদ্ধ হিসেবেই বিবেচনা করছি।’

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের উহানে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার পর থেকেই দেশটির বিরুদ্ধে নানা অভিযোগ করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ও তার প্রশাসন। বিষয়টি নিয়ে তদন্ত করার ঘোষণাও দিয়েছে মার্কিন প্রশাসন। তবে বেইজিং বরাবরই ওয়াশিংটনের এসব অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে।
চীন বলছে, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে না পেরে নিজেদের ব্যর্থতার ভার এখন তাদের (চীন) ওপর চাপানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র।
ডোনাল্ড ট্রাম্প এমন সময় এসব কথা বললেন যখন দেশটি করোনায় আক্রান্ত ও মৃত্যু উভয় দিক থেকেই শীর্ষে রয়েছে। ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ভাইরাসটিতে ১২ লাখ ৬৩ হাজারের বেশি লোক আক্রান্ত হয়েছে। আর মারা গেছে প্রায় পৌনে এক লাখ মানুষ।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর