‘আম্পানে’র শিকার হতে পারে যেসব জেলা
- Details
- by নিজস্ব প্রতিবেদক
বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘আম্পান’ এগিয়ে আসছে উপকূলের দিকে। যত এগিয়ে আসছে ততই ভয়ংকর রূপ ধারণ করছে ঘূর্ণিঝড়টি। আবহাওয়া অধিদপ্তর থেকেও সময়ে সময়ে বাড়ানো হচ্ছে বিপদ সঙ্কেত। সর্বশেষ ঘোষণায় মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৭ নম্বর সতর্ক সঙ্কেত দেখাতে বলা হয়েছে।

আম্পানের যে গতিবিধি তা ব্যাখ্যা করে আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, এর প্রভাবে মঙ্গলবার শেষ রাত থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত দেশের অন্তত ২০টি জেলার ওপর দিয়ে প্রচণ্ড বেগে ঝড় বয়ে যেতে পারে। জেলাগুলো হল- নোয়াখালী, বরিশাল, পটুয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, পিরোজপুর, বরগুনা, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, রাজশাহী, রংপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল ও ময়মনসিংহ।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেন, এই ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট ক্ষয়ক্ষতি রোধ করতে ইতোমধ্যেই প্রস্তুতি গ্রহণ করেছে সরকার। উপকূলের ২১ লাখ মানুষকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে উপকূলে অবস্থিত সাইক্লোন শেল্টারগুলোও।

ডা. এনামুর রহমান আরো বলেন, ওদিকে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টিও উপেক্ষা করা যাবে না। তাই আশ্রয় কেন্দ্রগুলোতে যতটুকু সম্ভব, সামাজিক দূরত্ব বজায় রাখতে ডিসিদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া কেন্দ্রগুলোকে পর্যাপ্ত পরিমানে হ্যান্ড স্যানিটাইজার রাখার আদেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট দায়িত্বশীলদেরকে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর