দুই ঘণ্টায় করোনা টেস্ট, ১৫ এপ্রিল আসছে কিট
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
গোটা বিশ্ব আজ প্রাণঘাতী করোনাভাইরাসের আতঙ্কে সন্ত্রস্ত। কবে আসবে প্রতিষেধক কিংবা টিকা তা নিয়ে অধীর অপেক্ষায় আছে মানুষ। কিন্তু দুঃখের বিষয় হলো- আজ পর্যন্ত এর কার্যকর কোনো ওষুধ বা টিকা আবিষ্কার সম্ভব হয়নি।

তবে এর মধ্যেও একটি সুসংবাদ নিয়ে এলো জাপানের ফুজিফিল্ম। কোম্পানিটি বলছে, তারা নতুন একটি কিট ডেভেলপ করতে সক্ষম হয়েছেন, যা দিয়ে মাত্র দুই ঘণ্টায় জানা যাবে কোনো ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত কি না।
আজ শুক্রবার জাপানি গণমাধ্যম জানিয়েছে, নতুন এই কিট এতটাই দ্রুত কাজ করে যে, মাত্র দুই ঘণ্টায় কোভিড-১৯ এর পরীক্ষার ফল জানা যাবে।
জানা যায়, ফুজিফিল্মের সহযোগী প্রতিষ্ঠান ওয়াকো পিওর কেমিক্যাল করপোরেশন ওই কিট ডেভেলপ করেছে। আগামী ১৫ এপ্রিল এই কিট বাজারে ছাড়া হবে বলে শুক্রবার কোম্পানিটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, SARS-CoV-2 RT-qPCR কিটটি বাজারের প্রচলিত কিটের চেয়ে অনেক দ্রুত পরীক্ষার রেজাল্ট দেয়। প্রচলিত পলিমেরেজ চেইন রিয়াকশন (পিসিআর) কিট যেখানে চার থেকে ছয় ঘণ্টা সময় নেয়, সেখানে নতুন কিট দুই ঘণ্টায় ফলাফল জানাবে।

এদিকে, ফুজিফিল্ম উদ্ভাবিত ভাইরাসবিরোধী ওষুধ অ্যাভিগান করোনাভাইরাসের বিরুদ্ধে কাজ করে কিনা তার পরীক্ষা চলছে চীনে।
শুক্রবার জাপানের মন্ত্রিপরিষদ সচিব ইউশিহিড সুগা বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলনে জানান, ইতোমধ্যে ৩০টি দেশের পক্ষ থেকে অ্যাভিগান ওষুধের ব্যাপারে অনুরোধ করা হয়েছে। তাদের সরকারও বিষয়টি অনুমোদনবিহীন ব্যবহারের অনুমতি দেওয়ার কথা চিন্তা-ভাবনা করছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর