আপনি পড়ছেন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে সরকার কঠোর অবস্থান গ্রহণ করেছে। নির্বাচনে কেউ কেন্দ্র দখল বা আচরণবিধি লঙ্ঘন করলে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) ময়মনসিংহ ও বরিশালে প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে পৃথক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটকেন্দ্র দখল করতে আসা ব্যক্তির পরিচয় যা-ই হোক, তাকে আইনের আওতায় আনা হবে। তিনি বলেন, ‘সে ভাই হোক আর বোন হোক, কেউ ছাড় পাবে না। সিসিটিভি ফুটেজ দেখে আইনি ব্যবস্থা নেওয়া হবে। জামিনে বেরিয়ে এলেও প্রমাণ থেকে যাবে, ফলে তারা ধরা খাবে।’ এ সময় তিনি জানান, ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরার পাশাপাশি ড্রোন ও ডগ স্কোয়াড মোতায়েন থাকবে। পুলিশের জন্য ২৫ হাজার ৭০০ বডি ওর্ন ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে।

নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি) তৈরি করেছে ‘নির্বাচন সুরক্ষা অ্যাপ-২০২৬’। এই অ্যাপের মাধ্যমে তাৎক্ষণিক অভিযোগ গ্রহণ ও প্রতিকার পাওয়া যাবে। অ্যাপটির সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কেন্দ্রীয় কন্ট্রোল রুম যুক্ত থাকবে। উপদেষ্টা উল্লেখ করেন, গত দুর্গাপূজায় এই অ্যাপের সফল ব্যবহার হয়েছে। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা ও বাহিনীর সদস্যদের এই অ্যাপ ব্যবহারে দ্রুত প্রশিক্ষণ শেষ করার নির্দেশ দেন।

মাঠপর্যায়ে নিরাপত্তা নিশ্চিতে বিশাল বাহিনী মোতায়েনের পরিসংখ্যান তুলে ধরেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, সারা দেশে এক লাখ সেনা সদস্য, দেড় লাখ পুলিশ, ১০ হাজার র‍্যাব, ৩৭ হাজার বিজিবি, ৫ হাজার কোস্টগার্ড ও ৬ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। উপকূলীয় এলাকায় নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যসংখ্যা বাড়ানো হয়েছে এবং এবার নির্বাচনে বিএনসিসি সদস্যদেরও সম্পৃক্ত করা হচ্ছে। তিনি বলেন, নির্বাচনপূর্ব ৪ দিন এবং নির্বাচনের দিন দুর্গম চরাঞ্চলসহ সর্বত্র নিবিড় টহল জোরদার করতে হবে।

নির্বাচনি কর্মকর্তাদের নিয়োগ ও দায়িত্ব পালনের বিষয়েও কঠোর নির্দেশনা দেওয়া হয়। উপদেষ্টা বলেন, ফ্যাসিস্টদের দোসর, দলকানা বা অতীতে অনিয়মে জড়িত বিতর্কিত কর্মকর্তাদের নির্বাচনি দায়িত্বে রাখা যাবে না। প্রিজাইডিং ও পোলিং অফিসার নিয়োগে সততা ও দক্ষতা নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, ভোটের ফলাফল সঙ্গে সঙ্গে প্রার্থীর ফোনে ও অ্যাপের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। প্রতিটি কেন্দ্রে এজেন্টরা ফলাফল পেয়ে যাবেন, ফলে কারচুপির কোনো সুযোগ নেই।

অবৈধ অস্ত্র ও সাম্প্রতিক ঘটনা প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, থানা থেকে লুট হওয়া কিছু অস্ত্র এখনো উদ্ধার না হলেও তা নির্বাচনে বড় কোনো প্রভাব ফেলবে না। তবে শেরপুরের ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দেন তিনি। বরিশালের সভায় তিনি উল্লেখ করেন, এবারের নির্বাচন এমন একটি মানদণ্ড স্থাপন করবে, যা আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে। আইনশৃঙ্খলা রক্ষায় কোনো বাহিনীর মধ্যে সমন্বয়হীনতা বা অবহেলা বরদাশত করা হবে না।

সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিসহ পুলিশ, বিজিবি, আনসার ও কোস্টগার্ডের মহাপরিচালক এবং স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা ভোটকেন্দ্রের পরিবেশ উৎসবমুখর ও যাতায়াত ব্যবস্থা নির্বিঘ্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.